মুশফিক-ইমরুলের জায়গায় সৌম্য-নুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক হচ্ছে নুরুল হাসানের। নিজের চতুর্থ টেস্টটি খেলবেন সৌম্য। ছবি: ফাইল ছবি
অভিষেক হচ্ছে নুরুল হাসানের। নিজের চতুর্থ টেস্টটি খেলবেন সৌম্য। ছবি: ফাইল ছবি

ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ওয়েলিংটন টেস্টের চোট এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দুজনকে। মুশফিকের বদলে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তামিম ইকবাল। তামিমই জানিয়েছে দলে এই দুই পরিবর্তনের কথা। পরে জানা গেছে মুমিনুলকেও পাওয়া যাচ্ছে না এই ম্যাচে।
মুমিনুলের ছিটকে যাওয়ার খবর পরে নিশ্চিত করা হয়েছে বিসিবির বিজ্ঞপ্তিতে। এর আগে সংবাদ সম্মেলনে তামিম নিশ্চিত করেছেন মুশফিক-ইমরুলের না-থাকা, ‘তারা দুজনই এই টেস্টে খেলতে পারবে না। ইমরুল ১০-১২ দিনের জন্য বাইরে চলে গেছে। মুশফিকের আরেকটু বেশি সময় লাগবে, ৩-৪ সপ্তাহ। আমরা আশা করেছিলাম ওরা আরও আগে ফিরবে। তবে দুজনের চোট গুরুতর নয়। উদ্বেগের কিছু নেই। ছোটখাটো সমস্যা। আশা করছি, ভারতের বিপক্ষে টেস্টে ওরা দুজনই ফিরবে। মুশফিকের চোটা বুড়ো আঙুলেই। মাথায় আঘাতজনিত কোনো সমস্যা নেই। আর ইমরুলের চোট ঊরুতে।’
এই দুজনের পরিবর্তে কে খেলবে তারও আভাস দিয়েছেন তামিম। দুজনের না-থাকা দলের ওপর কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘ওরা দুজনই প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড়। একজন ওপেনার। অন্যজন শুধু অধিনায়ক নয়, দলের মিডল অর্ডারের মূল খেলোয়াড়। খুবই গুরুত্বপূর্ণ দুজনকে আমরা পাচ্ছি না। কিন্তু চোটের ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। যে দুজন আসছে দলে ওরাও অনেক আত্মবিশ্বাসী। সৌম্য আগামীকাল খেলবে, টি-টোয়েন্টিতে ওকে ভালো দেখাচ্ছিল। আশা করি এই টেস্টে ও ভালো করবে। সোহানকে (নুরুল) আমরা ওয়ানডেতে দেখেছি। বেশ কটি ম্যাচে ভালো করেছে। আশা করি সেও ভালো করবে।’

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। সেই আঘাত নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। হাসপাতালেও যেতে হয়। পরে আর মাঠে নামেননি। গত দুই দিনে কোনো সমস্যা না করলেও বুড়ো আঙুলের ব্যথাটা এখনো কমেনি। এই টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ দল।
ইমরুল কায়েস খেলছেন না ঊরুর চোটের কারণে। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় ডাইভ দিয়ে ঊরুতে চোট পেয়েছিলেন। মাঠের বাইরে চলে গেলেও দলের বিপর্যয়ের মুখে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ব্যাটিংয়ে নেমেছিলেন। মুশফিকের আঘাতের কারণে বদলি উইকেটকিপারের দায়িত্ব পালন করে বিশ্ব রেকর্ডও গড়েছেন। ক্রাইস্টচার্চে নামতে পারছেন না ইমরুলও।
ইমরুলের জায়গায় খেলবেন সৌম্য। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন। সে বছরই জুনে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের পর আর সাদা পোশাকে আর সুযোগ পাননি। সৌম্যের ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও কাজে লাগাতে চাইছে দল। নুরুলের টেস্ট অভিষেক এখনো হয়নি। তবে ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই ২৩ বছর বয়সী। তাতে ৪১.৮১ গড়ে ৩৫৪৪ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি করেছেন, যার একটি অপরাজিত ১৮২ রানের।