মুশফিকের কাছে মাশরাফির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ম্যাচ। অথচ টি-টোয়েন্টির অধিনায়কই কিনা হেরে গেলেন টেস্ট অধিনায়কের কাছে! বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেল রানার্সআপের সঙ্গে।

বড় পরিসরে ব্যাপারটা এ রকমই। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। আর মুশফিকুর রহিম নেতৃত্ব দেন টেস্ট দলকে। মিরপুরে কাল এই দুই অধিনায়কের বিপিএল-সমর জমলই না। বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৯ বল বাকি থাকতে হারিয়ে দিল মুশফিকের গতবারের রানার্সআপ বরিশাল বুলস। দুই ম্যাচ করে খেলে বরিশালের এটি প্রথম জয়, কুমিল্লার দ্বিতীয় হার।

জয়-পরাজয় অবশ্য অধিনায়কদের কৃতিত্ব বা ব্যর্থতার ছবি তুলে ধরছে না। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠল বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট। বাউন্স অস্বাভাবিক, বল আসছে একটু ধীরে। গতকালের আগ পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ হয়েছে এবারের টুর্নামেন্টে, তা-ও সব ম্যাচ একই উইকেটে নয়! এরই মধ্যে প্রথম দিনের ব্যাটিং সহায়ক চরিত্রটা উধাও উইকেটের। ম্যাচ জিতেও তাই মুশফিকের কণ্ঠে অনুযোগ, ‘উইকেট দেখে ভালোই মনে হয়, তবে ব্যাটিং করা এখানে খুব কঠিন। বল কখনো লাফ দেয়, কখনো নিচু হয়।’

ব্যাটসম্যানদের দুর্দশার চিত্র স্কোরকার্ডেই স্পষ্ট। কুমিল্লার ৮ উইকেটে করা ১২৯ রানে সর্বোচ্চ অবদান মারলন স্যামুয়েলসের ৪৮ বলে ৪৮। ব্যাটসম্যানদের কঠিন সময়ের কথা বলতে গিয়ে মুশফিক উদাহরণ হিসেবে টানলেন এটাকেই, ‘স্যামুয়েলসের মতো হার্ড হিটার ব্যাটসম্যানও এখানে রান করতে সংগ্রাম করছে।’ অথচ টি-টোয়েন্টি ক্রিকেট দাবি করে ব্যাটিং উইকেট, দাবি করে রান। সে দাবি মেটাতে বিপিএলে ‘ট্রু উইকেট দেওয়াই উচিত ছিল’ বলে মন্তব্য মুশফিকের।

ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার ইমরুল কায়েসকে হারানোর পর থেকেই ধুঁকতে শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যতিক্রম স্যামুয়েলস ও সোহেল তানভীর। ২৫ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর নেমে স্যামুয়েলস উইকেটে ছিলেন ১৯তম ওভার পর্যন্ত। তবে শেষ দিকে সোহেল তানভীরের ব্যাট ঝড় না তুললে কুমিল্লার রান ১২৯ হতো কিনা সন্দেহ। ১৯ বলে ৩০ রানে তানভীরের ছক্কা তিনটি, যার দুটিই বরিশালের পেসার আবু হায়দারের শেষ ওভারে।

সোহেল তানভীরের এই ব্যাটিং অপ্রত্যাশিত ছিল মাশরাফির কাছে। আর যাঁদের কাছে রান আশা করছেন, তাঁরাই হতাশ করছেন। ‘১৫০ হলেই এই উইকেটে জেতা যায়। আমাদের যে ব্যাটিং অর্ডার তাতে ১৫০ রান করা সম্ভবও। কিন্তু যাদের কাছে রান আশা করছি না, তারা রান করলেও অন্যরা পারছে না’—সখেদে বলছিলেন গত তিন বিপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ক।

