মুশফিক, না অশ্বিন?

শেষ দিনে ৯০ ওভার কাটিয়ে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ। কার ওপর ভরসা করবেন আপনি?
উইকেটে দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। এঁদের কারও ওপর?
টেস্টে মাহমুদউল্লাহর ব্যাটে অনেক দিন রান নেই। এই টেস্টের আগে নিউজিল্যান্ডে সর্বশেষ চার ইনিংসে স্কোর ৩৮, ১৯, ৫, ২৬। এখানে প্রথম ইনিংসে ২৮। টেস্টে সর্বশেষ ফিফটি ১০ ইনিংস আগে। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে। এমন কঠিন পরিস্থিতিতে মোটেই আস্থা রাখার মতো পরিসংখ্যান নয়। তবে কে জানে, বড় চ্যালেঞ্জই মাহমুদউল্লাহর কাছ থেকে বড় কিছু বের করে আনে কি না!
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে সাকিবের ওপর বরং ভরসা রাখা সহজ। ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি করে দুর্দান্ত শুরু করেছেন বছরটা। সে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভয়াবহ এক শট খেলে শূন্য রানে আউট হলেও ক্রাইস্টচার্চে পরের টেস্টের প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরি। এখানে প্রথম ইনিংসে ৮২। এই ইনিংসের আগে ২০১৬ সালে টেস্টে তাঁর মোট রান ৩৬৬। এ বছর আর কারও এত রান নেই। কিন্তু ‘ভরসা’ শব্দটা সাকিবের ব্যাটিংয়ের সঙ্গে ঠিক যায় না। তাঁর ব্যাটিং-দর্শন যে ম্যাচের পরিস্থিতিকে থোড়াই কেয়ার করে। প্রথম ইনিংসে উইকেট ছুড়ে দিয়ে আসার পরও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এভাবেই ব্যাটিং করে এসেছেন। এভাবেই ব্যাটিং করবেন।
>এই টেস্টের প্রথম চার দিনের ঘটনাপ্রবাহ এবং ক্রিকেটীয় যুক্তির ওপর নির্ভর করে পঞ্চম দিনের পূর্বাভাস দিতে হলে দিনটা কিন্তু ‘মুশফিকুর রহিম বনাম রবিচন্দ্রন অশ্বিনে’ই রূপ নেয়!
সমস্যা হলো, আজ পরিস্থিতির দাবি অন্য। ‘আক্রমণই সেরা প্রতিরক্ষা’—এই দর্শন আজ খাটছে না। চার-ছয়ের ফুলঝুরিতেও ভারতকে চাপে ফেলে দেওয়ার সুযোগ নেই। ম্যাচের সম্ভাব্য ফল থেকে ‘বাংলাদেশের জয়’ যে কাটা পড়ে গেছে। হয় ভারত জিতবে নয়তো ড্র। যে ড্র-ই হবে বাংলাদেশের জন্য জয়ের সমান।
সেটি নিশ্চিত করতে আজ প্রয়োজন এমন ব্যাটসম্যান, যিনি রান-টানের কথা ভেবে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকবেন। সাকিব আল হাসান নিজেকে বদলে ফেললে ভিন্ন কথা, নইলে এই প্রয়োজনের সঙ্গে ঠিক তাঁকে মেলানো যাচ্ছে না।
পরিিস্থতির যে দাবি, বাংলাদেশ দলে সেটি মেটানোর মতো ব্যাটসম্যানের কথা ভাবলে একজনের মুখই চোখে ভাসে। মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তাঁর ১২৭ রানের ইনিংসটিই টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে গেছে। একই টেস্টে দ্বিতীয়বার পারবেন তিনি দলের ত্রাণকর্তা হতে? দাবিটা যে অনেক বড়।
অতীত এখানে খুব একটা সাহায্যে আসবে না। টেস্টে এটি মুশফিকের পঞ্চম সেঞ্চুরি। আগের চারটি সেঞ্চুরির দুটিই দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে যে দুটি সেঞ্চুরি, সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে মুশফিক কেমন করেন, তা বুঝতে তেমন কাজে আসছে না। গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে হয়নি। এই গত মাসে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৫৯ করার পর দ্বিতীয় ইনিংসে ১৩ রান করার পরই মাথায় বাউন্সার ছোবল দেওয়ায় হাসপাতালে যেতে হয়েছে। ওই ইনিংস তাই ওখানেই শেষ।
ইচ্ছামতো চিত্রনাট্য লেখার ক্ষমতা থাকলে এখানে দ্বিতীয় ইনিংসেও মুশফিককে সেঞ্চুরি করিয়ে দেওয়া যেত। তাতে বাংলাদেশের ক্রিকেটের একটা আক্ষেপও ঘুচত। টেস্ট ক্রিকেটে এখনো দুই ইনিংসেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই। যেটি আছে বাকি নয়টি টেস্ট খেলুড়ে দেশেরই। মুশফিক দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে সেই অপূর্ণতা ঘোচাচ্ছেন, সঙ্গে বাঁচিয়ে ফেলছেন টেস্ট ম্যাচও—এটা বড় বেশি রূপকথা-রূপকথা বলে মনে হয়। তবে রূপকথাও তো কখনো কখনো বাস্তবে নেমে আসে!
