মুশফিকদের ক্লান্তিকর একটা দিন

পঞ্চাশ ওভারও প্রায় যায় যায়। কিন্তু উইকেটের দেখা নেই! মরীচিকা হয়ে ওঠা সেই উইকেটের দেখা অবশেষে পেল বাংলাদেশ। শুধু তা-ই নয়, দেখা মিলতেই উইকেট পড়ল দুটো। উদ্বোধনী জুটিতে ১৪৩ রান তোলার পর ২ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
চা বিরতির আগে জোড়া উইকেটের এই আঘাতের সঙ্গে বিরতির পর পরই মাহমুদউল্লাহর সৌজন্যে ফেরানো গেল কার্ক এডওয়ার্ডসকেও। ১৮৫ রানে ৩ উইকেট ফেলে দিয়ে ম্যাচের লাগাম মুঠোয় পোরার যে চেষ্টা করেছিল বাংলাদেশ, সেটা দিনশেষে মুঠো গলেই বেরিয়ে গেছে। স্লিপে সহজ ক্যাচটা কঠিন করে ধরতে চাওয়ার নাসিরের বোকা বোকা একটা প্রচেষ্টার ফল অন্য রকম হলে পরিস্থিতিও হয়তো অন্য রকম হতো। তবে ৩ উইকেটে ২৪৬ রান দিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে, লাগামটা তারা পুরো কব্জাতেই রাখতে চায়। চায় প্রথম ইনিংসে বড় একটা সংগ্রহও।
সেই অর্থে তাই প্রথম দিনে বাংলাদেশ দলে কোনো নায়ক নেই। শফিউল, তাইজুল আর মাহমুদউল্লাহ নিয়েছেন উইকেট তিনটি। তবে প্রথম দুটো উইকেটের সঙ্গেই জড়িয়ে থাকল প্রথম টেস্টে নজর কাড়া তাইজুল ইসলামের নাম। প্রথমে শফিউলের বলে ক্যাচ লুফে নিয়ে ফেরালেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ক্রেগ ব্রাফেটকে (৬৩)। তিন ওভার পর নিজে বোলারের ভূমিকাতে এলবিডব্লুর ফঁাদে ফেললেন লিওন জনসনকে।
ক্রিস গেইলের অনুপস্থিতিতে এই ম্যাচে অভিষেক হয়েছে ২৭ বছর বয়সী জনসনের। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম ম্যাচে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন ক্লাইভ লয়েড, নিজে এক সময় যে দলটিকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। ক্যাপ তুলে দেওয়ার আগে লয়েড জনসনের উদ্দেশে নাতিদীর্ঘ একটা বক্তব্যও দিয়েছেন। হয়তো বলেছেন, মুহূর্তটাকে স্মরণীয় করে রাখো।
সেই পথেই এগোচ্ছিলেন জনসন। কিন্তু শেষ পর্যন্ত ৬৬ রানে থেমেছেন। টিভি রিপ্লে বলছে, রিভিউ নিলে এই যাত্রা হয়তো বেঁচে যেতেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়েই যাচ্ছিল। কিন্তু রিভিউ নেবেন কি নেবেন না করতে করতে সময়ই পার করে ফেলেন। সাজঘরে গিয়ে রিপ্লে দেখে আক্ষেপটা নিশ্চয়ই তাঁর বেড়েছে। অভিষেক টেস্টে সেঞ্চুরির সম্ভাবনাই যে জাগিয়েছিলেন দারুণ ব্যাটিং করা এই তরুণ।
উদ্বোধনী জুটিতেই প্রায় শ দেড়েক রান তুলে ফেলার পর ৪২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ চাপেই পড়ে যায়। কিন্তু ড্যারেন ব্র্যাভো আর শিবনারায়ণ চন্দরপলের ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি সেই চাপ এখন ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশকেই। সহজ এবং কঠিন মিলিয়ে আরও গোটাকয় সুযোগ হাতছাড়া করার আক্ষেপেও নিশ্চয়ই পুড়ছে মুশফিকের দল। আগামীকাল সকাল সকাল বোলারদের উইকেটক্ষুধা না বাড়লে বিপদও কিন্তু বাড়বে!