মুশফিকের চোখে 'ফিফটি-ফিফটি'

তন্নতন্ন করে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। নইলে আজ থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের কারও অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকত না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অভিষেক মানেই ৫-৬ উইকেট, নয়তো একটা ফিফটি।
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে দুষ্টুমিটা মুশফিকই করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ পুরো দলেরই টেস্ট অভিষেক হবে, এমন প্রসঙ্গে অধিনায়কের রসিকতা, ‘ভালো একটা কথা বলেছেন। আগেও দেখা গেছে, যারই অভিষেক হয় সেই ৫ উইকেট নেয়, ফিফটি করে বা ষাটের ওপর ইনিংস খেলে। এ জন্য আমরা খুঁজছিলাম কাকে অভিষেক করানো যায়, কিন্তু কাউকে পাওয়া যায়নি এখনো।’
ওয়ানডেতে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু টেস্টে দুই দলের খেলোয়াড়েরা একে অন্যের অদেখা বলে লুকোচুরির একটা মজা নেওয়াই যায়। অবশ্য প্রযুক্তির সুবাদে এখন আর কোনো কিছুই কারও অদেখা নয়। ‘গোপনীয়তা’ শব্দটিই এখন ক্রিকেটের অভিধান থেকে উধাও। অস্ট্রেলিয়া দল সম্পর্কে বলতে গিয়ে মুশফিক যেন সঠিক শব্দটিই ব্যবহার করলেন, ‘আমরা এমন কোনো এলিয়েনের বিপক্ষে খেলছি না।’
‘এলিয়েন’ না হলেও অস্ট্রেলিয়া যে ‘পেশাদার ও শক্তিশালী’, সেটি বলতে ভুললেন না। সিরিজে তাই কোনো দলকেই এগিয়ে রাখছেন না মুশফিক, ‘আমার মনে হয়, দুই দলেরই ফিফটি-ফিফটি সুযোগ থাকবে। আমাদের বোলিং লাইনআপ অনভিজ্ঞ। ওদের অভিজ্ঞ কিছু বোলার আছে, খুব ভালো খেলেছে এমন কিছু ব্যাটসম্যানও আছে। সেদিক থেকে ভারসাম্য দুই দলেই আছে। মাঠে যারা ভালো খেলবে, তারাই এগিয়ে থাকবে।’
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অফ স্পিনার নাথান লায়নকেই বেশি ভয় মুশফিকের। বাংলাদেশের স্পিনিং কন্ডিশনই সেটার কারণ, ‘আমাদের টপ অর্ডারে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে, সেদিক থেকে হয়তো লায়ন হুমকি হতে পারে। ভারতে ও সর্বশেষ এ ধরনের কন্ডিশনে খুব ভালো করেছে।’ ব্যাটসম্যানদের কাছে অধিনায়কের একটাই চাওয়া—কেউ দাঁড়িয়ে গেলে যেন বড় ইনিংস খেলে আসে। সঙ্গে জানিয়ে দিলেন নিজের বিশ্বাসের কথাও, ‘আমাদের যেকোনো খেলোয়াড় যেকোনো সময়ে বা যেকোনো সেশনে খেলা ঘুরিয়ে দিতে পারে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাটাও নতুন হবে মুশফিকের জন্য। রিকি পন্টিংয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন, কিন্তু সাদা পোশাকে তাঁকে দেখেছেন শুধু টেলিভিশনেই। পন্টিং, তারও আগে স্টিভ ওয়াহ, মার্ক ওয়াহদের খেলা দেখে বড় হওয়া মুশফিক স্বপ্ন দেখতেন, একদিন টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই স্বপ্ন যখন সত্যি হচ্ছে, তিনি নিজেই কিনা বাংলাদেশ দলের অধিনায়ক! মুশফিকের কথায় রোমাঞ্চ, ‘এ রকম সেরা দলের বিপক্ষে সব সময় খেলার সুযোগ হয় না। অস্ট্রেলিয়া দলে যাঁরা অধিনায়ক ছিলেন—স্টিভ ওয়াহ বলেন, রিকি পন্টিং; ছোটবেলায় তাঁদের খেলা দেখেছি। তাঁদের থেকেও অনেক কিছু শিখেছি। ইচ্ছে ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার। আল্লাহর রহমতে আগামীকাল (আজ) সেটা পূরণ হবে।’
দীর্ঘ অপেক্ষার পর সিরিজটি শেষ পর্যন্ত হচ্ছে বলে অস্ট্রেলিয়াকে ধন্যবাদও দিয়েছেন মুশফিক। এখন লক্ষ্য যোগ্য প্রতিপক্ষের বিপক্ষে নিজেদেরও যোগ্য রূপে তুলে ধরা, ‘গত আড়াই বছর ভালো খেলে আমরা ভালো একটা দল দাঁড় করানোর চেষ্টা করেছি। এখন খেলার সময় আমরা যেন কাজটা ঠিকঠাক করতে পারি। আশা করি, বিশ্ব ক্রিকেট খুব ভালো একটা সিরিজ পেতে যাচ্ছে।’
সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ হলে অবশ্য তাই হওয়ার কথা।