মুশফিক-লিটন-সৌম্যকে ছাড়াই বাংলাদেশ দলে চার নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সব মিলিয়ে এসেছে ছয়টি পরিবর্তন। বিশ্বকাপে সর্বশেষ ১৫ জনের দল থেকে নেই লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন ও মুশফিকুর রহিম। এদের মাঝে লিটন, সৌম্য ও রুবেল বাদ পড়েছেন, মুশফিককে দেওয়া হয়েছে বিশ্রাম। আগেই চোটের কারণে ছিটকে যাওয়া সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনও নেই এ সিরিজে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ডাকা হয়েছে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইয়াসির আলী, শহীদুল ইসলামও সুযোগ পেয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি লিটন দাস ও সৌম্য সরকারের
ছবি: এএফপি

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তৃতীয় সদস্য হিসেবে জাতীয় দলে ডাক পেলেন আকবর। এর আগে আন্তর্জাতিক অভিষেক হয়েছে শরীফুল ইসলাম ও শামীম হোসেনের, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।

অন্যদিকে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেললেও সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাইফ। আর ইয়াসির বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেলেও শেষ পর্যন্ত খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। আন্তর্জাতিক অভিষেক হয়নি পেসার শহীদুলেরও।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন আকবর আলী
ছবি: প্রথম আলো

দলে ফিরেছেন নাজমুল হোসেন ও আমিনুল ইসলাম। এ বছরের নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন নাজমুল। বিশ্বকাপের স্কোয়াডে রিজার্ভ হিসেবে থাকা আমিনুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত বছরের মার্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে রিজার্ভ হিসেবে থাকলেও বাংলাদেশের টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে পাঠানো হয়েছিল আমিনুলকে।

বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচই চোটের কারণে খেলতে পারেননি সাকিব। আগেই জানা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তামিম ইকবালও চোটের কারণে ফিরতে পারছেন না এ সিরিজে।

আকবর, ইয়াসিরের (ডানে) সঙ্গে নতুন মুখ শহীদুল ও সাইফ
ছবি: শামসুল হক

১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টার সময়। এরপর দুটি টেস্টও খেলবে দুই দল। প্রথম টেস্ট হবে চট্টগ্রামে, পরেরটি মিরপুরে।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।