
মিরপুর টেস্টে মুশফিকদের জয় পুরো বাংলাদেশকে ভাসিয়েছে আনন্দে। এনে দিয়েছে উৎসবের আমেজ। অন্যদিকে হেরে দেশীয় সংবাদমাধ্যমের রোষানলে পড়েছে অ্যালিস্টার কুকের দল। হারের চেয়ে হারের ধরনের কারণেই সমালোচনা হচ্ছে বেশি। তবে এই দুঃসময়ে কুকদের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম। এই এক হার দিয়ে ইংল্যান্ড দলকে বিচার করার পক্ষপাতী নন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বরং ভারতের মাটিতে আসন্ন সিরিজটাই ইংল্যান্ডের বড় পরীক্ষা বলে মনে করেন বোথাম। একইভাবে মুশফিকদেরও মনে করিয়ে দিয়েছেন সামনের চ্যালেঞ্জটা।
পরশু মিরপুরে চতুর্থ ইনিংসে ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ১০০ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেখানে থেকে মাত্র এক সেশনেই সব উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয়ে যায় কুকের দল। ম্যাচ জিতে সিরিজও ১-১ করে ফেলে বাংলাদেশ। নিদারুণ এই ব্যাটিং-ধসে বিশাল সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড। তবে পুরো ব্যাপারটাকে বোথাম দেখছেন অন্যভাবে, ‘ওই কন্ডিশনে এ রকম ধস হতেই পারে। উইকেটই ওইভাবে বানানো হয়েছে, ওটা স্পিনের জন্যই তৈরি। আপনি যখন দেখবেন টেস্টে নতুন বলে কোনো স্পিনার ওপেন করছে, তখনই তো বোঝার কথা কী হতে যাচ্ছে।’
এই জয়টা ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় প্রেরণা হতে পারে বলে মনে করেন বোথাম। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক টেস্ট ক্রিকেটে মুশফিকদের সামনের চ্যালেঞ্জটা কী সেটা জানেন, ‘ওদের জন্য এটা (জয়) ভালো হয়েছে। তবে এখন ওদের যেটা করতে হবে, দেশের বাইরে টেস্ট জেতা শুরু করতে হবে। ওটাই আসল পরীক্ষা।’
পরীক্ষা কিন্তু ইংল্যান্ডেরও আছে, সেটি একবারেই সামনে। আগামী মাসে ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজটাই কুকের দলের আসল পরীক্ষা নেবে বলে মনে করেন বোথাম। এএফপি।