মুশফিকদের এমন হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২০ রান, টি-টোয়েন্টিতে কী এমন কঠিন লক্ষ্য! খুলনা টাইটানসেরও খুব একটা বেগ পেতে হয়নি সহজ লক্ষ্যটা পেরোতে। বরিশাল বুলসকে কাল ৬ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট তালিকায় ওপরে উঠে এসেছে খুলনা।

সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬ রানে ফিরে যান খুলনার দুই ওপেনার। তাইজুল ইসলামের প্রায় গড়িয়ে আসা বলে বোল্ড হয়েছেন হাসানুজ্জামান আর তাইবুর রহমান ফিরেছেন রানআউটে কাটা পড়ে। বিপিএলের শুরু থেকেই ফর্ম খুঁজে ফিরছেন শুভাগত হোম। নিজেদের সর্বশেষ ম্যাচে তিনি ছিলেন একাদশের বাইরে। তবে কাল ছন্দে ফিরেছেন শুভাগত। রুম্মান রায়েসের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হওয়ার আগে করেছেন ৩৪ বলে ৪০ রান। মাহমুদউল্লাহ অবশ্য ৩৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন দলকে জিতিয়েই। খুলনার সহজ জয়ে বড় অবদান চতুর্থ উইকেটে শুভাগত-মাহমুদউল্লাহর ৪৭ বলে ৫৭ রানের জুটির।

আগে ব্যাট করা বরিশাল প্রথম ওভারেই তোলে ৮ রান। এরপর তারা যত এগিয়েছে, ততই শ্লথ হয়েছে তাদের রানের চাকা। যদিও ২৪ রানে দুই ওপেনার হারানোর পর তৃতীয় উইকেটে স্বচ্ছন্দেই এগোচ্ছিলেন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। এই জুটিতে দুজন যোগ করেন ৩৭ বলে ৪২ রান। মোশাররফ হোসেনের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হওয়ার আগে শাহরিয়ার করেন ২৭ বলে ২৩ রান।

ছন্দে থাকা মুশফিক কালও ছিলেন উজ্জ্বল। কিন্তু থিসারা পেরেরার সঙ্গে ভুল–বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে বরিশাল অধিনায়কের ইনিংসটি থেমে যায় ৩১ রানে। এরপরও উইকেটে দুজন সেট ব্যাটসম্যান থাকার পরও শেষ ৪ ওভারে বরিশাল তুলতে পেরেছে ২৫ রান।

ছুটির দিনে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ভরা থাকলেও এমন ম্যাড়মেড়ে ম্যাচে মন ভরার কথা নয় দর্শকদের। হাতে উইকেট থাকার পরও রান-বন্যা দেখা না গেলে ম্যাচ কি আর উপভোগ্য হয়!