
পুরস্কারের মঞ্চে ডাক পড়ল বিপুল শর্মার। বাঁহাতি স্পিনে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। পরে ব্যাট হাতে ২৫ বলে ৩৪। মোহামেডানকে সুপার লিগে তোলা জয়ে অলরাউন্ড ভূমিকাই ম্যাচসেরার পুরস্কার তুলে দিল ভারতীয় এই ক্রিকেটারের হাতে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল তবু ক্যামেরার লেন্স তাঁকে খুঁজল না, খুঁজল মুশফিকুর রহিমকে। কিন্তু মুশফিক যে আগের অবস্থানেই অনড়! সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। এবারের লিগে এর আগেও ফিফটি করেছেন তিনটি, সেঞ্চুরি একটি। তবু কী এক অভিমানে মুশফিক সংবাদমাধ্যমের কাছ থেকে গুটিয়ে রেখেছেন নিজেকে!
৪২ ওভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ১৮৭ রানের জবাবে প্রায় ১০ ওভার বাকি থাকতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে মোহামেডান। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলো তাদের। বিপুল শর্মা ম্যাচসেরা হলেও জয় সহজ করায় মুশফিকের অবদান অনেক। ৩৮ রানের মধ্যে দুই ওপেনারই ফিরে গেলে নাঈম ইসলাম ও মুশফিক মিলেই দলকে নিয়ে যান জয়ের দিকে। নাঈম অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি। ৫১ রান করে মাহমুদউল্লাহর বলে যখন এলবিডব্লু হলেন, মোহামেডান তখনো জয় থেকে ৭৭ রান দূরে।
বাকি আনুষ্ঠানিকতার প্রায় সবটা জুড়েই অধিনায়ক মুশফিক পেয়েছেন বিপুল শর্মার সংগত। মাহমুদউল্লাহর বলে বিপুল মিড অনে শফিউল ইসলামের ক্যাচ হওয়ার পর শেষটায় আরিফুল হকও হয়েছেন মুশফিকের সঙ্গী। প্রথম তিন ম্যাচেই দুই ফিফটি আর এক সেঞ্চুরি—এবারের লিগটা দারুণভাবে শুরু করেছিলেন মুশফিক। পরের পাঁচ ম্যাচে ২৩, ১৭, ৮, ০ ও ৪ রান করার পর মোহামেডান অধিনায়ক রানে ফিরেছেন কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ৪ জুনের ম্যাচে।
সেদিন তাঁর ৭৫ রানের ইনিংসের পরও দল হেরেছিল ৬ উইকেটে। কাল হলো তার উল্টো। দুটি দুর্দান্ত ছক্কার সঙ্গে সাত বাউন্ডারিতে ৮২ বলে অপরাজিত ৬৬ করে দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ।
আগের দিনের বৃষ্টির পর মাঠ ও উইকেট পুরোপুরি শুকায়নি বলে কাল খেলা শুরু হয় বেলা ১১টায়, ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪২ ওভারে। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আবদুল্লাহ আল মামুনকে হারিয়ে যে চাপে পড়েছিল শেখ জামাল, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। মাহবুবুল করিম, মার্শাল আইয়ুব, জাবিদ হোসেনরা ভালো শুরু করেও পারেননি বড় ইনিংস খেলতে বা বড় জুটি গড়তে। পুরো ৪২ ওভার খেলেও রানটা তাই থেকে গেল দুই শর নিচে। শেষ হয়ে গেল শেখ জামালের সুপার লিগে ওঠার সম্ভাবনাও।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪২ ওভারে ১৮৭/৮ (মাহবুবুল ২৯, জাবিদ ২৮, মার্শাল ২৭, মাহমুদউল্লাহ ২৭, নাজমুস ২৫, শফিউল ২৫*; বিপুল ৪/২৪)। মোহামেডান: ৩২.২ ওভারে ১৮৮/৪ (মুশফিক ৬৬*, নাঈম ৫১, বিপুল ৩৪; মাহমুদউল্লাহ ৩/৫২)।
ফল: মোহামেডান ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিপুল শর্মা।
আজকের খেলা
ভিক্টোরিয়া-গাজী গ্রুপ
সকাল ৯টা, ফতুল্লা
রূপগঞ্জ-ব্রাদার্স
সকাল ৯টা, বিকেএসপি