মুশফিকের বুদ্ধিতেই আউট হয়েছেন স্মিথ

প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। সাকিবের পাঁচ উইকেটের পাশে তিন উইকেট নিয়ে পার্শ্বনায়ক হতে পারেন মেহেদী হাসান মিরাজ। তবে অস্ট্রেলিয়াকে আসল ধাক্কা কিন্তু দিয়েছেন মিরাজই। দিনের শুরুতেই স্মিথকে ফিরিয়েছেন এই অফ স্পিনার। দিন শেষে সে সাফল্যের কৃতিত্ব অবশ্য অধিনায়ককেই দিচ্ছেন মিরাজ। মুশফিক যে স্মিথকে আউট করার বুদ্ধিটা দিয়েছেন।
গতকাল ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে ধসের শুরু। আজ স্মিথকে আউট করে নিশ্চিত করেছেন, চাপ নিয়ে দিন কাটাতে হবে অস্ট্রেলিয়াকে। প্রতিপক্ষের অধিনায়ক ও সহ-অধিনায়ককে ফেরানোর এমন কৃতিত্বে তৃপ্ত মিরাজ। তবে টেস্টের র্যাঙ্কিং সেরা ব্যাটসম্যানকে আউট করেই তৃপ্তি বেশি পাচ্ছেন। উইকেটটাও পেয়েছেন দুর্দান্ত ডেলিভারিতে। ডাউন দ্য উইকেটে নামা স্মিথকে বোকা বানিয়ে বোল্ড করে।
শট খেলার আগে স্ট্যান্স নেওয়ার সময় স্মিথ সব সময় পা নাড়াতে থাকেন। বোলাররা এতে বিভ্রান্ত হন। মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাই বলেছিল, রাউন্ড দ্য উইকেট থেকে বল করলে স্মিথ আটকে যাবে। পায়ের ব্যবহার কমে যাবে। তা হলে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ বাড়বে। ওভাবে চেষ্টা করেছি, কাজে লেগেছে।’
মিরপুরের উইকেটে অবশ্য স্পিনারদের রাজত্ব চলছে। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের উইকেটের চেয়েও বেশি স্পিন সহায়ক মনে হচ্ছে এ পিচকে। উইকেট যে স্পিন সহায়ক, সেটা মানছেন মিরাজও। তাই বলে বোলারদের কৃতিত্বকে খাটো করে দেখতে মানা করছেন তিনি, ‘বোলাররা ভালো করছে। পিচ যেমন হোক না কেন, ভালো বল না করলে উইকেট পাওয়া যায় না।’
ভালো বোলিং অবশ্য বাংলাদেশের তিন স্পিনারই করেছেন। এ কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্বাগতিক দলের কাছে। সেটাই বললেন মিরাজ, ‘অবশ্যই, এখনো পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে। কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, আগামীকাল আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারে, বড় স্কোর দিতে পারি। সে ক্ষেত্রে ওদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে।’
বড় স্কোর মানে কত? ম্যাচের এখনো যে তিন দিন বাকি! মিরাজ আশাবাদী, ‘উইকেট যেমন, আমরা যত রানই করি না কেন লড়াই করতে পারব। নির্দিষ্ট করে বলা যাবে না যে ৩০০-৪০০ করলে ম্যাচ জিতে যাব। ওরাও কিন্তু ভালো দল। আমরা যা লিড পাব, সেটা নিয়েই খেলতে হবে।’