মুশফিকের 'বিকল্প' শুধু মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

‘বিকল্প চাই! বিকল্প চাই! মুশফিকুর রহিমের বিকল্প চাই।’
চারদিকে যে রকম মুশফিকবিরোধী রব, গা বাঁচাতে এমন একটা বিজ্ঞাপন দিতে পারে বিসিবি। বিকল্প খেলোয়াড়কে হতে হবে বিচক্ষণ অধিনায়ক। চিতার মতো ক্ষিপ্র উইকেটকিপার। ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক। অনেকটা সেই কাঙ্ক্ষিত পাত্রীর মতো—দেখতে সুন্দরী, বুদ্ধিমতী, আচরণে ভদ্র ও উচ্চশিক্ষিত।
বিজ্ঞাপন দেখে অনেকেই খুশি হতে পারেন। যাক, এত দিনে বোধোদয় হলো বিসিবির। কিন্তু মুশফিকের বিকল্প হিসেবে ‘একের ভেতর তিন’ খুঁজতে গিয়ে পরিণতি হতে পারে বেচারা ঘটকের মতো। একই সঙ্গে সুন্দরী, ভদ্র আর উচ্চশিক্ষিত পাত্রী পাওয়া কতটা কঠিন, সেটা তিনিই ভালো জানেন।
বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের চরিত্রটা নন্দ ঘোষের। তাঁর ভালোটা ব্যর্থতার আড়ালে ঢাকা পড়ে যায়। খারাপ কিছুতে সমালোচনার তির ছোটে। যত দোষ সব মুশফিকের। তাঁর ব্যাট বাংলাদেশ দলকে নির্ভরতা দিয়েছে অজস্রবার। কতবার তিনি দলের বিপর্যয়ে কান্ডারি হয়েছেন, গুনে বলা যাবে না। সর্বশেষ উদাহরণ হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংস। ওয়েলিংটনের পর এখানেও সেঞ্চুরি।
মুশফিকের ব্যাট থেকেই এসেছে দেশের পক্ষে প্রথম দুই শ রানের ইনিংস। সতীর্থরা স্বীকৃতি দিতে কার্পণ্য করেন না যে, তিনিই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে যেকোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে খেলতে জানেন। বাউন্সারের আঘাতে হাসপাতালে গিয়েও ব্যাটিংয়ে ফেরার আকুতি তাঁর মুখেই শোনা যায়। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সেদিন মুশফিক সম্পর্কে বলছিলেন, ‘আকৃতিতে ছোট, কিন্তু হৃৎপিণ্ডটা বড়।’
মুশফিক তবু ‘নন্দ ঘোষ’ কারণ, এত ভালোর পরও তাঁর ভুলগুলোই বড় হয়ে ওঠে। তাঁর যা ভালো, তাও অনেকের চক্ষশূল। মুশফিক একটু বেশিই অনুশীলন করেন। এত দরকার কী! বাড়তি পরিশ্রমে তরুণ ক্রিকেটারদের অনীহা দেখলে আবার বলা হয়, ‘ওরা কি মুশফিককে দেখেও শেখে না?’
মুশফিকের মূল দোষ দুটি। প্রথমত, তিনি ভালো উইকেটকিপার নন। উইকেটের পেছনে প্রচুর ভুল করেন। সহজ ক্যাচ, সহজ স্টাম্পিং মিস করে বোলারদের হৃদয় ভাঙেন, নষ্ট করে দেন সুন্দর সম্ভাবনা। দ্বিতীয়ত, তিনি ভালো অধিনায়ক নন। মাঠে যখন আক্রমণাত্মক হওয়া উচিত, রক্ষণাত্মক হয়ে যান। মুশফিকের ফিল্ডিং সাজানোয় ত্রুটি থাকে। মোট কথা, মাঠে একজন অধিনায়কের সম্ভাব্য ভুলগুলোর সবই তিনি করেন।
হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে দুই রকম ভুলেরই পুনরাবৃত্তি হয়েছে। সমালোচনার তির ছুটে গেছে মুশফিকের দিকে। অসামান্য সেঞ্চুরির কৃতিত্বও হয়তো এসব সমালোচনাকে চাপা দিতে যথেষ্ট নয়। পাদটীকার মতো এখনো পিছু ধাওয়া করতে পারে অধিনায়কত্ব ও উইকেটকিপিংয়ের ভুলগুলো।
ভুলের সমালোচনা হবেই। মুশফিক সেসব সয়েই খেলে যাচ্ছেন। কিন্তু এত সমালোচনা কি শুধু তাঁর একার প্রাপ্য? প্রাপ্য হলেও কতটা? তিনি কি নিজের ইচ্ছায় টেস্ট দলের অধিনায়ক হয়ে আছেন? জোর করে পরছেন কিপিং গ্লাভস, কিপিং প্যাড?
