মুশফিক, নুরুল না লিটন—উইকেটকিপিং নিয়ে দলে অস্থিরতা নেই

দলে আছেন তিনজন কিপারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করবেন মুশফিকুর রহিম ও নুরুল হাসান। দলে আছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। উইকেটের পেছনের এক দায়িত্বের জন্য তিন প্রার্থী থাকার বিষয়টি অধিনায়ক মাহমুদউল্লাহ দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।

আজ নিউজিল্যান্ড সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলছিলেন, ‘মুশফিক দলের স্বার্থে খেলে, এমন একজন ক্রিকেটার। সোহানের (নুরুল) সঙ্গে উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করতে তার সমস্যা নেই। সোহানও খুশি। সে খুব ভালো কিপিং করে আসছে। মুশফিকও দারুণ। ওরা দুজন যদি কাজটা ভাগাভাগি করে নেয়, তাহলে দলের জন্যই ভালো।’

মাহমুদউল্লাহ
ছবি: প্রথম আলো

বাড়তি এই প্রতিযোগিতা দলের মধ্যে অস্থিরতার কারণও হতে পারে। মাহমুদউল্লাহ অবশ্য সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহর কথা, ‘ওদের (মুশফিক-নুরুল) সঙ্গে লিটনও আছে। তবে এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। সবাই এটা নিয়ে ইতিবাচক আছে।’

এই সিরিজে মুশফিক কিপিং করবেন?
ছবি: প্রথম আলো

আগামী অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। এর আগে নির্বাচকেরা নিউজিল্যান্ড সিরিজের কিছু ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। তবে আজ মাহমুদউল্লাহ যা বললেন, তাতে মনে হলো, বাংলাদেশের বিশ্বকাপ দল গঠনের কার্যক্রম প্রায় শেষ। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।

মাহমুদউল্লাহর কথা, ‘দল মোটামুটি নিশ্চিত। কোচ আর আমার মধ্যে কথা হয়েছে, মনে হয় যে নির্বাচকেরা টিমটা খুব দ্রুত দিয়ে দেবেন। এটা হয়তো ভালো হতো যদি সিরিজের আগে দল দিয়ে দেওয়া হতো। তাহলে হয়তোবা খেলোয়াড়েরা নির্ভার থাকতে পারত। তবে এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা এবং মাঠে আমরা কতটুকু ক্রিকেট খেলতে পারি, ওই জিনিস নিয়ে চিন্তা করা উচিত।’

নুরুলও আছেন দলে
ছবি: প্রথম আলো

নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকলেও বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা আছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। অবশ্য নিউজিল্যান্ড সিরিজের দলের বাইরের কারও বিশ্বকাপে থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘এটা তো আমার ও কোচের মধ্যে আলোচনা হয়েছে। নির্বাচকেরাও আছেন, আর সম্ভবত আপনারাও খুব শিগগির জানতে পারবেন, কী হতে যাচ্ছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’