মুশফিকের তুলিতে সাফল্যের ছবি

বছরজুড়েই হতাশা। শুধুই ব্যর্থতার গ্লানি। বাংলাদেশের ক্রিকেটকে ২০১৪ সাল হাহাকার ছাড়া আর কিছুই উপহার দেয়নি। বছরের শেষ সিরিজে সব হাহাকার, সব গ্লানি, সব হতাশা মুছে দিতে চান টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো সেটা করে দেখানোর আশাটা বড় হয়ে পাখা মেলছে।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এই সিরিজ নিয়ে কেন আশাবাদী হওয়া যায়, কাল মুশফিকের সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলন থেকে তার বেশ কয়েকটি কারণ বের হয়ে এল—
র্যা ঙ্কিংয়ে উন্নতির হাতছানি
জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুরু তিন টেস্টের সিরিজটা ন্যূনতম ১-০ ব্যবধানে জিততে পারলেও টেস্ট র্যা ঙ্কিংয়ে ৯-এ উঠে যাবে বাংলাদেশ দল। এটি ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধরে রাখতে পারলে ইন্টারকন্টিনেন্টাল কাপের শীর্ষ দলের সঙ্গে টেস্ট খেলার ঝুঁকিতে আর যেতে হবে না। সেটা মাথায় রেখেই এই সিরিজটা খেলতে নামবে মুশফিকের দল। ‘আমাদের দৃষ্টিটা অবশ্যই ফলাফলের দিকে থাকবে, সে সঙ্গে র্যা ঙ্কিংয়ের ব্যাপারটাও থাকবে মাথায়। আমরা চেষ্টা করব সবগুলো প্রক্রিয়া ঠিকঠাকভাবে করতে। প্রক্রিয়া ঠিক রাখতে পারলে ফলাফল এবং র্যা ঙ্কিং দুটোই ঠিক থাকবে’—বলছিলেন মুশফিক।
র্যা ঙ্কিং উন্নতির হাতছানির সঙ্গে যোগ হচ্ছে ২০১৪ সালজুড়ে হজম করা পরাজয়ের অপমান। এই দুইয়ের যুগপৎ অগ্ন্যুৎপাত বাড়িয়ে দিচ্ছে জয়ের ক্ষুধা। সেই ক্ষুধার জ্বালাটা আছে মুশফিকের কথায়ও, ‘২০১৩ সালটা ভালো কেটেছিল। অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল। চার-পাঁচজন একসঙ্গে ভালো খেলেছিল। এ বছর যেকোনো কারণেই হোক সেটা হয়নি। বছরের শেষ সিরিজে ভালো কিছু করতে চাই। সবাই কঠোর পরিশ্রম করছে, সবাই জানে তাদের কী করতে হবে।’
স্পিনই শক্তি, স্পিনই বল
বাংলাদেশ দলের স্পিননির্ভরতা আজকের নয়। তবে এবারের সিরিজে সেই স্পিন শক্তিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তরুণ তুর্কি তাইজুল ইসলাম তো ওয়েস্ট ইন্ডিজে অভিষেক সিরিজেই নিজেকে চিনিয়েছেন। স্পিনে বৈচিত্র্য বাড়াতে এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। স্কোয়াডে চারজন পেসার থাকলেও ভেতরের খবর, শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে স্পিনের মসলা মেশানোরই ব্যবস্থাপত্র গেছে কিউরেটর গামিনি ডি সিলভার কাছে। প্রথম টেস্টে তাই বিশেষজ্ঞ স্পিনারের আধিক্যই দেখা যেতে পারে দলে। জুবায়েরের কথা বলতে গিয়ে মুশফিকও বলছিলেন, ‘উইকেটটা স্পিননির্ভর হবে, তার (জুবায়ের) খেলার সুযোগ তাই অনেক বেশি। আশা করব, সুযোগ পেলে সে তার সেরাটাই দেবে।’
মুশফিকের বিশ্বাস, জিম্বাবুয়ের ২০ উইকেটই তুলে নেওয়ার সামর্থ্য আছে তাঁর বোলারদের। শুধু পাদটীকা জুড়ে দিলেন, ‘ফিল্ডিং ভালো হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। সে জন্য আমরা সবকিছুই করছি। আশা করব বোলাররা যে সুযোগগুলো তৈরি করবে ফিল্ডাররা সেগুলো কাজে লাগাতে পারবে।’
কিন্তু স্পিন যদি বাংলাদেশের শক্তি হয়, সে তো জিম্বাবুয়েরও আছে! সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে প্রসপার উতসেয়া দলের সঙ্গে না এলেও দলে আছেন দুই লেগ স্পিনার তাফাদজা কামুনগোজি এবং নাটসাই মুশাঙ্গুয়ে। তবে মুশফিককে মনে হলো জিম্বাবুইয়ান স্পিন নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘আমার মনে হয় না দুশ্চিন্তার কিছু আছে। লেগ স্পিনারসহ ওদের পুরো স্পিন বিভাগটাই অনেক অনভিজ্ঞ। আমাদের চেয়ে তাদের চিন্তাটা দ্বিগুণ থাকবে।’
সাকিবের ফেরা এবং...
