মুশফিক নয়, কিপিং গ্লাভস নুরুলের হাতেই
রাসেল ডমিঙ্গো সিরিজের আগেই জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরিয়ে-ফিরিয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম আর নুরুল হাসান। প্রথম দুই ম্যাচে কিপিং করেছিলেন নুরুল। সে হিসাবে আজ তৃতীয় ম্যাচে দায়িত্ব নেওয়ার কথা মুশফিকুর রহিমের। কিন্তু ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলকে দেখে সবাই একটু অবাকই। আজও যে কিপিং করছেন নুরুলই।
মুশফিক জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ছিলেন না পারিবারিক সমস্যার কারণে। তাঁর জায়গায় বাংলাদেশ দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন নুরুল। বেশ ভালোই করেছেন সে সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজে সব ম্যাচেই উইকেটকিপারের দায়িত্ব ছিল নুরুলের কাঁধে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মুশফিক ফিরেছেন। স্বাভাবিকভাবেই উইকেটকিপিংয়ের গ্লাভস তাঁর কাছেই ফেরার কথা। নুরুল মানসিকভাবে প্রস্তুতও ছিলেন। কিন্তু ডমিঙ্গো সিরিজের আগেই দুই উইকেটকিপার-তত্ত্ব জানান সবাইকে। তিনি পরিকল্পনা করেছিলেন, প্রথম দুই ম্যাচে নুরুল কিপিং করবেন, তৃতীয় আর চতুর্থ ম্যাচে থাকবেন মুশফিক। পঞ্চম ম্যাচের পারফরম্যান্স বিচার করে দায়িত্ব দেওয়া হবে একজনকে।
ডমিঙ্গো এ ব্যাপারে বলছিলেন, ‘সোহান প্রথম দুই ম্যাচে উইকেটকিপিং করবেন। এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবেন।’
ব্যাটিংয়ে বাংলাদেশ দলে মুশফিকুর রহিমের জায়গা নিয়ে কোনো কথা নেই। চার নম্বরে তাঁর জায়গা নির্ধারিতই। কিন্তু ইদানীং উইকেটকিপিং নিয়ে বেশ ভালোই প্রতিযোগিতায় পড়তে হচ্ছে তাঁকে। আজ নুরুলকে উইকেটকিপিংয়ে দেখে প্রশ্ন জাগতেই পারে, কোচ কি নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছেন, নাকি মুশফিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন?