মুশফিকদের জন্য তৈরি স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন স্টেইন। ছবি: প্রথম আলো
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন স্টেইন। ছবি: প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ডেল স্টেইন যে তৈরি, সেটি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেই বুঝিয়েছেন। গত মাসে পোস্ট করা সেই ছবির ক্যাপশন ছিল, ‘শেষ হচ্ছে অপেক্ষা!’ প্রোটিয়া ফাস্ট বোলারের এই অপেক্ষা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। আর দক্ষিণ আফ্রিকার পরবর্তী সিরিজটা বাংলাদেশের বিপক্ষেই। 

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কাঁধের হাড় ভেঙে ফেলার পর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে স্টেইন। লক্ষ্য ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। এর আগে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে কয়েকটি চার দিনের ম্যাচও খেলতে চেয়েছিলেন। কিন্তু কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন-প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় সেটি হয়নি। তবে গত মাসে ইনস্টাগ্রামে তাঁর দেওয়া ওই ছবি আর ক্যাপশনে বোঝা যাচ্ছে, এখন তিনি তৈরি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই হয়তো শেষ হচ্ছে স্টেইনের অপেক্ষা।
যদিও দলে জায়গা পাওয়ার ব্যাপার আছে স্টেইনের। প্রায় ১০ মাস ক্রিকেটের বাইরে ৩৪ বছর বয়সী ফাস্ট বোলার। এ সময় যেহেতু কোনো ম্যাচ খেলেননি, তাই সরাসরি দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। নিজেকে প্রমাণের জন্য তাই স্টেইন সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে তাঁর দল টাইটানসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার। অবশ্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মাত্র এক রাউন্ডের খেলা হবে প্রথম শ্রেণির ক্রিকেটে। দলে জায়গা পেতে হলে ওই এক ম্যাচেই কিছু করে দেখাতে হবে স্টেইনকে।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার অবশ্য একটা দারুণ সুখস্মৃতি আছে স্টেইনের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দুই টেস্ট সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেলেও ওই সিরিজেই টেস্ট ক্যারিয়ারের ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন স্টেইন। ৮৫ টেস্টে ২২.৩০ গড়ে ৪১৭ উইকেট নেওয়া স্টেইন আর মাত্র ৫টি উইকেট পেলেই শন পোলককে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন। ইএসপিএন-ক্রিকইনফো।