মুশফিকের প্রস্তাবেই অধিনায়ক আফ্রিদি!

এবার বিপিএলে সিলেট সুপারস্টারসের ম্যাচ মানেই যেন নানা ঘটনা! আজ বরিশাল বুলসের বিপক্ষে টস করতে নামলেন শহীদ আফ্রিদি। তখনই প্রশ্ন উঠল, নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের কী হয়েছে? ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সিলেট কোচ সরওয়ার ইমরান জানালেন, মুশফিক নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, অধিনায়কত্ব করবেন না।
এ ক্ষেত্রে মুশফিক নিজেই নাকি প্রস্তাব করেছেন আফ্রিদিকে অধিনায়কত্ব করতে, এমনটাই জানালেন সিলেট কোচ, ‘যদ্দুর জানি, মুশফিক নিজ থেকেই বলেছে, অধিনায়কত্ব অন্য কাউকে দিলে ভালো হয়। এত চাপ নিতে পারছে না। উইকেট কিপিং, অধিনায়কত্ব, ব্যাটিং আবার ক্লোজ কয়েকটা ম্যাচ হার—ভারমুক্ত হয়ে খেলতে চাচ্ছিল। এ ব্যাপারে অত জানি না। কাল রাতে দলের মালিক বললেন, মিটিং আছে। শহীদ আফ্রিদি মুশফিককে বলেছিল অধিনায়কত্ব চালিয়ে যেতে। তখন মুশফিকই বলেছে আফ্রিদিকে অধিনায়কত্ব করতে।’
প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে, বিপিএলের কয়েকটি ম্যাচের চাপ মুশফিক নিতে পারছেন না। তবে টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন কীভাবে? সেটা নিশ্চয় আরও চাপের। এ ব্যাপারে অবশ্য সদুত্তর দিতে পারেননি সিলেট কোচ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মুশফিক নিজে যখন তিন ফরম্যাটে অধিনায়ক ছিলেন জাতীয় দলে, সবাই বলছিল, দলের সেরা ব্যাটসম্যানের ওপর চাপ কমাতে কোনো একটা দায়িত্বভার থেকে সরানো উচিত তাঁকে। কিন্তু তখন মুশফিকই বারবার জোর দিয়ে বলে এসেছেন, অধিনায়কত্ব, কিপিং এবং ব্যাটিং—তিনটাই তিনি সমান উপভোগ করেন।
আগের ৬ ম্যাচে মাত্র ১ জয়ের পর আজ আফ্রিদির অধিনায়কত্বে বড় জয়ই পেয়েছে সিলেট। তবে ইমরান বললেন, কাগজে-কলমে আফ্রিদি থাকলেও মাঠে ‘অধিনায়কত্ব করেছেন’ আসলে তিনজন, ‘নতুন অধিনায়ক হওয়ার পর ছোট ছোট কিছু মিটিং হয়েছে। সব খেলোয়াড় সহায়তা করেছে। মুশফিকও পুরোপুরি সহায়তা করেছে। কাল রাতে সিদ্ধান্ত ছিল, মুশফিক ও রবি বোপারা শতভাগ সহায়তা করবে আফ্রিদিকে। আজ ওভাবেই ফিল্ডিং সাজানো হয়েছে। বোলিং পরিবর্তন, স্থানীয় খেলোয়াড়দের ব্যাপারে মুশফিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। রবি অনেক দিন ধরেই এখানে খেলছে। পরিকল্পনা ছিল, তিনজনই মাঠে অধিনায়কত্ব করবে। কাগজ কলমে অধিনায়ক থাকবে আফ্রিদি।’
আলোচনা এখানেই শেষ হচ্ছে না। খেলোয়াড়দের সঙ্গে সিলেটের ফ্র্যাঞ্চাইজির টাকা-পয়সা নিয়ে সমস্যা কদিন ধরেই শোনা যাচ্ছে। সঙ্গে দলের টানা হারে চাপ তো আছেই। অবশ্য ইমরানের দাবি একের পর এক হারেও ফ্র্যাঞ্চাইজির কোনো প্রতিক্রিয়া ছিল না, ‘ফ্র্যাঞ্চাইজির কোনো প্রতিক্রিয়া ছিল না। ড্রেসিংরুমে তারা কখনো আসেনি। বলেছে, হার-জিত ব্যাপার নয়। শতভাগ চেষ্টা করতে হবে।’