মুশফিক এগিয়ে যাচ্ছে, যাবে
বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে মুশফিকুর রহিম কাল ছুঁয়ে ফেলবেন হাবিবুল বাশারকে। এমন কীর্তি গড়ার আগে মুশফিককে শুভেচ্ছা জানালেন তাঁর পূর্বসূরি

মুশফিকের ১৮ টেস্ট হয়ে গেল! রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমার ভালো লাগছে যে মুশফিকের মতো একজন আমার রেকর্ড ছুঁতে চলেছে। পরের টেস্টে ছাড়িয়েও যাবে। আশা করি ও অনেক অনেক দূর যাবে। যোগ্য হিসেবেই এই অর্জন হচ্ছে ওর। সামর্থ্য আছে আরও অনেক দূর যাওয়ার।
আমার নেতৃত্বেই ওর টেস্ট অভিষেক। তখন অবশ্য আমার রেকর্ড ছোঁবে বা এই জাতীয় কিছু ভাবতে পারিনি। তবে জানতাম অনেক দূর যাবে। সম্ভাবনা ছিল বলেই অত অল্প বয়সে ওকে সুযোগ দেওয়া হয়েছিল। সেই সম্ভাবনার বাস্তব রূপ দিয়ে যাচ্ছে মুশফিক।
দুই সময়ের অধিনায়কত্বের তুলনা করা আসলে কঠিন। পরিপ্রেক্ষিত, বাস্তবতা, অবস্থা সবকিছু ভিন্ন থাকে। আমি সেই তুলনায় যেতে চাই না। এটুকু বলছি যে আমার কাজটা অনেক কঠিন ছিল, কারণ আমার হাতে বিকল্প কম ছিল। অধিনায়ক হিসেবে আমার রসদ ছিল সীমিত, খুব বেশি সাফল্য পাওয়ার উপায় ছিল না। এখন যেমন দলে অনেক পারফরমার, তখন পারফরমার ছিল খুবই কম। আমার একজন সাকিব ছিল না। শুধু সাকিব কেন, এখন আরও অনেকেই আছে নিয়মিত পারফরমার।
সীমিত রসদ নিয়েও আমার মনে হয় আমি খারাপ করিনি। যখন নেতৃত্ব পাই, দল তখন টানা হারের মিছিলে। নিজেকে সৌভাগ্যবান মনে করি, আমার নেতৃত্বে প্রথম সিরিজেই আমরা প্রায় পাঁচ বছর পর জয় পাই (২০০৪ সালে জিম্বাবুয়েতে ওয়ানডে জয়)। ২০০৬ সালটা খুব ভালো কেটেছে বাংলাদেশে ক্রিকেটের, ২০০৭ বিশ্বকাপ, এমন আরও বেশ কিছু সাফল্য আছে। কঠিন সময়টা তাই বড় চ্যালেঞ্জও ছিল, মনে হয় সেই চ্যালেঞ্জে খারাপ করিনি। তার মানে এই নয় যে মুশফিকের কাজটা সহজ। এখন প্রত্যাশা বেশি, চ্যালেঞ্জ ভিন্ন। মুশফিক এগিয়ে যাচ্ছে মানে খারাপ করছে না।
এমনিতে আমি যাঁদের নেতৃত্বে খেলেছি বা দেখেছি, সেরা বলব ফারুক ভাইকে (এখনকার প্রধান নির্বাচক ফারুক আহমেদ)। টেস্ট জমানায় তুলনা করতে চাই না। সবার কাজটাই ছিল কঠিন। রেকর্ড হাতছাড়া হচ্ছে বলে খারাপও লাগছে না। এমন তো নয় যে আমি ১০০ টেস্ট খেলেছি বা ৫০ টেস্টে নেতৃত্ব দিয়েছি! মুশফিকের প্রতি শুভকামনা, আশা করি খুলনায় জয় দিয়ে উদ্যাপন করবে মাইলফলক। আরও অনেক অনেক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সফলভাবে।