মুশফিক-সাকিব এত নিচে কেন?

ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে ব্যাটিং অর্ডারের অদলবদল তো সব দলই করে। কিন্তু সেই অদলবদলই যদি হয়ে যায় নিয়মিত ঘটনা, তাহলে তো মুশকিল! সাকিব-মুশফিকের ক্ষেত্রে অন্তত তা-ই হচ্ছে। দলের সেরা দুই ব্যাটসম্যান কিনা নামছেন ছয় ও সাত নম্বরে!
ক্রিকেটে ধরাবাঁধা নিয়ম, দলের সেরা ব্যাটসম্যানরা ব্যাটিং করেন টপ অর্ডারে। অথচ বাংলাদেশ যেন হাঁটছে উল্টো পথে! মুশফিক ও সাকিব নামছেন ছয় ও সাতে, যখন ম্যাচের গতিপথ প্রায় অর্ধেকটা নির্ধারিত হয়ে যায়! কিছুদিন আগেও স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে কিংবদন্তি ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ বলেছিলেন, ‘আমার চোখে বাংলাদেশ দলে সেরা ব্যাটসম্যান মুশফিক। তাঁর খেলা উচিত চারে, অথচ তাঁকে নামানো হচ্ছে ছয়ে কিংবা সাতে। টিম ম্যানেজমেন্ট কী ভেবে এ কাজ করছে, তা আমি বুঝতে পারছি না।’
আফগানিস্তান ম্যাচেও মুশফিক-সাকিবকে নামানো হয়েছিল ছয় ও সাতে। ওই ম্যাচেও দলের সেরা দুই ব্যাটসম্যানকে পেছনে নামানোর ফাটকা কাজে দেয়নি। ১১৯ রানেই ফিরে গিয়েছিলেন প্রথম চার ব্যাটসম্যান। তারপর মুশফিক-সাকিবের ১১৪ রানের জুটিতেই আফগানদের সামনে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশ। একে তো প্রতিপক্ষ আফগানিস্তান, তার ওপর আগে ব্যাটিং,¹ওই ম্যাচে না হয় ফাটকা খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই ম্যাচে তো প্রেক্ষাপট ভিন্ন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ৩৩৩ রানের পাহাড়সমান লক্ষ্য, তার পরও একই সিদ্ধান্ত!
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসানও মনে করেন, ইনিংসের প্রয়োজনে সকিব-মুশফিককে আরও ওপরে খেলা, ‘বাংলাদেশের ২৪০ রান উঠেছে বটে। তবে নিয়মিত বিরতিতে বাংলাদেশের উইকেটে পড়েছে। এরপর সাকিব-মুশফিক ও মুশফিক-সাব্বিরের দুটি জুটি। সেটাও ইনিংসের মাঝামাঝি পর্যায়ে। আমাদের ব্যাটিংয়ের স্তম্ভ মূলত সাকিব-মুশফিক। যত ভালো ব্যাটসম্যানই হোন না কেন, যত বেশি ওভার দেওয়া যায় খেলতে, ততই ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিব-মুশফিককে আরও ওপরে খেলানো উচিত। এও ঠিক, ৩৩২ রানের লক্ষ্য তাড়া করা কঠিন কাজ। এত রান তাড়া করে জেতার রেকর্ডও নেই বাংলাদেশের। এখন কিছু হোমওয়ার্ক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। আগামী তিন ম্যাচের দুটিই জিততে হবে। এ কারণে কিছু বদল আনতে হবে। এখন পরিবর্তন কী কী হবে, সেটা ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকেই।’