
ক্রিকেটার মুশফিকুর রহিমের অনেক ভক্ত। আবার তিনি নিজে ভক্ত অন্য খেলার দুই তারকা লিওনেল মেসি ও রজার ফেদেরারের। মেসির টানেই গত মাসে ঘুরে এসেছেন বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গিয়ে খুঁজে বেড়িয়েছেন মেসির পদচিহ্ন। গিয়েছিলেন ফেদেরারের দেশ সুইজারল্যান্ডেও। সেই গল্প বলার সময় মুশফিকের কণ্ঠে খেলা করে কিশোরসুলভ রোমাঞ্চ। তাঁর মুখে শুনলে পাঠকেরাও সেটির আঁচ পাবেন—
শুরুতেই একটা কথা বলে রাখি। যে যা-ই বলুন, আমার কাছে কিন্তু মেসি-ই সেরা। রোনালদোর কথা বলবেন তো? দুজনই অনেক বড় মাপের খেলোয়াড়। অনেকটা লারা-শচীনের মতো। কে এগিয়ে, বলা কঠিন। শচীন তাঁর জায়গায় সেরা, আর লারা তো লারাই। কিন্তু মেসি-রোনালদোর লড়াইয়ে আমি মেসিকে ১ পয়েন্ট হলেও বেশি দেব।

বাংলাদেশ ক্রিকেট দলে মেসির ভক্ত বেশি। রোনালদোর ভক্তও দু-চারজন আছে। তামিম তো তার বিরাট ভক্ত। মেসি-রোনালদো নিয়ে তামিমের সঙ্গে আমার তর্কবিতর্ক লেগেই থাকে। বার্সেলোনা যখন হারে বা মেসি কোনো গোল মিস করে, আমাকে অনেক কথা শুনতে হয়। আবার রোনালদো খারাপ খেললে আমিও কম বলি না। কারণ আমার চোখে মেসির ওপরে কেউ নেই। বার্সেলোনার মেসি।
‘বার্সেলোনার মেসি’ বললাম, কারণ আমি যেমন মেসির পাগল ভক্ত, বার্সেলোনারও অন্ধ সমর্থক। মেসির ফুটবল-জাদু আমার ভালো লাগে, তেমনি ভালো লাগে বার্সেলোনা জিতলে। ছোটবেলা থেকে আমি ফুটবল খেলতে পছন্দ করি, দেখতেও পছন্দ করি। তবে ঠিক কবে থেকে যে বার্সেলোনা আমার প্রিয় ক্লাব হয়ে উঠল মনে নেই। বার্সেলোনার খেলা দেখার জন্য আমার আলাদা প্রস্তুতি থাকে। যেখানেই থাকি, চেষ্টা করি, সবাইকে নিয়ে খেলাটা দেখতে। রাতের যে খেলাগুলো হয়, সেগুলোও বেশির ভাগই দেখা হয়। তবে যদি আমাদের খেলা না থাকে।
অন্যদের খেলা যে একেবারেই উপভোগ করি না তা নয়, তবে মেসি সব সময় আলাদা। অনেকে বলে খেলাধুলায় সবচেয়ে বড় বিষয় শারীরিক সামর্থ্য। এটা অবশ্যই বড় ব্যাপার। তবে মেসির খেলা দেখলে কখনোই এটাকে বড় কিছু মনে হয় না। যেকোনো খেলার কথাই বলেন, আমি কখনোই মনে করি না এটা কোনো সীমাবদ্ধতা। মেসি যে কত বড় ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, সেটা ওর খেলা দেখলেই বোঝা যায়। মানুষ হিসেবেও অত্যন্ত বিনয়ী। তার এই গুণটাই বেশি ভালো লাগে। আমার মেসি-ভক্ত হওয়ার এটাও অন্যতম কারণ।
আমার অনেক বন্ধু, আত্মীয় ন্যু ক্যাম্পে গেছেন। মেসির কারণেই আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। এবারের চ্যাম্পিয়নস ট্রফি ইচ্ছে পূরণটাকে সহজ করে দিল। ইংল্যান্ডে যাওয়ার আগে থেকেই পরিকল্পনা ছিল বার্সেলোনায় যাব। ইংল্যান্ড থেকে যাওয়াটা সহজও। বেলজিয়ামে আমার এক বন্ধু থাকে। বার্সেলোনা যাওয়ার সবকিছু সেই ঠিকঠাক করে দিয়েছিল।
ইউরোপ সফরে আমি আর আমার স্ত্রী ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, চেক প্রজাতন্ত্র আর বেলজিয়ামে গেছি। বার্সেলোনা যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল ন্যু ক্যাম্প দেখা। বলতে পারেন ইউরোপ সফরটাই এই উদ্দেশ্যে। সুইজারল্যান্ড যাওয়ারও বিশেষ আগ্রহ ছিল। খেলাধুলার দুই কিংবদন্তির নামের সঙ্গে যে জড়িয়ে আছে এই দুটি জায়গা! মেসির মতো আমার আরেকজন প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার। কোনো একদিন গ্যালারিতে বসে সরাসরি তাদের খেলা দেখারও ইচ্ছে আছে। সময়-সুযোগ পেলে ইনশা আল্লাহ এই ইচ্ছেটাও পূরণ করব।
