মুশফিকের প্রেরণা ট্রফির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট-বিশ্ব পরিভ্রমণের পালায় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে বিশ্বকাপ ট্রফি, কাল মিরপুর স্টেডিয়ামে l প্রথম আলো
ক্রিকেট-বিশ্ব পরিভ্রমণের পালায় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে বিশ্বকাপ ট্রফি, কাল মিরপুর স্টেডিয়ামে l প্রথম আলো

এমনিতে এই ট্রফিটা তাঁর একবারই ছোঁয়ার কথা। বিশ্বকাপের আগে হয়তো সিডনি অপেরার সামনে ট্রফি হাতে পোজ দেবেন সব দেশের অধিনায়ক। তবে বিশ্বকাপের দেশে গিয়ে নয়, মুশফিকুর রহিম ছুঁয়ে দেখার সুযোগ পেলেন নিজ দেশেই।
ক্রিকেট বিশ্ব পরিভ্রমণের পালায় বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি পরশু রাতে এসেছে বাংলাদেশে। কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই ট্রফি দেখলেন, ছুঁলেন, তুলে ধরলেন। সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত অধিনায়ক, ‘এই প্রথম এত কাছ থেকে দেখলাম, ছুঁলাম। অনেক ভারী। অবশ্য ভারীই হওয়ার কথা, বিশ্বকাপের ট্রফি বলে কথা!’
শুধু কণ্ঠেই নয়, রোমাঞ্চটা চোখে পড়ছিল বাংলাদেশ অধিনায়কের চোখে-মুখেও। মাঠের লড়াইয়ে জিতে এই ট্রফি তুলে ধরতে পারলে তো রোমাঞ্চটা আরও বেশিই হওয়ার কথা! বাস্তবের সীমানায় আপাতত সেই সম্ভাবনা নেই। অতদূর স্বপ্ন দেখাতে সংকোচ মুশফিকের কণ্ঠেও, ‘আশা করি এভাবে নয়, একদিন বাংলাদেশ সত্যি সত্যিই এই ট্রফি ছুঁয়ে দেখবে। আমি সব সময়ই এই স্বপ্ন দেখতাম, এখনো দেখি। আমরা তো চেষ্টা করবই। যদি না পারি, আশা করি একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই এই ট্রফি জয় করবে। মারা যাওয়ার আগে অন্তত দেখে যেতে চাই।’
ট্রফি জয়ের স্বপ্ন পূরণ নিয়ে সংশয় থাকলেও অনুপ্রেরণা মানতে তো ক্ষতি নেই! ট্রফির ছোঁয়াতেই জেগে উঠতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপের ট্রফি ছুঁতে পারা অবশ্যই বড় অনুপ্রেরণা। সাম্প্রতিক সময় খুব ভালো কাটেনি আমাদের। আশা করি এটা সামনে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
মিরপুর স্টেডিয়াম থেকে সর্বসাধারণের দেখা ও ছবি তোলার জন্য ট্রফি রাখা হয়েছিল বসুন্ধরা সিটি শপিং মলে। শ্রীলঙ্কা থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে ট্রফি, থাকবে আজও। এরপর ১৮ আগস্ট যাবে ইংল্যান্ডে।