মুশফিকের 'মুশফিকে' ফেরা

মুশফিকুর রহিমকে বলা হচ্ছিল ‘রান মেশিন’। রান করার ধারাবাহিকতায় কেউ কেউ তো এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও তুলনা করতে শুরু করেছিলেন। কিন্তু ক্রিকেটের বহুল প্রচলিত সেই আপ্তবাক্য ‘ল অব অ্যাভারেজে’র খাঁড়ায় পড়ে সেই মুশফিক যেন রান করতে ভুলে গেলেন! অবশেষে আজ অনেক দিন পর চোখে মায়াঞ্জন বুলিয়ে দেওয়া মুশফিকসুলভ এক ইনিংস খেললেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে আজ ৭২ রানের ইনিংস খেলে দিলেন ফিরে আসার বার্তা। প্রথমে ব্যাট করে মোহামেডান তুলেছে ৬ উইকেটে ২৮৫। জয়-পরাজয় এখনো অমীমাংসিত। তবে মুশফিকের রানে ফেরা আপাতত সবচেয়ে বড় সুখবর।
জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটাই ছিল তাঁর সর্বশেষ পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এরপর থেকেই রানের জন্য সংগ্রাম। একাধিকবার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বলেই নয়, আউট ধরনগুলোও চোখে বিঁধছিল। দুঃসময় আর আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট হয়ে যাচ্ছিল তাঁর প্রিয় শট স্লগ সুইপে বারবার আউট হচ্ছিলেন বলে। এর মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই আউটের দুঃখ ভুলতে মুশফিকেরই অনেক দিন লাগবে।
অবশেষে মুশফিকের ব্যাট যেন হাসল। প্রিমিয়ার লিগে এসে। ২১ রানে ২ উইকেট হারিয়ে একটু চাপেই পড়ে গিয়েছিল মোহামেডান। তৃতীয় উইকেটে মুশফিক-উপুল থারাঙ্গার ১৩৫ রানের জুটিতে মোহামেডান সেই চাপ কাটিয়ে ওঠে। ৬১ বলে ফিফটি করে মুশফিক শেষ পর্যন্ত ৮০ বলে ৭২ রান করেছেন এক ছক্কা আর ৯ বাউন্ডারিতে। ইনিংসজুড়েই যে রকম আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন, সেঞ্চুরিটা প্রাপ্যই মনে হচ্ছিল। তবে আসিফ হাসানকে কাট করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে।
পরের ওভারে তুষার ইমরানের বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান থারাঙ্গাও (৭০)। তবে আরিফুল হকের ৪১ ও নাজমুল হোসেন মিলনের ৭০ রানের ইনিংস দুটি বেশ ভালো সংগ্রহ এনে দিয়েছে মোহামেডানকে। ৪১ বলের ইনিংসটাতে ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন মিলন। তাঁর ব্যাটে তোলা ঝড়ের কারণেই শেষ ৫ ওভারে ৬৮ রান তুলেছে মোহামেডান।