মুশফিকের চোখে ১-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেকোনো ক্রিকেট ম্যাচের আগেই অপার রহস্যের অন্য নাম হয়ে থাকে উইকেট। সেই রহস্য উদ্‌ঘাটনের চেষ্টায় মুশফিকুর রহিম। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারও সঙ্গী তাঁর। কাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে l শামসুল হক
যেকোনো ক্রিকেট ম্যাচের আগেই অপার রহস্যের অন্য নাম হয়ে থাকে উইকেট। সেই রহস্য উদ্‌ঘাটনের চেষ্টায় মুশফিকুর রহিম। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারও সঙ্গী তাঁর। কাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে l শামসুল হক

টেস্টের পাঁচ দিনই ভালো খেলতে হবে। ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছে। দলটা এখন খুব আত্মবিশ্বাসী...।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট নিয়ে এ রকম আরও কিছু যোগ করা যেত অনুচ্ছেদটিতে। কিন্তু সবই গৎবাঁধা কথা। আগে কখনো না কখনো শুনেছেন! কিন্তু মুশফিকুর রহিম কাল এমন এক কথা বললেন, যা এর আগে বাংলাদেশের কোনো অধিনায়ক বলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্ট সিরিজটা বাংলাদেশ ১-০-তে জিততে পারে!
অবিশ্বাস্য! অকল্পনীয়! যেন স্বপ্নের সপ্তম আকাশে বসে ওড়ানো কোনো কথার ফানুস। যে দলের বিপক্ষে এই সিরিজের আগে ৮ টেস্ট খেলে ৭টিতেই ইনিংস পরাজয়, তাদের বিপক্ষে এত উচ্চাশা! তার ওপর দক্ষিণ আফ্রিকা যেখানে টেস্ট ক্রিকেটের এক নম্বর দল। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে হয়তো তারা একটু এলোমেলো ছিল, স্টেইন-মরকেলদের ধারালো পেস তেমন রক্তাক্ত করতে পারেনি বাংলাদেশের ব্যাটিংকে। সেই খণ্ডিত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু শেষ টেস্টে বিশ্বসেরাদের হারিয়ে দেবে বাংলাদেশ!
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেস্ট অধিনায়ক সেই সম্ভাবনাই দেখালেন, ‘গত টেস্টে আমরা প্রতিটি সেশনেই দাপট দেখিয়েছি। এবারও লক্ষ্য ভালো করা। ওদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের বোলিং ইউনিটের আছে। সেটা হলে ফলাফল ভালোও হতে পারে। ভালো ফলাফলটা কি আপনারা জানেন...বাংলাদেশ সিরিজটি ১-০ ব্যবধানে জিততেও পারে।’
মুশফিকের মুখে ফুলচন্দন পড়ুক। কাজ যত কঠিনই হোক, স্বপ্নের ক্যানভাসটাকে তো বড় রাখছেন! আর এই স্বপ্ন তাঁর কাছে অলীকও নয়। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সই গড়ে দিচ্ছে এর ভিত, ‘আমরা টেস্টে এখনো খুব বেশি ধারাবাহিক নই। তবে ওদের হারানো অবশ্যই সম্ভব। সাম্প্রতিক ফর্মের কথা বললে ওয়ানডে-টেস্ট—দুই সংস্করণেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। এটাই আমাদের আত্মবিশ্বাসের বড় জায়গা।’ চট্টগ্রাম টেস্ট থেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন বোলাররা। তাঁরা এখন জানেন টেস্টে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও এক দিনের মধ্যে অলআউট করা যায়। দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক সেটা মনে করিয়ে দিয়ে চাঙা করতে চাইলেন দলকে, ‘এটা শেষ ম্যাচ, দক্ষিণ আফ্রিকাও জানে এমন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে। তারা টেস্টের এক নম্বর দল। তবে চট্টগ্রামের মতো সবকিছু ঠিকঠাক প্রয়োগ করতে পারলে ফলাফলটা আমাদের পক্ষে আসতে পারে। সিরিজও হতে পারে আমাদের।’
বিশ্বসেরাদের সামনে মুশফিকের আত্মবিশ্বাসটাকে একটু বাড়াবাড়িই মনে হতে পারে। বলে-কয়ে হারানোর মতো দল নিশ্চয়ই দক্ষিণ আফ্রিকা নয়। তবে এটাও ঠিক, সামনে দক্ষিণ আফ্রিকা বলেই হারানোর কিছু নেই বাংলাদেশের। এই সিরিজ থেকে যা পাওয়ার তা এর মধ্যেই পাওয়া হয়ে গেছে। আরও কিছু পেলে সেটা বোনাস। নির্ভার থাকার ওই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন মুশফিক, ‘এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, সুযোগও। আমরা এক নম্বর দলের বিপক্ষে খেলছি, সুযোগটা আসলে সেখানেই। তাদের বিপক্ষে জেতা অনেক বড় অর্জন হবে।’
বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে বাংলাদেশ। সে আত্মবিশ্বাস এখন টেস্ট ক্রিকেটেও সঞ্চারিত। মাঠের পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মানসিক শক্তি। মুশফিক উদাহরণও দিলেন, ‘আমরা এখন চাপ নিতে পারছি। গত টেস্টে আপনারা সেটা দেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ম্যাচ হারার পরও যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা আমাদের মানসিক শক্তিরই প্রমাণ।’ তবে প্রশ্নটা যখন দক্ষিণ আফ্রিকারও সম্মানের, ঢাকা টেস্টে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। সিরিজ জেতার লক্ষ্যটা এ কারণেই আরও বেশি চ্যালেঞ্জিং। মুশফিক যেন তা উপভোগই করছেন, ‘আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। দেখতে চাই, এক নম্বর টেস্ট দলের সঙ্গে আমরা কতটা ভালো খেলতে পারি।’
সাত-আট মাস ধরে মাথা উঁচু করে খেলার আসল শক্তিটা বাংলাদেশকে দিয়েছে খেলোয়াড়দের ধারাবাহিক ফর্ম। আজ একজন সফল তো কাল জ্বলে উঠছেন আরেকজন। কিন্তু একটা ইতিহাস যে ঢাকা টেস্টের আগে অমঙ্গলের ডাকও দিচ্ছে! অতীতে অনেকবারই যে ভালো খেলার আনন্দকে ভুলিয়ে দিয়েছে পরের ম্যাচের হতাশা। প্রসঙ্গটা তুলতেই মুশফিক সেটা উড়িয়ে দিতে চাইলেন আত্মবিশ্বাসের তুড়িতে, ‘এটাও আমাদের জন্য একটা সুযোগ...রেকর্ডটা বদলানোর। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা তাদের সঙ্গে পারি। তাহলে এই সুযোগটাই বা কেন নেব না?’
‘১-০’ স্বপ্নটা তাহলে ভালোভাবেই ভর করেছে বাংলাদেশ অধিনায়কের চোখে!