মুশফিকের আঙুলে সূক্ষ্ম চিড়
আশা করতে দোষ নেই। তাই আশা করে যাচ্ছেন সবাই। প্রধান নির্বাচক ফারুক আহমেদও সেই দলে। ভারত সিরিজে মুশফিকুর রহিমের উইকেটকিপিং করার সম্ভাবনা নিয়ে বললেন, ‘এমন নয় যে, সে খেলতে পারবে না বা কিপিং করতে পারবে না। টেস্টের এখনো সাত দিন বাকি। আশা করি, তার আগেই সুস্থ হয়ে উঠবে।’
মুশফিক নিজেও হয়তো এই আশাতেই আছেন। সরাসরি সে আশার কথাটা জানা গেল না কাল রাতে তাঁকে মুঠোফোনে না পাওয়ায়। তবে বিসিবির বিশ্বস্ত একটি সূত্রের তথ্য, ভারতের বিপক্ষে টেস্টে মুশফিক যদি শেষ পর্যন্ত কিপিং করেনও, তাতে বেড়ে যেতে পারে চোটের মাত্রা। কারণ তাঁর আহত আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে, যেটা যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করে যাওয়া হচ্ছে। এ কারণেই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির চিকিৎসক-ফিজিওরা। সূত্র জানিয়েছে, কিপিং করলে সমস্যা বাড়ার আশঙ্কার কারণেই নির্বাচক থেকে শুরু করে বোর্ড সভাপতি সবাই চাচ্ছেন, ভারতের বিপক্ষে টেস্টটা মুশফিক শুধু ব্যাটসম্যান হিসেবে খেলুন।
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডান হাতের অনামিকায় চোট পাওয়ার পর ওই টেস্টে মুশফিক আর কিপিং করেননি। ঢাকায় পরের টেস্টে আবারও দাঁড়িয়েছেন স্টাম্পের পেছনে। হয়তো তখনো চিড়টা ধরা পড়েনি বলেই। কিন্তু ব্যথা না কমায় ঢাকা টেস্টের পর এক্স-রে ও এমআরআই করানো হয় আঙুলের। তাতেও কিছু পাওয়া যায়নি বলে ডাক্তাররা সিদ্ধান্ত নেন সিটি স্ক্যান করানোর। চিড়ের অস্তিত্ব জানা যায় তখনই। ‘চিড়টা এতই সূক্ষ্ম যে সিটি স্ক্যানের ১০০টি স্লাইডের মধ্যে ৯৮টিতেই তা ধরা পড়েনি। বাকি দুটি স্লাইডে চিড়ের অস্তিত্ব পাওয়া গেছে’—জানিয়েছে সূত্র। এ ধরনের চিড় যত সূক্ষ্ম হয়, সেরে উঠতে ততই বেশি সময় লাগে। অনেক সময় পুরোপুরি সারেও না। তা ছাড়া মুশফিকের চোটটা যেখানে, আঙুলের প্রতিটি নড়াচড়ায় সেটি নড়ে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে রেডিওলজিস্টও তাই বলে দিয়েছেন, এই চিড় জোড়া লাগার সম্ভাবনা নেই।
বিশ্রাম ছাড়া এসব চোটের চিকিৎসা তেমন একটা নেই। সেই বিশ্রাম অন্তত ছয় থেকে আট সপ্তাহ। পাকিস্তান সিরিজের পর থেকে তাই ‘বিশ্রামে’ রাখা হয়েছে মুশফিকের আহত আঙুলটাকেও। কিছুদিন ধরে ব্যাটিং করলেও উইকেটকিপিং অনুশীলন করেননি এখনো। কিন্তু এই বিশ্রামে অবস্থার কতটা উন্নতি হলো, তা টেস্টের আগে পরিষ্কার বোঝার উপায় নেই। কারণ সিরিজের আগে আর কোনো সিটি স্ক্যান করানো হবে না। এ অবস্থায় মুশফিকের সুস্থতার মানদণ্ড নির্ভর করবে আঙুলে কতটা ব্যথা অনুভব করছেন তার ওপর।
মুশফিকের জন্য আশার কথা, বাংলাদেশের অনেক উইকেটকিপারই আঙুলে এ রকম সূক্ষ্ম চিড় নিয়ে কিপিং করে যাচ্ছেন। তবে সবই নির্ভর করছে কতটা ব্যথা তিনি সহ্য করতে পারবেন সেটার ওপর। ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যেতে পারলে ভালো। কিন্তু ব্যথা অসহ্য হলেই বন্ধ করে দিতে হবে আঙুলের ওপর ‘অত্যাচার’। চলে যেতে হবে লম্বা বিশ্রামে।