একদিকে মুশফিকুর রহিমের আবাহনী, আরেক দিকে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বিকেলের ম্যাচটি জমজমাট হবে বলেই ধারণা ছিল। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত সহজেই জিতেছে আবাহনী। বিকেএসপিতে বিকেলের এক মাঠে খেলাঘরকে ৫ উইকেটে হারায় মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্য মাঠে ব্রাদার্স ইউনিয়ন শাইনপুকুরকে বৃষ্টি আইনে হারিয়েছে ১ রানে।
আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ জমে ওঠে আবাহনীর ওপেনার মুনিম শাহরিয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে। এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেছেন ম্যান অব দ্য ম্যাচ মুনিম। ৫০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসে তিনিই আবাহনীকে পৌঁছে দেন ১৮৩ রানে।
প্রাইম ব্যাংকের জন্য এই রান টপকানো এমনিতেই কঠিন ছিল। তার ওপর দুর্দান্ত বোলিং করেছেন আবাহনীর পেসার তানজিদ হাসান ও লেগ স্পিনার আমিনুল ইসলাম। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৬ ওভার শেষে বৃষ্টি এলে ১৯ ওভারে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। তামিম ইকবালের দল করতে পেরেছে ৬ উইকেট ১৪৩ রান। আবাহনী ম্যাচ জিতে যায় ৩০ রানে। তামিম ইকবাল করেন ৪১ বলে ৫১ রান।
বিকেএসপিতে ফিফটি করেছেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহও। তার ৪৮ বলে ৫৮ রানই জয় সহজ করে গাজী গ্রুপের। মাসুম খানের ৩৭ বলে ৫৯ রানে ভর করে খেলাঘর করে ১৩৯ রান। ম্যাচসেরা মাহমুদউল্লাহর অপরাজিত ফিফটিতে সেই রান টপকে যায় গাজী গ্রুপ। ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল মাহমুদউল্লাহর ইনিংস।
পাশের মাঠে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে বৃষ্টি–ভাগ্যে। শাইনপুকুর আগে ব্যাট করে ৩ উইকেটে ১৫০ রান করে।
জবাবে ব্রাদার্সের জিততে যখন ১২ বলে ১৯ রান দরকার, তখনই বৃষ্টি এলে বন্ধ হয়ে যায় খেলা। কাভার দেওয়ার পরও উইকেটের তিন জায়গায় ভিজে যাওয়ায় বৃষ্টি থামার পরও খেলা আর মাঠে গড়ায়নি। শাইনপুকুরের কোচ তালহা জুবায়ের এ নিয়ে ক্ষোভ ঝাড়েন কিউরেটর নুরুজ্জামানের ওপর। তবে নুরুজ্জামানের দাবি, ‘বৃষ্টিতে কিছুক্ষণ খেলা হওয়ায় উইকেটের কিছু অংশ ভিজে যায়। পরে উইকেট প্রস্তুত করার যথেষ্ট সময় ছিল না।’ ৫৬ বলে ৭৯ রান করে ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমান হন ম্যাচসেরা।