সেই বাস্তবটা একেবারেই অন্য রকম হতে পারে। তবে এই টেস্টের প্রথম চার দিনের ঘটনাপ্রবাহ এবং ক্রিকেটীয় যুক্তির ওপর নির্ভর করে পঞ্চম দিনের পূর্বাভাস দিতে হলে দিনটা কিন্তু ‘মুশফিকুর রহিম বনাম রবিচন্দ্রন অশ্বিনে’ই রূপ নেয়!
ভারতের প্রথম ইনিংসে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এখন এই ম্যাচের প্রেক্ষাপটে কেমন যেন দূর অতীতের স্মৃতি বলে মনে হচ্ছে! এরপর এই টেস্টে সবচেয়ে বেশি উচ্চারিত নাম কিন্তু ওই দুটিই—মুশফিকুর রহিম ও রবিচন্দ্রন অশ্বিন।
মুশফিকুর রহিম কেন—এটা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ছে না। রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের প্রথম ইনিংসে একদমই চেনা রূপে দেখা দেননি। উইকেট না ভাঙলে এই মুহূর্তে বিশ্বের সেরা অফ স্পিনার কতটুকু কার্যকর, সেই প্রশ্নও উঠে গেছে। তারপরও অশ্বিন আলোচনায় এবং সেটি শুধু এই ম্যাচের প্রেক্ষাপটে নয়। টেস্ট ইতিহাসের প্রেক্ষাপটেই। সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ডেনিস লিলির। ২৫০ উইকেট নিতে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে খেলতে হয়েছিল ৪৮ টেস্ট। তাঁর চেয়ে তিন টেস্ট কম খেলেই ২৫০ উইকেট নিয়ে নিলেন অশ্বিন। এর আগে ৪৫ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের। সেটি ‘মাত্র’ ২৩২ উইকেট। ‘মাত্র’ বলতে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের অবিশ্বাস্য স্ট্রাইক রেটের কারণেই। আলোচনাটা শুধু স্পিনারদের মধ্যে রাখলে ৪৫ টেস্টে কোনো স্পিনারের সবচেয়ে বেশি উইকেটি পাওয়ার কীর্তি ছিল মুত্তিয়া মুরালিধনের। ‘মাত্র’ শব্দটা আবারও আসছে। কারণ ৪৫ টেস্টে মুরালি নিয়েছিলেন অশ্বিনের চেয়ে ৩২ উইকেট কম।
এই ৩২ উইকেটের হিসাবটা বাংলাদেশের প্রথম ইনিংস পর্যন্ত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩ উইকেটের ২টিই নিয়েছেন অশ্বিন। পুরো ইনিংস শেষে ৪৫ টেস্ট শেষে অশ্বিনের উইকেটসংখ্যা যে ২৫২-তে থাকবে না, এটা বলতে ক্রিকেট-বোদ্ধা হতে হয় না।
এটাকেও কাকতালীয় মানতে ইচ্ছা করছে না যে, অশ্বিনের রেকর্ড ভাঙা ২৫০তম উইকেটটি মুশফিকুর রহিমকে আউট করেই। সেটি যে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার দুর্দান্ত এক ক্যাচে, চাইলে এটিরও বাড়তি তাৎপর্য খুঁজে পেতে পারেন। এই টেস্টেই উইকেটকিপিং নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুশফিক। প্রথম ইনিংসে অসাধারণ ওই ইনিংসে কিছুটা হলেও যা স্তিমিত। দ্বিতীয় ইনিংসেও কি ব্যাটসম্যান হিসেবে নিজের অসাধারণত্বের প্রমাণ দিতে পারবেন মুশফিক?
আগেই বলেছি, শেষ পর্যন্ত মুশফিকের বদলে অন্য কেউও বাংলাদেশের প্রতিরোধের নায়ক হয়ে যেতে পারেন। রবিচন্দ্রন অশ্বিনের বদলে অন্য কেউ ভারতীয় বোলিংয়ের নায়ক। তবে পঞ্চম দিনের খেলা শুরুর আগে এই টেস্টের নির্ধারক বলে মনে হচ্ছে ওই লড়াইটাকেই—মুশফিক বনাম অশ্বিন!