মুশফিকের কষ্ট, মুশফিকের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হাতে আইসব্যাগ নিয়ে হোটেল লবিতে নেমে এসেছিলেন। কী একটা কাজ সেরেই আবার চলে গেলেন রুমে। বাইরে গল্প করছিলেন সতীর্থ ক্রিকেটাররা। সেদিকে পা-ও বাড়ালেন না।
ঘটনাটা গত পরশু বিকেলে হোটেল ট্রেইলওয়েজের। মুশফিক তখনো বিষণ্ন ছিলেন। আড্ডা দেওয়ার প্রশ্নই ওঠেনি। কিন্তু তখন কি জানতেন আরও কত গভীর বিষাদ তাঁকে জেঁকে ধরতে যাচ্ছে! কাল সকালে স্যাক্সটন ওভালে পা দিতেই কানে এল দুঃসংবাদটা। দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক খেলছেন না। হ্যামস্ট্রিংয়ের চোট পুরো সারেনি বলে স্ক্যানও পিছিয়ে দেওয়া হয়েছে এক দিন।
একটু পর সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবেই জানালেন, মুশফিক দ্বিতীয় ওয়ানডে খেলছেন না। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সপ্তাহ দুয়েক লেগে যায় বলে মিস করতে পারেন শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও। মুশফিক তার আগে ফিরতে পারলে সেটিকে ‘বোনাস’ ধরে নেবেন কোচ। তবে হাথুরুসিংহের আশা, ‘আজকে (গতকাল) ওকে পুলে দেখে এসেছি। আপনারা মুশফিককে চেনেন…সে সব সময়ই কিছু না কিছু করে। আমি নিশ্চিত যে চোটের সময়ও সেটা চালিয়ে যাবে। এমনও হতে পারে আমাদের ধারণার চেয়ে আগেই সে ফিট হয়ে গেল।’

মুশফিকও বুক বেঁধেছেন এই আশায়। চোটের সর্বশেষ অবস্থা কী, জানতে চাইলে মুঠোফোনে শোনালেন সে আশার কথা, ‘সুইমিং করেছি কিছু এক্সারসাইজ করেছি। এগুলো করে ভালো মনে হয়েছে। ব্যথা এখন অনেক কম। হাঁটতে সমস্যা হচ্ছে না। ইনশা আল্লাহ তাড়াতাড়ি ফিরতে পারব।’ তবে এই অনুভূতিই যে শেষ কথা নয়, সেটা মুশফিকেরও জানা। সে জন্যই শেষে বলে রাখলেন, ‘স্ক্যান করানোর আগে কিছুই বলা যাবে না।’

স্ক্যান রিপোর্টে বেশি নেতিবাচক কিছু ধরা পড়লে মুশফিকের জন্য তা হবে চরম হতাশার। এমনকি আজকের ম্যাচটাও যে খেলতে পারছেন না, মেনে নিতে পারছিলেন না সেটিও, ‘অনেক কষ্ট লাগছে। এই সিরিজের জন্য অনেক পরিশ্রম করেছি আমি। আর নেলসনের উইকেট তো আরও ভালো। এখানে ব্যাটিং করাটা খুব মিস করব।’

মিস করারই কথা। স্যাক্সটন ওভালে এখন পর্যন্ত একটিই ম্যাচ খেলেছেন মুশফিক। স্কটল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপের সে ম্যাচে ৪২ বলে করেছিলেন ৬২ রান। ফিফটি হয়ে গিয়েছিল মাত্র ৩৮ বলেই। এমন উইকেটে আরও একবার স্ট্রোকের ফোয়ারা ছোটানোর সুযোগ এভাবে হাতছাড়া হয়ে গেলে কারই ভালো লাগে!

মুশফিকের যেটা কষ্ট, হাথুরুসিংহের ভাষায় সেটা ‘বড় ধাক্কা’। দলে তাঁর অনুপস্থিতি মানে একসঙ্গে দুজন খেলোয়াড় নেই। একজন উইকেটকিপার ও একজন ব্যাটসম্যান। নুরুল হাসান প্রথমটির অভাব যতটা পূরণ করতে পারবেন, পরেরটির অভাব কি পারবেন ততটা পূরণ করতে? তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে প্রশ্নটা করার ইচ্ছা ছিল। কিন্তু নুরুল হাসান আগেই বলে দিলেন, ‘আজ (গতকাল) কথা না বলি। ভালো খেললে আপনাদের হোটেলে গিয়ে কথা বলে আসব।’

মুশফিককে সাময়িক হারানোর হতাশায় স্বস্তি হতে পারে নুরুল হাসানের একটা ভালো ইনিংস আর উইকেটের পেছনে সাবলীল উপস্থিতি। কয়েক বছর ধরেই মুশফিকের যে ধারাবাহিক পারফরম্যান্স, তাতে অন্তত ব্যাট হাতে তাঁর বিকল্প ভাবার কথা চিন্তায়ও আসেনি কারও। কিন্তু বাস্তবতা এটাই যে, মুশফিককেও কখনো না কখনো মাঠের বাইরে যেতে হবে। তা চোটের কারণেই হোক কিংবা ফর্ম হারিয়ে। সেই শূন্যতা পূরণ করতে কাউকে না কাউকে তো তৈির হতেই হবে।

সেটা নুরুল হাসানই কেন হবেন না?