মুশফিকের পঞ্চাশ

১৩, ১৫...এর পর কত হতে পারে?
বাংলাদেশ দল কায়মনোবাক্যে আশা করবে কোনোভাবেই যেন উত্তরটি ১৭ না হয়!
তৃতীয় বাংলাদেশি হিসেবে আজ টেস্টে ৫০তম ম্যাচ খেলতে নামছেন মুশফিকুর রহিম। তাঁর আগে হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলেরই ছিল এমন কীর্তি। ৫০তম টেস্টটি ভালো যায়নি কারোরই। হাবিবুলের ক্যারিয়ারের ৫০তম টেস্ট, ঘটনাচক্রে যেটি তাঁর শেষ টেস্ট হয়ে আছে, দুই ইনিংসে করেছিলেন ১৩ রান। আশরাফুল ৫০তম টেস্টে হাবিবুলের চেয়ে করেছিলেন ২ রান বেশি। মুশফিক পূর্বসূরিদের অনুসরণ না করলেই ভালো!
লর্ডসে টেস্ট অভিষেক—মুশফিকুর রহিম এই একটি ক্ষেত্রে অন্যদের ঈর্ষারই পাত্র হয়তো। কিন্তু ১ থেকে সংখ্যাটি ৫০ হতে হতে তাঁর পার হয়ে গেল ১১ বছর। ২০০৫ সালে অভিষেকে মাত্র ১৯ রানের এক ইনিংসেই ব্রিটিশ মিডিয়াকে মুগ্ধ করে দিয়েছিলেন। কিন্তু চমক জাগানো সেই অভিষেকের পরও ৫০তম টেস্ট খেলতে এত দিন লেগে গেল মুশফিকের!
দোষটি মুশফিকের নয়, অভিষেকের পর মাত্র ৮টি টেস্টেই দলে থাকতে পারেননি তিনি। অর্থাৎ বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হয়েও ছোট্ট এই মাইলফলক ছুঁতে কী দীর্ঘ অপেক্ষাই না করতে হয়েছে বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ককে। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণটিতে বাংলাদেশ যে খেলারই সুযোগ পায় খুব কম। চলতি ২০১৬ সালেই যেমন ইংল্যান্ডের বিপক্ষে এই দুটি টেস্টই স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের কাছে। সে জন্যই বোধ হয় নিজের এই ‘ফিফটি’টা নিয়ে তৃপ্তি খুঁজে পেলেন মুশফিক, ‘খুবই ভালো লাগছে। বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট খেলা সহজ নয়! আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা।’
টেস্ট কম খেলার দুঃখটা অবশ্য শুধু মুশফিকের নয়, দলের সবারই। গত ৫ বছরে মাত্র ২৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এটি বড় হতাশার। তবে আগামী বছরের সূচিটাকেই তিনি নিতে চাইছেন বিগত হতাশা ভোলার উপলক্ষ হিসেবে, ‘বাংলাদেশের অনেক ক্রিকেটারের দুঃখ যে টেস্ট আমরা খুবই কম খেলি। আমি অনেকবারই বলেছি, যত বেশি টেস্ট খেলব, তত বেশি শিখব। সামনের বছর আমাদের অনেক টেস্ট (৯ টেস্ট) আছে। আশা করব, এই টেস্ট ভালো খেললে মোমেন্টাম পাব। দল হিসেবে আত্মবিশ্বাস পাব, টেস্টেও কষ্ট করলে ভালো করা যায়।’
আজ থেকে শুরু টেস্টটা মুশফিকের কাছে আসছে অনেক অনুপ্রেরণা নিয়েও। ৫০তম টেস্টটি খেলবেন অধিনায়ক হিসেবে এবং দলের অন্যতম ব্যাটিং ভরসা তিনি। মাইলফলকের টেস্টে হাবিবুল-আশরাফুল কিন্তু অধিনায়ক ছিলেন না। এ ম্যাচের পারফরম্যান্স দিয়েও পূর্বসূরিদের সঙ্গে পার্থক্য গড়ে নিতে চান মুশফিক, ‘চেষ্টা করব ব্যক্তিগতভাবে যেন ভালো খেলি। আর সেটা যেন দলের ফলেও প্রভাব ফেলে। দলের ভালোর জন্য যেভাবে অবদান রাখার দরকার তাই করব।’
ঢাকা টেস্টে জয়ের জন্যই খেলতে চাইছেন মুশফিক, চাইছেন চট্টগ্রাম টেস্টের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। আর দলের দিকে তাকিয়ে ভরসাও পাচ্ছেন অধিনায়ক। মুশফিক জানেন অতীতের তুলনায় দলে এখন অনেক ম্যাচ জেতানো পারফরমার। এঁদের ওপর ভর করেই টেস্টে নিয়মিত ভালো করতে চান, ‘সবচেয়ে বড় পরিবর্তন হলো, আগে বাংলাদেশ দলে এক-দুজন কিংবা তিনজন পারফরমার ছিল। এখন আমাদের পাঁচ-ছয়জন আছে। এটা যেকোনো দলের জন্য ইতিবাচক ব্যাপার। এটার জন্য হয়তো আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করব, ওরা যেন এই টেস্টেও ভালো করে।’