মুশফিকের তোপ বোলারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক ডেলিভারিতে আউট করলেন ইউনিস খানকে। তাইজুল তাই সতীর্থদের উদ্‌যাপনের মধ্যমণি। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক
দারুণ এক ডেলিভারিতে আউট করলেন ইউনিস খানকে। তাইজুল তাই সতীর্থদের উদ্‌যাপনের মধ্যমণি। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক

হিথ স্ট্রিক, রুয়ান কালপাগে দুজনই হাতের ইশারায় দেখিয়ে দিলেন মাঠের অন্য প্রান্তটা। ওই যে, ওইখানে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম আছেন। তাঁর অনুমতি ছাড়া কথা বলা অসম্ভব।
অন্যান্য দিন খেলা শেষে মাঠেই টুকটাক কথা বলা গেছে কোচদের সঙ্গে। কিন্তু কাল নিজেদের নিয়মের শৃঙ্খলে বেঁধে ফেললেন স্ট্রিক আর কালপাগে। সেটাই অবশ্য স্বাভাবিক। খুলনা টেস্টের তৃতীয় দিনটা ছিল বাংলাদেশের বোলারদের জন্য চরম হতাশাজনক। এমন দিন শেষে দলের দুই বোলিং কোচ সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়তে চাইবেনই বা কেন?
তবে অধিনায়ক মুশফিকুর রহিম মুখ খুললেন। আঙুলের চোটের কারণে কালও সারা দিন উইকেটকিপিং করেননি। বসে ছিলেন ড্রেসিংরুমে। দিন শেষে গা গরম করে মাঠ ছাড়ার সময় সাংবাদিকেরা তাঁর মুখোমুখি। কথার তোপ দাগানোর অপেক্ষায় যেন ছিলেন মুশফিকও। সেটার লক্ষ্য তাঁর দলের বোলাররাই, ‘আমাদের বোলিং ভালো হয়নি। হাফিজের ওয়াগন হুইল দেখেন...ও যে খুব ভালো বলে চার মেরেছে তা না। ভালো জায়গায় বল ফেলাটা তো আপনার রুটি-রোজগার! এটা প্রতিদিনের কাজ। বোলারদের পারফরম্যান্সে আমি হতাশ।’
বাংলাদেশের বিপক্ষেই কাল টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। এতে তাঁর যতটা না কৃতিত্ব দেখছেন মুশফিক, তার চেয়ে বেশি দেখছেন নিজ দলের বোলারদের ব্যর্থতা, ‘লেগের দিকে বেশি রান দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ের ক্রিকেটে এ রকম সহজ বল পেলে তো মারবেই। ওরাও ব্যাটসম্যান। তারা জানে ওভারে একটা-দুইটা বাজে বল পেলে ভালো বলে মারার দরকার নেই। আমাদের ব্যাটসম্যানদের হয়তো অনেক অপেক্ষা করে একটা চার মারতে হয়। অথচ তারা সেটা অনেক সহজে পেয়ে যাচ্ছে।’
তা পাকিস্তানের ব্যাটসম্যানদের এ রকম সৌভাগ্য হওয়ারই কথা। বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে ধারালো অস্ত্রটাই যে ভোঁতা হয়ে ছিল কাল পর্যন্ত! দিন শেষে পাকিস্তান ৫ উইকেট হারালেও টেস্টের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান উইকেটশূন্য। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার কোনোরকমের চাপই তৈরি করতে পারেননি ব্যাটসম্যানদের ওপর। দূর থেকে দেখে মুশফিকেরও মনে হয়েছে, ‘সাকিব যে পর্যায়ের বোলার, ওর কাছে সবার যে প্রত্যাশা থাকে, এই দুই দিন ও সে অনুযায়ী বোলিং করতে পারেনি। শারীরিক ক্লান্তির কারণে এটা হতে পারে, হতে পারে মানসিক কারণেও। অনেক দিন দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলে না, সেটাও একটা কারণ হতে পারে।’
নিজের যুক্তি অবশ্য নিজেই খণ্ডন করেছেন মুশফিক। সাকিব-রুবেলের বোলিং প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট না খেললেও ওয়ানডে তো খেলেছে! অন্তত ১০ ওভার তো ভালো বল করা উচিত ছিল! এটা অজুহাত হতে পারে না। এই পর্যায়ের ক্রিকেটে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ব্যাটসম্যানরা সবাই কষ্ট করেছে, সহজ পথে না গিয়ে কষ্ট করে রান করেছে যেন একটা ভালো অবস্থানে যাওয়া যায়। কিন্তু সেটা হলো না।’ দলের অন্য বোলারদের কেউও যে এখনো জ্বলে উঠতে পারল না, তাতেও নিষ্প্রভ সাকিবেরই ভূমিকা দেখছেন অধিনায়ক, ‘দলের সেরা বোলার যখন ভালো বল করে না, সেটা দলের অন্যদের জন্যও খারাপ হয়ে যায়।’
প্রথম দিন শেষে ‘বড় কিছু’র চিন্তার কথা বলেছিলেন। তিন দিন না যেতেই সেটা যেন এখন মাথা থেকে ঝেড়ে ফেলেছেন অধিনায়ক, ‘সত্যি বলতে কি, এখান থেকে জয়ের কথা ভাবা আকাশকুসুম কল্পনা হবে। আমরা ২০৫ রানে পিছিয়ে আছি। তারা নিশ্চয়ই চেষ্টা করবে কাল (আজ) প্রথম এক ঘণ্টায় যত দ্রুত রান করে যত তাড়াতাড়ি ইনিংস ছাড়া যায়।’ খুলনা টেস্ট থেকে তাহলে আর কী পাওয়ার আছে বাংলাদেশের? মুশফিক সর্বোচ্চ ড্রয়ের কথাই বলতে পারছেন। তবে শর্ত দিয়ে দিলেন, ‘ড্র করতে হলে কমপক্ষে পাঁচ সেশন ব্যাট করতেই হবে।’
এটাকে অসম্ভবও মনে করছেন না মুশফিক। অবশ্য অধিনায়ক যেহেতু, আশার পাল তো তাঁকে তুলতেই হবে। আশা তাঁর সাকিবের কাছেও, ‘ও খুব স্মার্ট বোলার। আগেও এ রকম পরিস্থিতিতে পড়েছে। আশা করি, দ্রুতই সে এটা কাটিয়ে উঠবে।’