মুশফিক-মাহমুদউল্লাহ অদ্ভুত মিল!

দুজনের নামে দারুণ মিল। দুজনের নাম শুরু ‘ম’ দিয়ে—মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ। দুজনের স্ত্রীর নামও ‘ম’ দিয়ে। এবং সম্পর্কে দুজন দুজনের ভায়রা ভাই।
২০১১ সালের জুনে মাহমুদউল্লাহ জীবনের ইনিংসে জুটি বেঁধেছেন জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে। গত বছর আগস্টে মুশফিক আনুষ্ঠানিকভাবে জুটি বেঁধেছেন মিষ্টির ছোট বোন জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে। হয়তো বলবেন, এসব মিল-টিলের সঙ্গে ক্রিকেটের কী সম্পর্ক? আছে! কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট। তাতে হুট করে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ। মুশফিকও চোটগ্রস্ত, তবে খেলবেন।
তবে কালকের টেস্ট শুরুর আগে অদ্ভুত এক মিল দেখা যাচ্ছে পরিসংখ্যানে। ভারতের বিপক্ষে টেস্টে দুজনেরই রান সমান। এমনকি দুজনেরই গড়ও সমান। দুই টেস্টে চার ইনিংসে দুজনই রান করেছেন ১৮৫। সমান রান করলে সমান গড় হবে এমন কোনো কথা নেই। কারণ রানকে ইনিংস দিয়ে ভাগ দিয়ে গড় বের করার সময় অপরাজিত ইনিংস বাদ দেওয়া হয়। মজার ব্যাপার হলো, চার ইনিংসে মুশফিক অপরাজিত ছিলেন একবার। মাহমুদউল্লাহও তাই। এ কারণে গড়টাও হয়ে গেছে সমান।
স্ট্রাইক রেটটায় গিয়ে একটু অমিল। তবে সেটাও ষাটের ঘরেই—মাহমুদউল্লাহর ৬৩.৫৭ ও মুশফিকের ৬০.৬৫। সম্ভাব্যতার সূত্রে ফেললে এমন মিল থাকার সম্ভাবনা ছিল নিতান্ত ক্ষীণ। তার ওপর দুজনের আত্মীয়তার বন্ধন। পরিসংখ্যান কখনো কখনো বড্ড রসিকও!
তবে এ সাদৃশ্য থাকবে না আগামীকাল থেকে শুরু হওয়া টেস্ট শেষে। মুশফিক খেলছেন, মাহমুদউল্লাহ খেলছেন না। মুশফিক রানের হিসাবে এগিয়েও যাবেন নিশ্চয়ই। তবে ‘বড় ভায়রা’র এতে মন খারাপের কারণ নেই। তাঁর মন খারাপ হতে পারে দলে না-থাকার জন্যই। বিশ্বকাপে দুর্দান্ত খেলে এসে পাকিস্তান সিরিজটা ভালো না গেলেও বিসিএলের শেষ পর্বে সেঞ্চুরি করে ছন্দে ফিরেছিলেন। কিন্তু ভাগ্যের ওপর তো আর কারও হাত নেই।
এই অদৃষ্টই তো কীভাবে কীভাবে যেন মিলিয়ে দিয়েছেন দুই ভায়রার ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড! ওহ ভালো কথা, ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করা যে চারটি জুটি আছে বাংলাদেশের, এরই একটি কিন্তু মুশফিক-মাহমুদউল্লাহ।