মুশফিকের ২০০তম ওয়ানডেটি মনে রাখার মতো হলো না

ক্রাইস্টচার্চের আকাশের মন খারাপ আগে থেকেই। আপাতত মন খারাপ বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরও! বাংলাদেশের ব্যাটিংয়ের আস্থা যাকে মনে করা হয়, সেই মুশফিকুর রহিম ১৫ ওভারের মধ্যেই দুবার জীবন পেয়েছেন। প্রথম স্লিপে থাকা টেইলর ১৩ দশমিক ৪ ওভারে মুশফিকের সহজ ক্যাচ ছাড়ার আগে ১০ দশমিক ৩ ওভারে মিডউইকেটে উইকেটে টড অ্যাসেলও মুশফিকের ক্যাচ ছেড়েছিলেন একবার। ১৬তম ওভারের প্রথম বলে টেইলর আরও একবার ক্যাচ মিস করেন। এবার বেঁচে যান মুশফিককে সঙ্গ দেওয়া মোহাম্মদ মিঠুন।
মুশফিক–মিঠুন জুটি এর আগেও দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন। ‘আপাতত এই দুই মিডল অর্ডারের ওপরই ভর করছে বাংলাদেশের ইনিংস লম্বা করার দায়িত্ব।’ এই ভাবনায় যারা বিভোর তাঁদের হৃদয় ভাঙবে মুশফিকের আউটের খবরে। ১৮তম ওভারে মুশফিকের শেষ রক্ষা হয়নি। ফার্গুসনের বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ৩৬ বলে ২৪ রানের ছোট্ট ইনিংস খেলা মুশফিক। লাল-সবুজ জার্সি গায়ে নিজের ২০০তম ওয়ানডেটিই মনে রাখার মতো করতে পারলেন না সাবেক এই অধিনায়ক। দলের বড় ইনিংস কিংবা জয়তো দূরের বাতিঘর!

এর আগে শুরুতেই লিটন দাসকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী হয়ে নামা এই ওপেনার ফিরে যান ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের মাত্র ৫ রান। বোল্টের বলে ফার্গুসনের দুর্দান্ত এক ক্যাচের শিকার হন লিটন। লিটনের আউটের পর আবারও বৃষ্টি ঝরতে থাকলে মিনিট বিশেক খেলা বন্ধ রাখেন আম্পায়ারেরা। খেলা শুরু হওয়ার পর খানিকটা খোলসে থাকা তামিম ইকবালও ফিরে যান দলের ১৬ রানের মাথাতে। ৬ দশমিক ৫ ওভারে হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা এই ব্যাটসম্যান। ১৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে তখন আশার আলো দেখাচ্ছিল সৌম্য-মুশফিকের জুটি। কিন্তু ফের ভালো কিছুর আশা জাগিয়ে সৌম্য সরকার ফিরে যান ৪৮ রানে। সাজঘরে যাওয়ার আগে নিজে ২৩ বল খেলে করেন ২২ রান। এতক্ষণে বাংলাদেশের টপঅর্ডার ধসে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান।