মুশফিক, আগে নামতে কিসের ভয়?

স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও একটি ব্যাপারে এগিয়ে তিনি, মুশফিকুর রহিম কি জানেন সেটা?
এমন গুরুতর কোনো বিষয় না, অভিষেক ইনিংসে সাতে নামতে হয়েছিল সর্বকালের সেরা ব্যাটসম্যানকে। আর মাত্র ১৭ বছর বয়সে লর্ডসে অভিষেক হওয়া মুশফিককে নামতে হয়েছিল ছয়ে। অভিষেক ইনিংসে মাত্র ১৯ রান করেছিলেন (ব্র্যাডম্যানের চেয়ে ১ রান বেশি), কিন্তু এতেই ইংলিশ দর্শকেরা মুগ্ধ হয়েছিলেন। অদূর ভবিষ্যতের কথাটাও সেদিন জানিয়ে দিয়েছিলেন, দেশের সেরা ব্যাটসম্যান একদিন মুশফিকই হবেন।
পরিসংখ্যান বলবে সাকিব-তামিমের কথা। সেঞ্চুরি কিংবা ফিফটির সংখ্যাও সে ইঙ্গিতই দেবে, কিন্তু বাস্তবতা হলো টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের নাম মুশফিকুর রহিম। অধিনায়ক যখন উইকেটে থাকেন, তখনই কেবল স্বস্তিতে থাকেন সমর্থক দল। টেস্টের মেজাজ বুঝে দলকে টানার দক্ষতা কিংবা মানসিক ক্ষমতা যে মুশফিকেরই আছে, সেটা মানেন বাংলাদেশের ক্রিকেটানুরাগীরা। কিন্তু মুশফিক কি সেটা জানেন? কিংবা জানলেও কি সেটা মানেন?
আরেকটি টেস্ট সিরিজ শেষ হলো বাংলাদেশের। আরেকটি সিরিজ শেষে প্রাপ্তির সঙ্গে কাঁটা হয়ে বিঁধে রইল অপ্রাপ্তি। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার সুযোগ হারানো, কিংবা টেস্টে নিজেদের আরেকবার প্রমাণ করার ব্যর্থতার সঙ্গে সেখানে আরেকটি অপ্রাপ্তিও থাকছে—মুশফিককে আগে ব্যাট করতে না দেখা। মুশফিক যে গোঁ ধরেছেন, ছয়ের আগে নামবেনই না তিনি! তাঁর অবশ্য যুক্তি আছে, দলের নেতৃত্বভার কাঁধে। সঙ্গে আছে উইকেটকিপিংয়ের মতো কঠিন কাজ। এত সব কাজের পর আগে ব্যাট করতে নামা কঠিন। কাল বলেই ফেলেছেন, ‘১২০ ওভার কিপিং করার পর যদি আবার ৪ নম্বরে ব্যাটিং করতে হয় তাহলে আমি বলব, এটা আমার একার দায়িত্ব নয়।’
টেস্টে বিভিন্ন ব্যাটিং পজিশনে মুশফিক | |||||
ব্যাটিং পজিশন | ইনিংস | রান | র্সবোচ্চ | গড় | ১০০/৫০ |
চারে | ৩ | ১২১ | ৮৫ | ৪০.৩৩ | ০/১ |
পাঁচে | ১২ | ৩৫৮ | ৬৯ | ৩২.৫৪ | ০/৩ |
ছয়ে | ৪৯ | ১৭৬০ | ২০০ | ৩৮.২৬ | ৪/৭ |
সাতে | ২৭ | ৮৪৭ | ১০১ | ৩২.৫৭ | ১/৪ |
আটে | ১৩ | ৩৩৭ | ৭৯ | ৩৩.৭০ | ০/৩ |
কথাটা ভুল নয়, দলের দায়িত্ব মুশফিকের একার নয়। কিন্তু দলের সেরা ব্যাটসম্যানের যে পরে নামা ভয়ংকরতম ভুল। ব্র্যাডম্যানের কথা দিয়ে লেখা শুরু হয়েছিল, তাই তাঁর উদাহরণই দেওয়া যাক। ক্যারিয়ারে আর মাত্র দুবারই সাতে নেমেছিলেন ব্র্যাডম্যান। দুবারই ভিন্ন কারণে। এর মাঝে শেষ ঘটনাটি ক্রিকেট ইতিহাসেরই অংশ। ১৯৩৭ সালে মেলবোর্নে বৃষ্টিতে ভেজা পিচের সর্বোচ্চ সুযোগ নিতে