মেসির খেলা কখনো মাঠে বসে দেখা হয়নি। তবে যেখানে মেসির মেসি হয়ে ওঠা, সেই বার্সেলোনা ক্লাবটা দেখতে পেরেছি, এটাও কম নয় আমার জন্য। একটা স্বপ্ন পূরণ হয়েছে। বার্সেলোনায় গিয়ে অনেক সৌভাগ্যবান মনে হয়েছে নিজেকে। কারণ ন্যু ক্যাম্প ঘুরে দেখার টিকিট আমি পেয়েছি। ওদের ওখানে প্রতিদিন এত ভিড় থাকে যে টিকিট পাওয়া বলতে গেলে অসম্ভব। অনলাইন, বুথ—দুই জায়গাই চার-পাঁচ দিনে আগে থেকে সব ‘সোল্ড আউট’ দেখায়। আমি যেদিন গেলাম, সেদিনও যথারীতি অনেক ভিড়। ওখানে এমন অনেক স্পট আছে, যেখানে ওদের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে হয়। বের হওয়ার সময় ছবিগুলো তারা আপনাকে দিয়ে দেবে। লম্বা লাইন থাকায় এ রকম কয়েকটা জায়গায় ছবি তুলতে পারিনি। নিজের মোবাইলে যা পেরেছি, তুলেছি।

টিকিট কাউন্টার থেকে ভেতরে ঢুকে ডান পাশে তাকালেই দেখা যায় মেসির গোল্ডেন বল, গোল্ডেন বুটগুলো সাজিয়ে রাখা। মেসিকে তো পাব না জানতামই, মনে মনে ইচ্ছে ছিল, ওর কোনো ছবি বা কোনো স্মারক থাকলে সেটার সঙ্গে ছবি তুলব। সে ইচ্ছে পূরণ হয়ে গেল শুরুতেই। এরপর মাঠ, যেখানে ওরা প্রেস কনফারেন্স করে, ব্রিফিংরুম, সাবেক-বর্তমান খেলোয়াড়দের ছবি, বার্সেলোনার বিভিন্ন সময় জেতা ট্রফি—ঘুরে ঘুরে সবই দেখলাম। অসাধারণ এক অভিজ্ঞতা। সবচেয়ে ভালো লেগেছে স্টেডিয়ামটা। এত বড় স্টেডিয়াম! ৯৯ হাজারের ওপর ধারণক্ষমতা। ঢুকতেই অন্য রকম একটা অনুভূতি হলো মনে। ওই দিন মাঠে কী একটা খেলা চলছিল। অত বেশি দর্শক ছিল না। তারপরও গ্যালারিতে গিয়ে কিছুটা হলেও বুঝেছি, ওখানে বসে খেলা দেখতে কেমন লাগে। ক্লাবে একটা প্রজেকশন রুম আছে, যেখানে ওদের অনেক ঐতিহাসিক জিনিস আপনি দেখতে পাবেন। বিশাল বড় একটা অডিটরিয়ামের মতো। ক্লাব, সাবেক-বর্তমান খেলোয়াড়দের ওপর অনেক ডকুমেন্টারি আছে দেখার মতো।
সংগ্রহে রাখার মতো স্যুভেনিরও পাওয়া যায় অনেক। আমি যেমন বার্সেলোনার একটা জার্সি নিয়েছি। জার্সির পেছনে আমার নামের দুই অক্ষর ‘এম’ ও ‘আর’ লিখে এনেছি। আর একটা বল এনেছি। বার্সেলোনা যে বল দিয়ে প্র্যাকটিস করে, ওটার রেপ্লিকা। তবে সবচেয়ে বড় স্মারক যেটা নিয়ে এসেছি, সেটা হলো প্রিয় ক্লাব আর প্রিয় খেলোয়াড়ের মাঠ দেখে আসার অভিজ্ঞতা। অন্য আরও অনেক কিছুর মধ্যে ভালো লেগেছে ১২০ বছর ধরে নির্মীয়মাণ একটা চার্চ। একটা চার্চ ১২০ বছর ধরে বানানো হচ্ছে, এটাই এখানে সবচেয়ে বড় আকর্ষণ।
আমার প্রথম ইউরোপ সফর ছিল এটা। সে জন্যই পরিকল্পনায় একটু ভুল হয়ে গেছে। সুইজারল্যান্ডে মাত্র দেড় দিন থাকার পরিকল্পনা করে গিয়েছিলাম। গিয়ে বুঝেছি, ওখানে আরও সময় দেওয়া দরকার ছিল। দেখার মতো জায়গাগুলো সব দূরে দূরে, বাসে যেতে ৩-৪ ঘণ্টা করে লেগে যায়। এরপর ইউরোপে গেলে আগে অবশ্যই সুইজারল্যান্ড যাব। দেশটার সৌন্দর্য তো আছেই, ফেদেরারও এর একটা কারণ।
মেসির মতো টেনিসের এই কিংবদন্তিও মানুষ হিসেবে আমার কাছে অনুসরণযোগ্য। ও যে কাজগুলো করে, যেভাবে কথা বলে, যেভাবে চলে; কখনো কাছ থেকে দেখার সুযোগ না হলেও এসব দিয়েও একটা মানুষকে বোঝা যায়। আর খেলা তো আছেই। ফেদেরার যখন উইম্বলডনে প্রথম পিট সাম্প্রাসকে হারাল, তখনই কেন জানি মনে হয়েছিল, সে অন্য ধাতুতে গড়া। লন টেনিস খেলাটা আমি নিজেও মাঝেমধ্যে খেলি, বুঝি। মজার ব্যাপার হলো, তামিমের সঙ্গে এটা নিয়েও আমার চরম ঝগড়া হয়। টেনিসে আমরা দুজনই ফেদেরারের ভক্ত হলেও নিজেদের মধ্যে একটা লড়াই আছে। তামিম আর আমি অনেকবারই টেনিস খেলেছি। ওর সঙ্গে ঝগড়ায় তো পারা যায় না, তবে টেনিস খেললে বেশির ভাগ ম্যাচে আমিই জিতি।
আমার চোখে মেসি-রোনালদোর লড়াইয়ে যেমন জেতে মেসি!