মুশফিকের সেঞ্চুরিতে সান্ত্বনার লিড

প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৪৮ রানে। সতীর্থদের আরেকটু সহায়তা পেলে হয়তো ইনিংসটাকে আরও দীর্ঘ করতে পারতেন। দ্বিতীয় ইনিংসেও প্রায় একই দশা। মাহমুদউল্লাহ বাদে কেউ উপযুক্ত সঙ্গ দিতে পারলেন না। এরই মধ্যে ৯ উইকেট শেষ! রান তখন ৯৪। সেঞ্চুরি কি তবে ফসকেই যাবে? মুশফিকুর রহিম ঝুঁকিটা নিয়েই নিলেন। কেমার রোচকে লং-অন দিয়ে মারলেন উড়িয়ে! অতঃপর তৃতীয় টেস্ট শতক পেয়েই গেলেন বাংলাদেশ অধিনায়ক।
সেন্ট ভিনসেন্ট টেস্টের পঞ্চম দিনে মুশফিকের সেঞ্চুরিতে ইনিংস পরাজয়ের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিয়ান ফিল্ডারদের পিচ্ছিল হাত গলে বেশ কবার জীবন পেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে নাসির হোসেনকে কোনো সুযোগ দেননি ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দৃষ্টিকটু শট খেলে ফিরলেন এ ডানহাতি। একজন আন্তর্জাতিক ব্যাটসম্যানের এমন কান্ডজ্ঞানহীন ব্যাটিং ক্ষমার অযোগ্য। রোচের বলে গ্যাব্রিয়েলের হাতে সহজ এক ক্যাচ দিয়ে নাসির ফিরেছেন ১৯ রান।
এরপর তাইজুল ইসলাম, শুভাগত হোম, রুবেল হোসেন—তিনজনই ফিরেছেন শূন্য হাতে। দুই রানের ব্যবধানে ফিরলেন তিন ব্যাটসম্যান। অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা মুশফিকের সেঞ্চুরি তখন চরম সংশয়ে। অবশেষে অধিনায়কের সেঞ্চুরিতেই সান্ত্বনার লিড পেয়েছে বাংলাদেশ।
সর্বশেষ, বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩০৯। ৭ রানের লিড। মুশফিক উইকেটে রয়েছেন ১১১ রানে।