মাত্র ৭৬ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড, যেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসকে এ সুযোগে গুঁড়িয়ে দেওয়া যায়। ব্র্যাডম্যানের মতো বুদ্ধিমান অধিনায়ক সে সুযোগ দেবেন কেন? ইনিংসের শুরুতে বোলারদের পাঠিয়ে দিলেন ব্যাট করতে। নিজেরা নামলেন পরে। ফলে শুরুতে টপাটপ উইকেট তুলে নিয়েও লাভ হয়নি ইংল্যান্ডের। সাতে নামা ব্র্যাডম্যানের ২৭০ রানের ঝড় অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিল।
কিন্তু এ বিচ্ছিন্ন ঘটনাটি বাদ দিলে, ব্র্যাডম্যান অধিকাংশ সময়ই তিনে নেমেছেন। আর যদি ব্র্যাডম্যানকে টেনে আনা বাড়াবাড়ি মনে হয় তবে এ যুগের সেরাদের দিকেও নজর দেওয়া যাক। শচীন টেন্ডুলকার কিংবা ব্রায়ান লারাও সব সময় চেষ্টা করেছেন চারে নামতে। একে এই পজিশন তাদের পছন্দের, তার ওপর দলের সেরা ব্যাটসম্যানকে যে আগেই নামতে হয়। রিকি পন্টিং, ইউনিস খানদের কথাও মনে করে দেখুন। বর্তমানে কোহলি, রুট, উইলিয়ামসন অথবা স্মিথও চারের নিচে নামেন না এখন। এঁদের অনেকেই ব্যাটিং লাইনআপে অনেক নিচে শুরু করে ধীরে ধীরে ওপরে উঠে এসেছেন। কিন্তু মুশফিক রয়ে গেছেন ছয় বাঁ সাতের ধাঁধাতেই।
উইকেটকিপিংকে ঢাল বানিয়ে ওপরে নামতে চান না মুশফিক। কিন্তু কুমার সাঙ্গাকারাও যে এখানে বাদ সাধছেন। ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ৪৮ টেস্টে খেলেছেন উইকেটরক্ষক হিসেবে। রানের (৩১১৭) দিক থেকে মুশফিকের (৫০ টেস্টে ৩১৮৫) চেয়ে পিছিয়ে আছেন সাঙ্গাকারা। কিন্তু এই ৪৮ টেস্টে মাত্র একবারই পাঁচের নিচে নেমেছেন সাঙ্গা। অধিকাংশ ম্যাচেই নেমেছেন তিনে। কারণ? ওই যে, সেরা ব্যাটসম্যানকে দলের ভার নিতে আগে নামতে হয়।
কিন্তু ছয় কিংবা সাতে নেমেই স্বচ্ছন্দ মুশফিক। ক্যারিয়ারের সব সেঞ্চুরিই (৫টি) তাঁর ছয় বাঁ সাতে নেমে। আটে নেমেও করেছেন তিনটি ফিফটি। কিন্তু এত নিচে নেমে আসলে যে পরে সঙ্গীহারা হয়ে পড়ছেন মুশফিক। চট্টগ্রামেই দুই ইনিংসেই দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক কিন্তু প্রতিবারই একপর্যায়ে হাল ছেড়ে দিতে হয়েছে। অপর প্রান্তে যে ভরসা রাখার মতো লোকই পাওয়া যায় না পরে নামলে! অর্থাৎ বিপর্যয় সামাল দিতে চাইলে মুশফিককে আগেই নামতে হবে। চ্যালেঞ্জটা নিতে হবে তাঁকেই। দলের জন্য নিজের শরীরের শেষ রক্তবিন্দু যিনি দিতে জানেন, তাঁর ওপরই তো আস্থা রাখা যায় সবচেয়ে বেশি।
ব্যাটিং লাইনআপে কখনো চারের ওপরে যাননি, চারেও নেমেছেন মাত্র তিনবার। তবু এ তিন ইনিংসে তাঁর গড় ৪০.৩৩। ক্যারিয়ারের সেরা গড় তাঁর চারে নেমেই, এটা জেনেও কি আগে নামবেন না মুশফিক?