
ক্রিকেটার হলেও ফুটবলের কারিকুরি ভালোই পারেন। কালও প্রাইম দোলেশ্বরের অনুশীলন-পূর্ব গা গরমের ফুটবল ম্যাচে এক খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে বের হয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু বের হয়েই ধাক্কা খেলেন আরেকজনের সঙ্গে। প্রচণ্ড সে ধাক্কার সঙ্গে সঙ্গে ডান কাঁধটা চেপে ধরেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক। ফুটবল খেলা অসমাপ্ত রেখেই উঠে আসেন মিরপুরের একাডেমি মাঠ থেকে।
ফুটবল খেলতে গিয়ে খাওয়া ওই ধাক্কা মুশফিককে ছোটখাটো একটা দুঃসংবাদই শুনিয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাঁর ডান কাঁধের হাড় সরে গেছে। প্রাইম দোলেশ্বরের অনুশীলনের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে পাওয়া গেল মুশফিককে। ডান হাতটা স্লিঙে ঝোলানো। চেহারায় হতাশা ফুটিয়ে বলছিলেন, ‘ফুটবল খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছি। আগে একবার যে কাঁধে চোট পেয়েছিলাম সেই ডান কাঁধেই। এখনো ব্যথা আছে। এমআরআই করানোর পর আসল অবস্থাটা বোঝা যাবে।’
ব্যথা ছিল বলে কালই এমআরআই করানো হয়নি। মুশফিকের আহত জায়গার এমআরআই করানো হবে আগামীকাল। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী অবশ্য মনে করছেন, চোট ততটা গুরুতর নয়। এটা তাঁর বিশ্বকাপ খেলার পথেও কোনো বাধা সৃষ্টি করবে না, ‘প্রাথমিক কিছু পরীক্ষায় মনে হয়েছে আঘাত গুরুতর নয়। কাঁধের হাড় পুরোপুরি খুলে যায়নি, খুলে আবার জায়গামতো বসে গেছে। বিশ্বকাপ খেলার পথে এটা সমস্যা সৃষ্টি করবে বলে মনে হয় না। তবে স্ক্যান করানোর পরই বোঝা যাবে কী অবস্থা।’
সাবধানতা অবলম্বনের জন্য ব্যাটিংয়ে ফিরতে সপ্তাহ দুয়েক বিশ্রামে থাকতে হতে পারে মুশফিককে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্ক্যান রিপোর্ট দেখার পর। তবে আপাতত দুই দিনের বিশ্রাম দেওয়ায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের হয়ে প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি মুশফিকের খেলা হচ্ছে না।
চোট কতটা গুরুতর বা ৪ জানুয়ারি মোহামেডানের বিপক্ষে লিগের শেষ ম্যাচটি খেলতে পারবেন কি না, সেসব বোঝা যাবে এমআরআই রিপোর্ট পাওয়ার পর। তবে তামিম ইকবালের হাঁটুর চোটের পর মুশফিকের কাঁধের চোট কিছুটা হলেও চিন্তায় ফেলছে ফারুক আহমেদের নির্বাচক কমিটিকে। কাল মুঠোফোনে যদিও প্রধান নির্বাচক বলছিলেন, ‘আমি শুনেছি মুশফিক কাঁধে ব্যথা পেয়েছে। পরশু (কাল) এমআরআই করানো হবে। তবে আশা করছি ততটা গুরুতর কিছু হয়নি।’
ফারুক আহমেদের অনুমান ঠিক হলে তামিমের মতো মুশফিকও হয়তো সুস্থ হয়ে উঠবেন বিশ্বকাপের আগেই। কিন্তু দুশ্চিন্তা তো শুধু চোটাক্রান্ত খেলোয়াড়দের নিয়েই থাকে না, থাকে চোট কাটিয়ে ফেরাদের নিয়েও! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপে কতটা সুস্থ দল নিয়ে যেতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার।