মুশফিকের পর সেঞ্চুরি পেলেন নাসিরও

ওয়ার্নারের পার্কে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ‘অনুশীলন’টা মন্দ হলো না। আরও নির্দিষ্ট করে বললে প্রস্তুতি ভালো হলো মুশফিকুর রহিম ও নাসির হোসেনেরই। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৩৭৭ রানে।
টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ১৮৬ রানেই ফিরে গিয়েছিলেন প্রথম ছয় ব্যাটসম্যান। এর পরই দলকে কক্ষপথে ফেরায় মুশফিক-নাসিরের সপ্তম উইকেট জুটি। দুজনের প্রতিশ্রুতিশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩০। দ্বিতীয় দিনে প্রথম সেশনে দুই ব্যাটসম্যান যোগ করলেন আরও ৪৭ রান। সেঞ্চুরি পেলেন দুজনই। ১০০ রানে নাসির ফিরলেও মুশফিক অপরাজিত ছিলেন ১০৬ রানে। দুজনের সপ্তম উইকেট জুটিতে এসেছে ১৯১ রান। নাসির আউট হওয়ার পরই ১০৩.৩ ওভারে ৭ উইকেটে ৩৭৭ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক। সূত্র: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড