ক্রীড়াঙ্গনের মিলনমেলায় বর্ষসেরা মুশফিক

ব্যাট-বলকে কখনো কথা বলতে শুনেছেন? কিংবা শুনেছেন ফুটবল, গলফের ক্লাবকে চিত্কার চেঁচামেচি করতে? এ অসম্ভবকেই সম্ভব করা হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে! সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আলো ঝলমলে মঞ্চে হঠাত্ কথা বলে উঠল ব্যাট-বল, ফুটবল, গলফ, কিংবা শ্যুটিংয়ের পিস্তল (রাইফেলের বদলে)! সবাই কথা বলল মনের সুখ মিটিয়ে। উগরে দিল যাবতীয় হতাশা, আনন্দ, অর্জন, সমস্যা, সম্ভাবনার নানা বুলি।
ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা বাজতেই শুরু হয়েছিল দেশসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। এ নিছক অনুষ্ঠানই নয়, দেশের ক্রীড়াঙ্গনের বিরাট মিলনমেলা। সাবেক-বর্তমান তারকারা এদিন নেমে এসেছিল মাটিতে। তারপর একে একে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ, বর্ষসেরা উদীয়মান ও বর্ষসেরা দুই রানারআপ। সঙ্গে ছিল এসএমএস ও কুপনের ভোটে প্রথম আলোর পাঠকের নির্বাচিত সেরা ক্রীড়াবিদ ঘোষণা। কে হলেন সেরা বর্ষসেরা ক্রীড়াবিদ—এ প্রসঙ্গে যাওয়ার আগে একটি সত্য কথোপকথন শোনা যাক—
উত্পল শুভ্র: কাল অনুষ্ঠানে আসছেন তো?
সাকিব আল হাসান: খারাপ শার্ট নাকি ভালো শার্ট পড়ে আসব?
উত্পল শুভ্র: আপনার যা ইচ্ছা!
স্বাগত বক্তব্য দিতে গিয়ে কথোপকথনের এ ঘটনা ফাঁস করলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র। আগে যখন আমন্ত্রণ জানানো হতো তখন এমনই প্রশ্ন করতেন সাকিব। কৌশলে জেনে নেওয়ার চেষ্টা করতেন, তাঁর কপালে শিকে ছিঁড়বে কি না! এখন সাকিব আর এমন প্রশ্ন করেন না। কেননা, তিনি এতটাই জনপ্রিয়, সব সময়ই ফিটফাট থাকতে হয়। উত্পল শুভ্র যখন গোমর ফাঁস করছিলেন, সাকিবের ঠোঁটে তখন খেলছে ট্রেডমার্ক সেই হাসিটা।
গত কয়েকটা বছর গ্রামীণ ফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ছিল সাকিবময়। ২০০৮, ২০০৯, ২০১১ ও ২০১২—বর্ষসেরা ক্রীড়াবিদ একজনই—সাকিব! এবার অনুষ্ঠানের ভেন্যু বদলের মতো পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদও বদল। প্রথমবারের মতো গ্রামীণ ফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মুশফিকুর রহিম। শুধু তা-ই নয়, পাঠকের ভোটেও মুশফিকই সেরা।
তবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সহাস্যে জানালেন, ‘অসংখ্য ধন্যবাদ সাকিবকে। কারণ, ও যদি গত বছর সবগুলো ম্যাচ খেলত তাহলে পুরস্কার এবারও আমার হাতে উঠত না! ওই পেত।’ সঙ্গে সঙ্গে মিলনায়তনে হাসির হুল্লোড়। মুশফিককে মঞ্চে উঠত হলো আরেকবার। কারণ, আগেই বলা হয়েছে—পাঠকের ভোটেও সেরা তিনি। উপস্থাপক ফারাহ শারমিন জানালেন, ‘গোপন সূত্রে’ জানা গেছে এসএমএসের অধিকাংশ ভোটদাতাই তরুণী! লাখো তরুণীর ‘হূদয় ভেঙে’ আগামী মাসেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। কনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—জান্নাতুল কিফায়াতের মণ্ডি। বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করতেই মুখ লজ্জায় লাল হয়ে উঠল মুশফিকের। বললেন, ‘বিয়ের আয়োজন করতে গিয়ে এরই মধ্যে অনেকগুলো চেক শেষ! পুরস্কার থেকে পাওয়া চেক দুটো কাজে দেবে!’ আবারও মিলনায়তন জুড়ে হাসির হুল্লোড়।
এবার আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। আপ্লুত কণ্ঠে শামীম কবির ফিরে গেলেন সেই সত্তরের দশকে। স্মরণ করলেন ১৯৭৭ সালে ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম) অনুষ্ঠিত এমসিসির বিপক্ষে তিন দিনের সেই ম্যাচটি। যে ম্যাচ বাংলাদেশ ড্র করেছিল। এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় কাবাডি খেলোয়াড় শাহানাজ পারভীন, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন ক্রিকেটার মুমিনুল হক। রানারআপ হয়েছেন সিদ্দিকুর রহমান ও সোহাগ গাজী। এবার জুরিবোর্ডে ছিলেন গাজী আশরাফ হোসেন, রওশন আখতার ছবি, শফিকুল ইসলাম মানিক, সৈয়দ মোছাদ্দিকুল হক রচি ও রফিকুল ইসলাম কামাল।
বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, খায়রুল বাশার ও ফারাহ শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘এ অনুষ্ঠান আপনাদের, এ অনুষ্ঠান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। বিশ্বের এটিই বোধ হয় একমাত্র ক্রীড়া পুরস্কার, যেখানে কোনো মনোনীত তালিকা থাকে না। গত ১০ বছর আপনারা এ পুরস্কারের মূল সুরটা ধরতে পেরেছেন।’ স্বাগত বক্তব্যে গ্রামীণফোন প্রধান নির্বাহী বিবেক সুদ বলেন, ‘এটা কেবল পুরস্কার বিজয়ীদের অনুষ্ঠান নয়, দেশের গোটা ক্রীড়াঙ্গনের উদযাপন। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদেরা দেশের পতাকা ক্রমেই উপরে তুলছেন। গ্রামীণফোন বরাবরই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিরাট শুভাকাঙ্ক্ষী।’
সবশেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো শুরু থেকেই দেশের নানা শ্রেণির মানুষের উত্সাহ দিতে বিভিন্ন পুরস্কার অনুষ্ঠান আয়োজন করে আসছে। আমার কাছে সবচেয়ে প্রিয় এই ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান। কারণ, এখানে যাঁরা আসেন, তাঁরা দেশের মানুষকে উত্সাহিত করেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকাকে উঁচিয়ে ধরেন।’
এ ছাড়া গানের দল বাউলার পরিবেশনার তালে তালে পেশাদার মডেলদের সঙ্গে উপভোগ্য ফ্যাশনশোতে অংশগ্রহণ করেন দেশের ক্রিকেটার, ফুটবলার, হকি, দাবা, ব্যাডমিন্টন ও টেনিস তারকারা।