মুস্তাফিজ হাসপাতাল ছাড়বেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় মুস্তাফিজুর রহমান l সংগৃহীত
হাসপাতালের বিছানায় মুস্তাফিজুর রহমান l সংগৃহীত

লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে পরশু অস্ত্রোপচারের ঘণ্টা দুয়েক পরই বেডে নিয়ে যাওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের সফল ‘টেলিস্কোপ সার্জারি’র পর কালই হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথা যতটা কমার কথা ছিল, সেটি না কমায় কালও তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতাল ছাড়তে পারেন আজ।

স্থানীয় সময় কাল ভোর চারটার দিকে হঠাৎই বেশ ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। জরুরি বিভাগের চিকিৎসক এসে দেখে যান তাঁকে। কয়েক ঘণ্টা পর চিকিৎসক ওয়ালেস এসে মুস্তাফিজকে দেখার পর তাঁর ব্যথা কমেছে। আজ সকালে মুস্তাফিজের অবস্থা দেখেই ওয়ালেস তাঁকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেবেন। লন্ডনে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ব্যথা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ‘এটা অস্বাভাবিক কিছু নয়। সার্জিক্যাল ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। আমরা ঝুঁকি নিতে চাই না বলেই হাসপাতালে থেকে যাওয়া।’

যেহেতু কাল হাসপাতাল থেকে ছাড়া পাননি, তাই মুস্তাফিজ কবে দেশে ফিরবেন, সেটি এখনো ঠিক হয়নি। ছাড়া পাওয়ার পরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে লন্ডনে। এ সময় তাঁকে কয়েকবার দেখা করতে হবে চিকিৎসকের সঙ্গে। ওয়ালেসের চূড়ান্ত পর্যবেক্ষণ শেষে ঠিক হবে মুস্তাফিজের ফেরার তারিখ। দেবাশিস অবশ্য জানিয়েছেন, ওয়ালেস কিছু ঘরের ব্যায়াম দিয়েছেন তাঁকে, যেগুলো তিনি শুয়ে-বসে অনায়াসেই করতে পারেন।