মুশফিকের আঙুলে চিড় নেই, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিড় ধরা পড়েনি মুশফিকের আঙুলে। ছবি: এএফপি।
চিড় ধরা পড়েনি মুশফিকের আঙুলে। ছবি: এএফপি।

গতকাল ব্যাটিংয়ের সময় নিউজিল্যান্ডের পেসারদের বেশ কিছু বাউন্সার সামলাতে হয়েছিল মুশফিকুর রহিমকে। সেগুলোরই একটি আঘাত করেছে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে, আরেকটি বাম হাতের তর্জনীতে। ব্যথা যায়নি বলে আজ ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে মাঠেই নামেননি বাংলাদেশ অধিনায়ক। নামার সম্ভাবনা নেই কাল চতুর্থ দিনেও।

বেসিন রিজার্ভে দিনের খেলা শেষে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেছেন, ‘সকালে খেলা শুরুর আগে মুশফিকের এক্স-রে হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে ফিজিও জানিয়েছেন, নিশ্চিত কোনো চিড় পাওয়া যায়নি। তারপরও যেহেতু ফোলা এবং ব্যথা আছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বা টেস্টের শেষে হয়তো আবার রিভিউ করা হবে। এখন পর্যন্ত আশা করা যাচ্ছে দ্বিতীয় ইনিংসে মুশফিক ব্যাট করবে। তবে আঙুলের ব্যথার ওপরই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।’

মাঠে নামলে মুশফিক উইকেট কিপিং করবেন কি না, এমন প্রশ্নের জবাবেও একই কথাই বলেছেন মিডিয়া ম্যানেজার, ‘সবকিছু নির্ভর করছে ব্যথার মাত্রার ওপর।’