দলে একজন পেস বোলিং অলরাউন্ডার খুব বেশি মিস করছেন মাশরাফি। সংগ্রাম করতে হচ্ছে টিম কম্বিনেশন নিয়েও। যার ফল, দুই ম্যাচে আফগান লেগ স্পিনার রশিদ খানকে বসিয়ে রাখা। ‘স্থানীয়দের কেউ যদি ভালো করত, বা ওপরের দিকে বিদেশি কেউ ভালো রান করলেও তাকে নেওয়া যেত। এখন তো কম্বিনেশনের কারণেই খেলাতে পারছি না’—আক্ষেপ কুমিল্লার অধিনায়কের।

১৩ ওভারে ৭১ রান তুলতে ৩ উইকেট হারানো বরিশাল অবশ্য একটা সময় শঙ্কায় দুলছিল। সেটি দূর হয়েছে অধিনায়ক মুশফিক (২৩ বলে ৩৩) ও শ্রীলঙ্কান থিসারা পেরেরা ৪৯ রানের চতুর্থ উইকেট জুটিতে। ১৮তম ওভারে মুশফিক আউট হয়ে গেলেও পরের ওভারের তৃতীয় বলেই মোহাম্মদ শরীফকে ফ্লিক করে জয়সূচক বাউন্ডারিটা মারেন পেরেরা।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলে যেকোনো অধিনায়কই হতোদ্যম হয়ে পড়তে পারেন। কিন্তু লড়াই যাঁর মন্ত্র, সেই মাশরাফির চোখ থেকে স্বপ্ন হারায় নাকি? গতবার হার দিয়ে শুরু করেও চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। অধিনায়কের কণ্ঠে সে রকম কিছু করে দেখানোর প্রতিজ্ঞা এবারও, ‘এখনো আমরা এতটা পিছিয়ে যাইনি যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। এখনো দশটা ম্যাচ বাকি আছে...।’

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১২৯/৮ (ইমরুল ০, লতিফ ১২, নাজমুল ১৬, স্যামুয়েলস ৪৮, লিটন ৪, ওয়াসিম ১, নাহিদুল ৪, তানভীর ৩০*, মাশরাফি ২, শরীফ ১*; তাইজুল ১/২৫, আল আমিন ১/২৪, হায়দার ২/৩৪, এমরিট ১/২০, থিসারা ১/২০)। বরিশাল বুলস: ১৮.৩ ওভারে ১৩০/৪ (মুনাবিরা ১৫, শামসুর ১৬, ম্যালান ২৬, মুশফিক ৩৩, থিসারা ৩৪*, শাহরিয়ার ১*; ওয়াসিম ১/৩৮, তানভীর ১/১৭, মাশরাফি ০/২১, নাবিল ১/১২, নাহিদুল ০/১০, শরীফ ১/৩০)।

ফল: বরিশাল বুলস ৬ উইকেটে জয়ী।

মান অবদ্য ম্যাচ: থিসারা পেরেরা।

ঢাকাডায় নামাইটস: ২০ ওভারে ১৩৮/৫ (মারুফ ২৫, সাঙ্গাকারা ২, জয়াবর্ধনে ১১, সাকিব ০, বোপারা ২০, মোসাদ্দেক ৫৯*, ব্রাভো ১৩*; রেজা ০/১৫, মিরাজ ২/২২, প্যাটেল ২/২০, সামি ০/৩৭, হাসান ১/৩০, স্যামি ০/১১)। রাজশাহী কিংস: ১৮.১ ওভারে ১৩৯/৪ (মুমিনুল ৯, রনি ১৪, সাব্বির ৩১, আকমল ২৭, প্যাটেল ৪৪*, স্যামি ০*; শহীদ ১/২৮, নাসির ০/২৪, সাকিব ১/১৮, ব্রাভো ১/১৭, বোপারা ০/৩৪, জায়েদ ১/১৪)।

ফল: রাজশাহী কিংস ৬ উইকেটে জয়ী।

ম্যান অবদ্য ম্যাচ: সামিত প্যাটেল।