মুশফিকের চোট কতটা গুরুতর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

কাল মোহাম্মদ শহীদের করা ৩৫ তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন আজহার আলী। মুশফিকুর রহিম তা ধরতে পারেননি। বল লুফে নিতে গিয়ে আঙুলে ব্যথা পেলেন মুশফিকুর রহিম। রক্তও ঝরতে দেখা গেল। প্রাথমিক চিকিৎসায় কাজ হলো না। বাধ্য হয়ে ইমরুলের হাতে গ্লাভস দিয়ে মাঠই ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক। মাঠে নামতে পারেননি আজও। 
গতকাল অবশ্য বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছিলেন, ওষুধ ও বরফ চিকিৎসা চলছে। ব্যথা কমলে কাল (আজ) মাঠে নামতে পারে। যেহেতু বাংলাদেশ অধিনায়ক মাঠে নামেননি, স্বাভাবিকভাবেই প্রশ্ন, মুশফিকের চোট কতটা গুরুতর?
বিসিবির চিকিৎসক ড. দেবাশিস চৌধুরী বললেন, ‘মুশফিকের ব্যথাটা অনামিকায়। তবে এক্স-রেতে হাড়ে কোনো চোট পাওয়া যায়নি। ব্যথা না কমায় আজ মাঠে নামতে পারেনি সে।’ কখন তিনি মাঠে নামতে পারবেন? দেবাশিস বললেন, ‘যখন স্বচ্ছন্দ বোধ করবে, তখনই নামবে। যদি দুই-একদিনে ব্যথা না কমে, আবারও স্ক্যান করা হবে।’
দ্বিতীয় দিনটা বাংলাদেশের তো বটেই, ভালো যায়নি মুশফিকেরও। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ পড়েছে তাঁর হাত থেকেই। এরপর আবার মাঠ ছাড়তে হয়েছে চোট নিয়ে।
মুশফিকের বদলে মাঠে অধিনায়কত্বের ভার এখন তামিম ইকবালের কাঁধে।