মুশফিক জ্বললেন সেঞ্চুরি দিয়ে
দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে শূন্য রানে ফিরেছেন মুশফিকুর রহিম। বিসিবি প্রেসিডেন্টস কাপে নিজেদের প্রথম ম্যাচেও ফিরেছেন শূন্য রানে। টানা তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন বোল্ড হয়ে। এ নিয়ে নির্বাচকদের পর্যন্ত কথা বলতে হয়েছে। নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, সময় মতোই জ্বলে উঠবেন মুশফিক। বেশি সময় নেননি, নাজমুল একাদশের অভিজ্ঞ এ ব্যাটসম্যান জ্বলে উঠেছেন আজই। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরির পরও অবশ্য তাঁর দল নাজমুল একাদশ হেরেছে ৪২ রানে।
তামিম একাদশের দেওয়া ২২২ রানের লক্ষ্যে খেলতে নামা নাজমুল একাদশের টপ ও মিডল অর্ডার এলেমেলো করে দেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিনকে নিয়ে গড়া তামিম একাদশের পেস বোলিং আক্রমণ। ২৪.২ ওভারে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে নাজমুল একাদশের সামনে যখন পরাজয়ের চোখ রাঙানি, মুশফিকের পাল্টা জবাব তখনই। কঠিন পরিস্থিতি, তীব্র চাপে তাঁর ব্যাট চওড়া হয়ে উঠবে, এ আর নতুন কী!
তবুও কিছু ধাঁধার উত্তর তাঁর মেলানোর ছিল। বিসিবি প্রেসিডেন্টস কাপে তারকা ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। ম্যাচ হচ্ছে কম রানের। মুশফিক ধাঁধার উত্তর মেলাতে এমন এক ম্যাচ বেছে নিয়েছেন, তাঁর দল যখন ব্যাটিং বিপর্যয়ে। বিপর্যয় কাটিয়ে উঠতে মুশফিক সঙ্গে পেলেন ইরফান শুক্কুরের। দুজনের ষষ্ঠ উইকেটে হলো গুরুত্বপূর্ণ ৫৯ রানের জুটি। রান আউটে কাটা পড়ে ইরফান ২৪ রানে ফিরলেও দলের আশা হয়ে টিকে ছিলেন মুশফিক। ৩ চারে ৬১ বলে করেছেন ফিফটি। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতেই শুধু নয়, দলকে জয়ের প্রান্তে নিতে মুশফিক এগিয়েছেন লেজের ব্যাটসম্যানদের নিয়ে।
এক দিকে ওভার পিছু প্রয়োজনীয় রান রেট বেড়ে যাওয়া, অন্য দিকে হাতে উইকেট না থাকার চাপ নিয়ে লড়াকু মুশফিক এগোচ্ছিলেন দারুণ গতিতে। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আর ৪২ বল। ইনিংসের বাকি ৬টি চার আর ১টি ছক্কা মেরেছেন এ সময়েই। সাইফউদ্দিনকে টানা দুটি চার মেরে ৯২ থেকে পৌঁছেছেন তিন অঙ্কে। বিসিবি প্রেসিডেন্টস কাপ প্রথম সেঞ্চুরি দেখল মুশফিককে দিয়েই।
৩৬ বলে মুশফিকদের দরকার ছিল ৫১ রান। ওভার প্রতি রান ৮.৫০। টি–টোয়েন্টির যুগে এ লক্ষ্য অসম্ভব নয়। কিন্তু মুশফিকের জন্য কাজটা ভীষণ কঠিন হয়ে যায় অন্য প্রান্তে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাবে। নাঈম–রিশাদ–তাসকিনকে নিয়ে তবুও চেষ্টা করেছেন মুশফিক। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি মোস্তাফিজুর রহমানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে পয়েন্টে মেহেদী হাসানের তালুবন্দী হয়ে। ফেরার আগে মুশফিকের রান ১০৩।
সেঞ্চুরির পরও মুশফিককে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে অতৃপ্তি নিয়ে। তিনি আউট হওয়ার পরই যে দলের পরাজয়ও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। নাজমুল একাদশ ৪৫.৪ ওভারে অলআউট ১৭৯ রানে। মুশফিক একাই করেছেন ১০৩ রান। বাকি সবাই মিলে ৭৬ রান। দুর্দান্ত বোলিং করেছেন তামিম একাদশের তিন পেসারই। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল শরিফুল। ৮ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে মোস্তাফিজও ছিলেন উজ্জ্বল। আর সাইফউদ্দিন নিয়েছেন ৪১ রানে ২ উইকেট।
তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৯ রান (তামিম ৩৩, তানজিদ ৮, এনামুল ১২, মিঠুন ৪, শাহাদাত ৩১, মোসাদ্দেক ১২, আকবর ২, সাইফউদ্দিন ৩, মেহেদী ৮২, তাইজুল ২০*, শরিফুল ১* ; তাসকিন ১/৪১, আল আমিন ৩/৪৩, মুকিদুল ১/৪৪, নাঈম ২/২৮, সৌম্য ০/৪১, রিশাদ ২/২১)।
নাজমুল একাদশ: ৩৬ ওভারে ৫/১২৫ রান (সাইফ ৭, সৌম্য ৯, নাজমুল ১, মুশফিক ১০৩, আফিফ ১৫, তৌহিদ ৪, ইরফান ২৪, নাঈম ০, রিশাদ ০, তাসকিন ৬* ; মোস্তাফিজ ৩/১৫, সাইফউদ্দিন ২/৪১, শরিফুল ৪/৩৭)।
ফল: ৪২ রানে জয়ী তামিম একাদশ।
ম্যাচসেরা: মেহেদী হাসান।