মুশফিককে নিয়ে আবার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডের পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন। খেলতে পারেননি টি-টোয়েন্টিতেও। ওয়েলিংটনে প্রথম টেস্টে ফিরে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও চোট তঁার পিছু ছাড়ছে না। সর্বশেষ দুঃসংবাদ হলো, ডান হাতের বুড়ো আঙুলের হাড়ে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে তাঁর। যেটা এই টেস্টের বাকি অংশ তো বটেই, অনিশ্চিত করে তুলতে পারে মুশফিকের দ্বিতীয় টেস্টে খেলাও।
সেঞ্চুরির ইনিংসে নিউজিল্যান্ডের পেসারদের অনেক বাউন্সার সামলাতে হয়েছে মুশফিককে। সেগুলোরই একটি আঘাত করে ডান হাতের বুড়ো আঙুলে। ফোলা ও ব্যথা কমেনি বলে কাল ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে মাঠেই নামতে পারেননি অধিনায়ক। টেস্টের বাকি সময়ও তাঁর ফিল্ডিং বা কিপিং করার সম্ভাবনা নেই। খুব জরুরি না হলে দ্বিতীয় ইনিংসে হয়তো ব্যাটিংও করবেন না মুশফিক।
কাল সকালে করানো এক্স-রেতে মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলের হাড়ে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। কিন্তু উইকেটকিপারদের আঙুলে এ রকম চিড় থাকাটা অস্বাভাবিক নয় বলে ফিজিও ডিন কনওয়ে নিশ্চিত হতে পারছেন না এটি নতুন চোট নাকি পুরোনো। আঙুল ফুলে থাকায় এবং ব্যথা থাকায় এ মুহূর্তে তা নিশ্চিত হওয়াও সম্ভব নয়। ৪৮ ঘণ্টা পর তাই আবারও পর্যালোচনা করা হবে আঙুলের অবস্থা। নিউজিল্যান্ড সফরে মুশফিকের ভবিষ্যৎটাও বোঝা যাবে তখনই।
দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের কথায়ও প্রকাশ পেয়েছে সেই শঙ্কা, ‘এক্স-রে রিপোর্ট হাতে পেয়ে ফিজিও জানিয়েছেন, নিশ্চিত কোনো চিড় পাওয়া যায়নি। তারপরও যেহেতু ফোলা এবং ব্যথা আছে, ৪৮ ঘণ্টার মধ্যে বা টেস্টের শেষে আবার রিভিউ করা হবে। এখন পর্যন্ত আশা করা যাচ্ছে দ্বিতীয় ইনিংসে মুশফিক ব্যাট করবেন। তবে আঙুলের ব্যথার ওপরই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।’
মাঠে নামলে মুশফিক কিপিং করবেন কি না, এমন প্রশ্নের জবাবেও একই কথাই বলেছেন মিডিয়া ম্যানেজার, ‘সবকিছু নির্ভর করছে ব্যথার মাত্রার ওপর।’