মুস্তাফিজও সাসেক্সে যেতে উন্মুখ

আইপিএল থেকে আসার পরই তাঁর সঙ্গে লুকোচুরিই চলছিল সাংবাদিকদের! কিছুতেই কথা বলতে রাজি নন মুস্তাফিজুর রহমান। দুই দিন আগে অবশ্য কথা দিয়েছিলেন ঈদ করতে বাড়ি যাওয়ার আগে কথা বলবেন। কথা রেখেছেন মুস্তাফিজ। অবশেষে অচলায়তন ভেঙেছেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ‘দ্য ফিজ’!
কাল বিসিবি একাডেমি মাঠে মুস্তাফিজের আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এল সাসেক্স-প্রসঙ্গ। ইংল্যান্ডে কবে উড়াল দিচ্ছেন, এখনো নিশ্চিত জানা যায়নি। তবে ভিসার আবেদন করেছেন। সব ঠিক থাকলে ১৩ জুলাই সাসেক্সের হয়ে খেলতে উড়াল দিতে পারেন বাঁহাতি পেসার—বিসিবি মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস এমনটিই বলেছেন সংবাদমাধ্যমকে। সেটি হলে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের চারটি ম্যাচে খেলার সুযোগ হয়তো পাবেন ‘কাটার মাস্টার’। এর আগে সাসেক্স ইঙ্গিত দিয়েছিল, তাদের হয়ে মুস্তাফিজের অভিষেক হতে পারে ১৫ জুলাই।
কাউন্টি দলটিতে খেলা নিয়ে মুস্তাফিজ কী ভাবছেন? ইংলিশ কন্ডিশনে খেলতে যে তিনি উন্মুখ, সেটি বেশ বোঝা গেল তাঁর কথায়, ‘ওখানে গেলে ভালোই হবে। ক্রিকেটের প্রথম (জনক) তো ইংল্যান্ড। সুযোগ পেলে চেষ্টা করব সেরাটা দেওয়ার।’
ইংল্যান্ডে অবশ্য আগেও গেছেন মুস্তাফিজ, সেটি ২০১৩ সালের আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ত্রিদেশীয় যুব সিরিজ খেলতে। চোটে পড়ায় একটির বেশি ম্যাচ খেলা হয়নি সেবার। লাফবরোতে পাকিস্তানের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত পরিত্যক্ত ম্যাচটিতে বোলিং করতে পেরেছিলেন ৪ ওভার, ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
সময়ের সঙ্গে বদলেছে ছবি। সেদিনের মুস্তাফিজ আর আজকের মুস্তাফিজে যে বিস্তর পার্থক্য। এখন তাঁর বোলিং মানেই যেন দারুণ কিছু। এবারও বাঁহাতি পেসার তৈরি হচ্ছেন নিজের সেরাটা নিয়ে ইংলিশ দর্শকদের সামনে হাজির হতে। মুস্তাফিজের ‘সেরাটা’ মানে প্রতিপক্ষ বেসামাল! কিন্তু ব্যাটসম্যানদের নাকাল করতে তূণে থাকা অস্ত্রগুলো কি শাণ দেওয়া হয়েছে ঠিকভাবে?
আইপিএল থেকে ফিরেছিলেন পায়ের চোট নিয়ে। ৯ জুন থেকে শুরু হয়েছে তাঁর পুনর্বাসন-প্রক্রিয়া। শেষ হওয়ার কথা ৯ জুলাই। এরই মধ্যে নেটে পাঁচ সেশন বোলিং করেছেন। শতভাগ ছন্দ ফিরে পেয়েছেন কি না পরিষ্কার না বললেও এ নিয়ে তাঁকে বেশ ইতিবাচকই দেখাল, ‘আপনাদের দোয়ায় সবকিছু ভালো যাচ্ছে। শুরুতেই (আইপিএল থেকে আসার পর) বোলিং করতে পারিনি। এখন করছি। সবকিছু ভালো আছে।’
অভিষেকের পরই বাংলাদেশের হয়ে মুস্তাফিজ উপহার দিয়ে চলেছেন রঙিন সব মুহূর্ত। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েও বাজিমাত! এবার ইংল্যান্ড জয়ের পালা।