মুশফিককে নিয়ে একটু অনিশ্চয়তা

এখনই বলে দেওয়ার উপায় নেই যে, ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে মুশফিকুর রহিম খেলবেন না। হতে পারে নেলসনের ২৯ ডিসেম্বরের দ্বিতীয় ওয়ানডেতেই তিনি মাঠে। আবার এমনও হতে পারে, মুশফিক খেলছেন না।
কাল হ্যাগলি ওভালের প্রথম ওয়ানডেতে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুশফিক। এই প্রতিবেদককে তিনিই জানিয়েছেন, ‘চোটটা ডাইভ দেওয়ার মুহূর্তে লেগেছিল।’ চোট পেয়ে ইনিংস শেষ না করেই মাঠ ছেড়েছেন মুশফিক। ড্রেসিংরুমে ফিরে বসে ছিলেন নীরব দর্শক হয়ে। হতাশা কাটিয়ে উঠতে পারেননি হোটেলে ফিরেও। শারীরিক অবস্থা জানতে মুঠোফোনে যোগাযোগ করলে টেস্ট অধিনায়কের সংক্ষিপ্ত জবাব, ‘অবস্থা ভালো নয়। তবে দেখা যাক...স্ক্যান করলে সব বোঝা যাবে।’
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও তা-ই জানিয়েছেন। চোটের জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় স্ক্যান করানো হবে ৪৮ ঘণ্টা পর, অর্থাৎ আগামীকাল। সে পর্যন্ত চোটের জায়গায় বরফ চিকিত্সা চলবে। সমস্যা থাকলে স্ক্যানেই তা পরিষ্কার হবে। তবে আপাতত যেটুকু অনুমান, তাতে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে ভালো অনিশ্চয়তা আছে। চোটের মাত্রা বেশি হলে তো আবার মাঠে নামার আগে চিকিত্সাই লাগবে। তবে হ্যামস্ট্রিংয়ের সাধারণ সমস্যাতেও প্রথম চিকিত্সা পরিপূর্ণ বিশ্রাম। দ্বিতীয় ওয়ানডের আগে সেই সময় আর কতটাই বা পাচ্ছেন তিনি!
মুশফিককে নিয়ে মৃদু অনিশ্চয়তা আছে বলেই হয়তো সম্ভাব্য বিকল্প উইকেটকিপারের নামটা জানিয়ে দিলেন মাশরাফি, ‘দলে আমাদের একজনই বিকল্প উইকেটকিপার আছে, নুরুল হাসান।’