মুশফিকরা যেভাবে পাচ্ছেন রবির আলো
ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র স্কোরকার্ডে অনেকক্ষণ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে লেখা থাকল রবিউল ইসলামের নাম। পরে অবশ্য সেটি সংশোধন করা হয়েছে। লেখা হয়েছে সাব্বির রহমানের নাম।
একজন বোলার ২১ বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তাঁর উইকেট তালিকায় আছেন সাকিব আল হাসান, আরিফুল হক, জাকির হাসানের মতো জেমকন খুলনার ব্যাটিংভরসা। বঙ্গবন্ধু টি–টোয়েন্টিতে রবিই ইনিংসে ৫ উইকেট পাওয়া প্রথম বোলার।
ম্যাচসেরার পুরস্কার না পেলেও বেক্সিমকো ঢাকার এই অফ স্পিনারকে নিজের সই করা একটা বল উপহার দিয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
রবির কাছে এটা অনেক বড় অনুপ্রেরণা, ‘মুশফিক ভাই আমাকে অনুপ্রাণিত করছেন। সাহস দিচ্ছেন, বলছেন ভালো বোলিং হচ্ছে। এটা চালিয়ে যেতে হবে সামনেও।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টিতে বোলিং দিয়ে আলোচনায় এলেও রবি মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচ মিলিয়ে আছে ৫টা সেঞ্চুরি।
এমনকি এই টুর্নামেন্টে তিনি ঢাকার হয়ে প্রথম দুটি ম্যাচে খেলেছেন টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে। খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে তিনে নেমে করেছিলেন ৪ রান। সেদিন ১ ওভার বোলিং করার সুযোগ পান।
ফরচুন বরিশালের বিপক্ষে নিজের পরের ম্যাচে ব্যাটসম্যান হিসেবে খেললেও আগে ফিল্ডিং করায় তাঁর সুযোগ হয় পুরো ৪ ওভার বোলিং করার।
ঢাকা প্রিমিয়ার লিগে নতুন বলে তিনি বোলিং করে অভ্যস্ত জেনে বরিশালের বিপক্ষে রবিকে পাওয়ার প্লেতেই ব্যবহার করেন অধিনায়ক মুশফিক। প্রথম ওভারেই পেয়ে যান পরপর দুই উইকেট।
সে ম্যাচে ঢাকার হয়ে ওপেনিংয়ে নেমে ২ রান করে রান আউট হলেও ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবি। পরের দুই ম্যাচে আর ব্যাটিংয়েরই সুযোগ পাননি, খেলেছেন শুধুই বোলার হিসেবে।
আর কাল খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে সুযোগ পেলেও নেমেছেন লোয়ার অর্ডারে। বোলিংয়ে পেয়েছেন টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা ৫ উইকেট।
ব্যাটসম্যান পরিচয় ছাপিয়ে এই টুর্নামেন্টে রবি দুর্দান্ত এক অফ স্পিনার হিসেবে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ এটা ঠিক, ঘরোয়া ক্রিকেটে বোলিং তিনি আগেও করেছেন। তবে এই টুর্নামেন্টে যেভাবে সফল হচ্ছেন, তা আগে দেখা যায়নি।
বোলিংয়ে যতই ভালো করুন, যেহেতু মূল পরিচয় ব্যাটসম্যান—ব্যাটিং নিয়ে খানিকটা আফসোস তাই থেকেই যাচ্ছে তাঁর, ‘আমি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলি। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে তেমন সুযোগ হচ্ছে না। এ কারণে বোলিংয়ে ভালো করার চেষ্টা করছি। সেটা ভালোও হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং না করতে পারলেও দলে যেভাবেই হোক অবদান রাখতে পেরেই খুশি।’
ঘরোয়া ক্রিকেটে রবি প্রায় এক যুগ কাটিয়ে দিয়েছেন। খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে তাঁর অভিষেক ২০০৮ সালে। অথচ স্বীকৃত টি–টোয়েন্টিতে তাঁর অভিষেক হয়েছে গত বছর।
৩০ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের এখনো পর্যন্ত সুযোগ হয়েছে মাত্র ১১ টি–টোয়েন্টি খেলার।
পর্যাপ্ত টি–টোয়েন্টি খেলতে না পারায় বেশ আফসোস রবির, ‘টি–টোয়েন্টি খেলার সুযোগ খুব কম পাই। সুযোগ না পেলে উন্নতি করব কীভাবে? গত বছর টি–টোয়েন্টি অভিষেকেই ফিফটি করেছিলাম। ম্যাচ যত বেশি খেলার সুযোগ পাব, তত ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’
সেই সুযোগটা এই বঙ্গবন্ধু টি–টোয়েন্টিতে বেশ ভালোভাবেই পাচ্ছেন বলেই রবি নিয়মিত আলো ছড়াচ্ছেন বোলিংয়ে।
কাল রাতে যখন ঢাকার এই ব্যাটিং অলরাউন্ডারের সঙ্গে মুঠোফোনে কথা হচ্ছে, পাশ থেকে হঠাৎ কণ্ঠ শোনা গেল তাঁর রুমমেট মুক্তার আলীর। রবি হেসে বললেন, ‘মুক্তারও অসাধারণ বোলিং করছে, আমরা দুজনই তো ঢাকার হয়ে বেশির ভাগ উইকেট (২৪টি) তুলে নিচ্ছি! আমরা এগোচ্ছি শিরোপা জয়ের লক্ষ্যে।’
এ লক্ষ্যটা পূরণ করতেই রবি আলো ছড়াতে চান সামনেও।