মুশফিক-নাসিরের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে গতবার প্রিমিয়ার লিগে খেলতে না পারলেও এবার ফিরেছেন তাসকিন আহমেদ। মাহমুদউল্লাহ আর ফরহাদ রেজার সঙ্গে জাতীয় দলের তরুণ এই পেসার কাল নাম লেখালেন প্রাইম ব্যাংকে l প্রথম আলো
চোটের কারণে গতবার প্রিমিয়ার লিগে খেলতে না পারলেও এবার ফিরেছেন তাসকিন আহমেদ। মাহমুদউল্লাহ আর ফরহাদ রেজার সঙ্গে জাতীয় দলের তরুণ এই পেসার কাল নাম লেখালেন প্রাইম ব্যাংকে l প্রথম আলো

নতুন দলে সই করেই একটা সংশোধনী দিলেন মুশফিকুর রহিম। ৫০ লাখ নয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে নাকি আরও কম টাকায় প্রাইম দোলেশ্বরে এসেছেন তিনি। মুশফিকের কথা ঠিক ধরলেও অঙ্কটা ৪০ লাখের ওপরে বলেই গুঞ্জন। তিনি নিজে বা ক্লাব কর্মকর্তারা অবশ্য বলতে নারাজ যে ঠিক কত টাকায় দল বদলালেন মুশফিক।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পুলের খেলোয়াড়দের দলবদলের প্রথম দিনে চমক ছিল দুটি। প্রথমটি ওই মুশফিকের। টাকার অঙ্ক বা শেষ মুহূর্তে মত বদলে নয়। তিনি চমকে দিয়েছেন সবার আগে দলবদল করতে এসে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দলবদল চললেও তারকা ক্রিকেটাররা সাধারণত একটু দেরিতে আসেন। সেদিক দিয়ে ব্যতিক্রম মুশফিক। প্রাইম দোলেশ্বর কর্মকর্তাদের সঙ্গে বিকেল সাড়ে চারটার মধ্যে তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে হাজির। অন্য চমকটি দিয়েছেন নাসির হোসেন। পরশু রাত পর্যন্তও ঠিকঠাক ছিল ভিক্টোরিয়া থেকে তিনি যাচ্ছেন কলাবাগান ক্রিকেট একাডেমিতে। কিন্তু নাসির সই করলেন আবাহনীতে।

প্রথম দিনে পুলের খেলোয়াড় নেওয়ার কাজ সেরেছে চারটি ক্লাব—প্রাইম দোলেশ্বর, আবাহনী, প্রাইম ব্যাংক ও মোহামেডান। শেখ জামাল থেকে মুশফিক ছাড়াও প্রাইম দোলেশ্বরে এসেছেন পেসার শফিউল ইসলাম। পুরোনোদের মধ্যে এই ক্লাবে থেকে গেছেন মুমিনুল হক। মুশফিকের কথা অনুযায়ী শেখ জামাল ছেড়ে আসার প্রথম কারণ, তাঁর প্রতি প্রাইম দোলেশ্বরের প্রথমে আগ্রহ দেখানো। দ্বিতীয়ত, প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমানের (বাবুল) সঙ্গে নাকি বোঝাপড়াটা বেশ ভালো মুশফিকের। তবে স্বীকার করেছেন সবচেয়ে বড় কারণ টাকার অঙ্কই, ‘আমার মনে হয় টাকাটাই সবচেয়ে বড় কারণ। আমরা সব ক্লাব থেকে সুযোগ-সুবিধা একই রকম পাই। পারিশ্রমিকের অঙ্কটা তাই বড় বিষয় হয়ে ওঠে।’

৫০ লাখ না হলেও কাল পর্যন্ত এবারের লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল বদলানো খেলোয়াড় মুশফিকই। জাতীয় দলের অধিনায়ককে সে জন্য বেশ তৃপ্ত দেখাল, ‘এটা অন্য রকম একটা ব্যাপার। প্রিমিয়ার লিগে কয়েক বছর ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছি। এ রকম সম্মানী পেয়ে তাই খুব ভালো লাগছে। এর প্রতিদান দিতে চেষ্টা করব।’

নাসিরের শেষ মুহূর্তে দল পাল্টানোর কারণও টাকার অঙ্ক। সূত্র জানিয়েছে, গাজী ট্যাংকের কর্ণধার লুৎফর রহমান এবার কিনে নিয়েছেন কলাবাগান ক্রিকেট একাডেমিও। তবে বেশ মোটা অঙ্কের বাজেট নিয়ে নামলেও নাসিরের সই করার আগেই নগদ টাকার দাবি পূরণ করতে পারেনি তারা। আবাহনীতে নাম লেখানো নাসির বললেন, ‘আমি যেটা চেয়েছিলাম সেটা তারা দিতে পারেনি। সে তুলনায় আবাহনীর প্রস্তাবই আমার কাছে ভালো মনে হয়েছে।’

পুরোনো খেলোয়াড় আল-আমিনকে রেখে দিয়ে আবাহনী দলে টেনেছে জিয়াউর রহমানকেও। তবে পুলের খেলোয়াড় হয়েও জিয়া কাল দলবদল করেননি। ওয়েস্ট ইন্ডিজগামী জাতীয় দলে যেহেতু নেই, ২৭ ও ২৮ আগস্ট দলবদলের দ্বিতীয় পর্বে সই করতে আসবেন তিনি।

৩৫ লাখ টাকায় কলাবাগান ক্রিকেট একাডেমি নিতে চেয়েছিল মাশরাফি বিন মুর্তজাকেও। পুরোনো ক্লাব মোহামেডানকে আগেই প্রতিশ্রুতি দিয়ে রাখা মাশরাফি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। দলবদল করার পর বললেন, ‘মোহামেডানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে জন্য আমার মনে হয়েছে মোহামেডানেই থেকে যাওয়া উচিত।’ কলাবাগান ক্রিকেট একাডেমির প্রস্তাব থেকে লাখ পাঁচেক টাকা কম নিয়ে প্রতিশ্রুতি রক্ষাটাকেই বড় মনে করলেন জাতীয় দলের এই পেসার। মাশরাফিকে রেখে মোহামেডান টেনেছে গতবার কলাবাগান ক্রীড়াচক্রে খেলা নাঈম ইসলাম আর মোহাম্মদ মিঠুনকেও।

প্রাইম ব্যাংকে এসেছেন গাজী ট্যাংকের মাহমুদউল্লাহ, প্রাইম দোলেশ্বরকে নেতৃত্ব দেওয়া ফরহাদ রেজা ও চোটের কারণে গত লিগে না খেলা তাসকিন আহমেদ। তাসকিন অবশ্য গতবারের আগের দুই মৌসুম খেলেছেন ওল্ড ডিওএইচএস ও বিমানে। তরুণ এই পেসার ফেরার লিগটাকে দেখছেন নতুন চোখে, ‘জাতীয় দলে আসার পর এটাই আমার প্রথম প্রিমিয়ার লিগ, একটু অন্য রকম লাগছে তাই। লিগে যে কয়টা ম্যাচই খেলার সুযোগ পাই, ভালো খেলার চেষ্টা করব।’