মুশফিকের আরজি নিয়মিত টেস্ট খেলা

ব্যাপারটি কষ্ট থেকেই বলা। মুশফিকুর রহিমের এই মন্তব্যের সঙ্গে মিশে আছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ‘না–পাওয়া’র কষ্টকর এক অনুভূতি। ক্যারিয়ারে ৫০ টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, কিন্তু এখনো নাকি কোনো টেস্ট ম্যাচ খেলতে নামলে মনে হয়—‘অভিষেক টেস্ট’ খেলতে নামছেন। কারণটা আর কিছুই নয়, একটি টেস্ট পেতে যে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অনেক দিন। ১৫ মাস পর যদি কোনো দল টেস্ট খেলতে নামে, তাহলে সে দলের সবারই ‘অভিষেক টেস্টে’র অনুভূতি হওয়ার কথা। মুশফিক সেটি প্রকাশ করেছেন অকপটেই।
২০০৫ সালে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই অভিষেক মুশফিকের। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে আঙিনায়। অ্যালিস্টার কুককে দেখলে বুকের কোণে চিনচিনে একটা ব্যথাই বোধ করেন মুশফিক। তাঁর পরে অভিষিক্ত হয়েও গত ১১ বছর ১৩৪টি টেস্ট খেলে ফেলেছেন টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক! আর তাঁকে কিনা ৫০ টেস্টের অনুভূতি বর্ণনা করতে হচ্ছে!
মুশফিকের এমনটি মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। যে বছর তাঁর অভিষেক হয়েছে, সেবার খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটিতে। পরের বছরও তা-ই। ২০০৭ সালে খেলেছেন ২টি। ২০০৮ সালে খেলেছেন ৯টি, যেটি এক বছরে মুশফিকের সর্বোচ্চ টেস্ট খেলার অভিজ্ঞতা। বছরে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান গড়ে খেলেছেন ৪টির মতো টেস্ট। দীর্ঘ বিরতিতে টেস্ট খেলার অভিজ্ঞতাও তাঁর নতুন নয়।
ক্রিকেটের যে সংস্করণেই হোক, নিয়মিত না খেললে কখনোই অভিজ্ঞতা বাড়ে না। আর অভিজ্ঞতা না বাড়লে সাফল্যও পাওয়া যায় না। অনিয়মিত টেস্ট খেলা মানে প্রতিবারই প্রথম থেকে শুরু করা। এগোতে গিয়ে ঘন ঘন হোঁচট খাওয়া। মুশফিকের তাই প্রতিবারই টেস্ট খেলতে নামার সময় অভিষেকের অনুভূতি হয়েছে। সেই ‘কী হয়’ ‘কী হয়’ ব্যাপার, সেই উৎকণ্ঠা, মাঠে নামার পর সবকিছু নতুন মনে হওয়া!
মুশফিকের কণ্ঠে তাই নিয়মিত টেস্ট খেলার আরজি, ‘টেস্ট যত খেলবেন, তত শিখবেন, তত বেশি বুঝবেন, কোন পরিস্থিতিতে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে রক্ষণাত্মক কিংবা আক্রমণাত্মক খেলতে হবে। আমরা যে ১২-১৩ মাস পর টেস্ট খেলি...যে ৪৯ টেস্ট খেলেছি, প্রতিবারই মনে হয়েছে আমার অভিষেক হচ্ছে!’