মুশফিক-মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির ফার্স্ট বোলার অন্বেষণ কার্যক্রমের জন্য আগে থেকেই মাঠ বুকিং করা ছিল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তাই কাল জাতীয় দলের পূর্বনির্ধারিত অনুশীলন ম্যাচ হতে পারবে না। সেই ম্যাচ হবে আজ। তাও একটি নয়, আজ এক দিনেই দুটি টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা।
দলের সঙ্গে খুলনায় থাকলেও এই দুই ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। চোট পাওয়ার পর দুজনেরই পুনর্বাসন-প্রক্রিয়া চলছে। জিম্বাবুয়ে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মুশফিক অবশ্য গত দুই দিন কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং অনুশীলন করেছেন। আজ থেকে শুরু করার কথা কিপিং অনুশীলনও। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের আশা, ‘সব ঠিকভাবে এগোলে মুশফিক হয়তো ৩১ তারিখের অনুশীলন ম্যাচটা খেলতে পারে।’
বঁা কাঁধের চোটে আক্রান্ত মুস্তাফিজের সে সম্ভাবনাও নেই। আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনই তাঁর পক্ষে বোলিং করা সম্ভব নয় বলে জানালেন বায়েজিদ, ‘ব্যথা পুরোপুরি না যাওয়া পর্যন্ত মুস্তাফিজ বল করতে পারবে না। তাঁর চোট সারতে আসলে অনেক সময় লাগবে।’ স্লোয়ার ডেলিভারির সময় বঁা কাঁধে আরও আগে থেকে ব্যথা অনুভব করলেও ব্যস্ত সূচির কারণে এত দিন চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পাননি মুস্তাফিজ। এশিয়া কাপের আগে সুযোগটা পাওয়া যাচ্ছে বলে আশাবাদী হয়ে উঠেছেন ফিজিও বায়েজিদ।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই খুলনার এই অনুশীলন ক্যাম্প। ৩১ জানুয়ারির পর সপ্তাহ খানেকের বিরতি দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ক্যাম্প চলে যাবে চট্টগ্রামে। তার আগেই অবশ্য ঘোষণা হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। ৩ ফেব্রুয়ারি দল ঘোষণার শেষ দিন হলেও ৩১ জানুয়ারির প্রস্তুতি ম্যাচের পরই ফারুক আহমেদের নির্বাচক কমিটি চূড়ান্ত দল দিয়ে দেবে বলে জানিয়েছে সূত্র। এশিয়া কাপের দল আনুষ্ঠানিকভাবে আরও পরে ঘোষণা হলেও বিশ্বকাপের দলটাই সম্ভবত খেলবে ঘরের মাঠের এই টুর্নামেন্টে।