স্পিন শক্তির অংশ হলেও সাকিবের ফেরার ব্যাপারটা আলাদা করেই বলতে হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে ইনচনে এশিয়ান গেমস খেলে এসেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন আজই প্রথম। তাতে দলের শক্তি তো বাড়বেই, দলটা মানসিকভাবেও চাঙা হবে আরও। মুশফিকের কথায়ও সাকিব প্রসঙ্গ এল আলাদাভাবে, ‘সাকিব ফিরেছে। আমাদের স্পিন বিভাগ তাতে কিছুটা হলেও শক্তিশালী হয়েছে। ব্যাটিংটাও মজবুত হয়েছে।’
মুশফিকের স্বস্তির আরেকটা কারণ ওপেনার তামিম ইকবালের ফর্ম। ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়ান গেমস টি-টোয়েন্টিতে আভাস দিয়েছিলেন ফর্মে ফেরার। এরপর দেশে ফিরে নিজেদের মধ্যে হওয়া প্রস্তুতি ম্যাচে ৯২ রানের এক ইনিংস খেলে ফর্মে ফেরার ঘোষণাটাই যেন দিয়েছেন তামিম। মুশফিক অবশ্য তামিমের সঙ্গে বললেন আরও অনেকের কথাই, ‘তামিম ভালো ফর্মে এসেছে। প্র্যাকটিস ম্যাচে শামসুরও ভালো খেলেছে। শুভাগত ভালো খেলেছে, রিয়াদ ভাই ভালো খেলেছে, মুমিনুল ফর্মে আছে...।’ এই ব্যাটসম্যানদের কাছে অধিনায়কের একটাই চাওয়া—যাঁরা উইকেটে থিতু হতে পারবেন, তাঁরা যেন বড় ইনিংস খেলেন।
মুশফিক স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর স্বপ্নের রং-তুলিতে আপাতত শুধুই সাফল্যের জল্পনা। সেটাকে বাস্তবে ফুটিয়ে তোলার কাজটা করতে হবে সবাইকে মিলেই।
বাংলাদেশ-জিম্বাবুয়ে
পরিসংখ্যানের আলোয়
টেস্ট বাংলাদেশ জিম্বাবুয়ে ড্র
সর্বমোট ১১ ২ ৬ ৩
বাংলাদেশে ৪ ১ ১ ২
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ
৪৮৮, চট্টগ্রাম, ২০০৫
জিম্বাবুয়ে
৫৪২/৭ ডি., চট্টগ্রাম, ২০০১
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ
১০৭, ঢাকা, ২০০১
জিম্বাবুয়ে
১৫৪, চট্টগ্রাম, ২০০৫
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ
৫৭৮, হাবিবুল বাশার
জিম্বাবুয়ে
৬৫৮, ব্রেন্ডন টেলর
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ
২১, এনামুল হক জুনিয়র
জিম্বাবুয়ে
২০, হিথ স্ট্রিক
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ
১২১, নাফিস ইকবাল, ঢাকা, ২০০৫
জিম্বাবুয়ে
১৭১, ব্রেন্ডন টেলর, হারারে, ২০১৩
ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ
৭/৯৫, এনামুল হক জুনিয়র, ঢাকা, ২০০৫
জিম্বাবুয়ে
৬/৫৯, ডগলাস হোন্ডো, ঢাকা, ২০০৫
ম্যাচে সেরা বোলিং
বাংলাদেশ
১২/২০০, এনামুল হক জুনিয়র, ২০০৫
জিম্বাবুয়ে
৮/১০৪, গ্রান্ট ফ্লাওয়ার, চট্টগ্রাম, ২০০১