মুশফিকদের আগেই গ্রেনাডায় ফিল্ডিং কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান কালপাগে চলে আসায় স্পিন কোচের পদ পূরণ হয়ে গেছে। বাকি আছে শুধু ফিল্ডিং কোচ। বাংলাদেশ দল সেটিও পেয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছার আগেই!
কী করে? গ্রেনাডার উদ্দেশে বাংলাদেশ দল কাল রাত সাড়ে নয়টায় দেশ ছাড়লেও বাংলাদেশ সময় গভীর রাতেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যাওয়ার কথা নতুন ফিল্ডিং কোচ রিচার্ড গ্রান্ট হ্যালসলের। আপাতত এক মাসের চুক্তিতে কাজ করবেন ক্যারিবিয়ান সফরে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হওয়ার পরই পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হবেন বিসিবির সঙ্গে। অন্য কোচদের মতো হ্যালসলের চুক্তিও হবে দুই বছরের।
বর্তমানে ইংল্যান্ডে স্থায়ী জিম্বাবুইয়ান বংশোদ্ভূত হ্যালসল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নয়টা। তবে খেলোয়াড় হ্যালসলের চেয়ে কোচ হ্যালসলই বেশি পরিচিত। ২০০৭ সালে ইংল্যান্ডের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন, ২০১১ সালে দায়িত্ব নেন একই দলের সহকারী কোচের।
গত সোমবার শ্রীলঙ্কান কালপাগে ঢাকায় আসার পর ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছিলেন, কালপাগেকে স্পিন কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্বও দেওয়া হয়েছে। তবে কাল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ভিন্ন কথা বললেন, ‘কালপাগেকে শুধুই স্পিন কোচ হিসেবে আনা হয়েছে। তিনি হাথুরুসিংহের ডেপুটি নন। সহকারী কোচ হিসেবে আমরা স্থানীয় কাউকেই নেব।’
হ্যালসলকে পাওয়ার পর জাতীয় দলের জন্য এখন কেবল একজন ফিজিওই খোঁজা বাকি বিসিবির। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর চলে যাবেন বিভব সিং। তাঁর জায়গায় নতুন কাউকে তো আনতে হবে। একই সঙ্গে বিসিবি খুঁজছে একাডেমির প্রধান কোচও। সম্ভাব্যের তালিকায় আছেন ইংল্যান্ডের অ্যান্ডি মোলস ও দক্ষিণ আফ্রিকার ডি ব্রুইন। একাডেমির জন্য যোগ্য কোচ খুঁজতে বিসিবি সম্ভাব্য কোচদের সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে বলে জানা গেছে।