একজন ক্রিকেটার সবকিছুতে ভালো না-ই হতে পারেন। মুশফিক ভালো ব্যাটসম্যান, তাই বলে অধিনায়ক হিসেবেও তাঁর কাছে নির্ভুল থাকার দাবি করাটা বাড়াবাড়ি। একসময় তিনি টেস্ট, ওয়ানডে দুই দলেরই অধিনায়ক ছিলেন। পরে মাশরাফি বিন মুর্তজাকে ওয়ানডের নেতৃত্ব দিয়ে মুশফিককে রাখা হয় শুধু টেস্টের দায়িত্বে। এখন বিসিবি যদি মনে করে তিনি এখানেও ভালো নন, টেস্টের নেতৃত্ব অন্য কাউকে দিতে পারে। মুশফিক নিশ্চয়ই তাতে বাধা দেবেন না।
মুশফিক প্রায়ই বলেন, দায়িত্ব যত বেশি, ক্রিকেট তাঁর কাছে তত আনন্দের। উইকেটকিপার-ব্যাটসম্যান-অধিনায়ক—তিন ভূমিকায় থাকার চ্যালেঞ্জ তিনি উপভোগ করেন। কিন্তু এসব তাঁর ইচ্ছামাত্র এবং এমন ইচ্ছা যে কারও হতে পারে। সেগুলো পূরণ হতেই হবে, তেমন কোনো কথা নেই। সে জন্যই উপভোগের কথা ভুলে মুশফিকই আবার মনে করিয়ে দেন, টিম ম্যানেজমেন্ট চাইলে অন্য কাউকে উইকেটকিপার করতে পারে। বিসিবি চাইলে অন্য কাউকে টেস্ট অধিনায়ক করতে পারে। এক ব্যাটিং দিয়েই যিনি সবার চেয়ে আলাদা, দলে থাকার জন্য তাঁর অন্তত আর কিছু আঁকড়ে থাকার দরকার নেই।
তাহলে বিসিবি কেন টেস্টের নেতৃত্ব অন্য কাউকে দিচ্ছে না? উইকেটের পেছনে আনা হচ্ছে না নতুন মুখ? মুশফিক যে কাজগুলো ভালো পারেন না বলে সর্বজনস্বীকৃত, সে দায়িত্বে থেকে কেন কথার চাবুক সয়ে যেতে হবে তাঁকে? মুশফিকের দুর্ভাগ্য, বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান, সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার হয়েও তাঁকেই খেলতে হয় সবচেয়ে বেশি চাপ নিয়ে। এই চাপ যে তাঁর ব্যাটিংয়ে এখনো নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেনি, সেটাই বড়।
মুশফিকের চোট নিউজিল্যান্ডে দুই জায়গাতেই নতুন মুখ খুঁজে আনার সুযোগ দিয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল নেতৃত্বের সামর্থ্য দেখাবেন কী, নিজের ফর্মের সঙ্গে সংগ্রাম করেই তো পারছেন না। উইকেটের পেছনে গ্লাভস হাতে দারুণ সাবলীল ছিলেন নুরুল হাসান। তবে ব্যাটিং-কিপিং মিলিয়ে মুশফিককে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় এখনো আসেননি এই তরুণ। বাংলাদেশ দলের যে সমন্বয়, তাতে শুধু কিপিং দিয়ে দলে আসা কঠিন। মুশফিকের আঙুলে চোট থাকার পরও কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই বলতে বাধ্য হন, উইকেটকিপার হিসেবে মুশফিকই প্রথম পছন্দ। মুশফিকের ‘বিকল্প’ আপাতত তাই তিনি নিজেই।
উইকেটকিপিং এবং টেস্ট অধিনায়কের জায়গায় মুশফিকের বিকল্প হয়তো প্রয়োজন। কিন্তু বোর্ড সেই বিকল্প খুঁজে না পেলে দোষটা নিশ্চয়ই মুশফিকের নয়। সমালোচনার তিরন্দাজরা তাই আরেকটু সতর্ক হলে ভালো। তাঁদের তির না আবার দেশের সেরা ব্যাটসম্যানকে এফোঁড়-ওফোঁড় করে দেয়!