মুস্তাফিজকে আরও অর্জনের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা কমই বলেন তিনি। তবে মুখের স্মিত হাসিটা যেন বলছে, কথা নয়, কাজে বিশ্বাসী মুস্তাফিজ। কাল হোটেল সোনারগাঁওয়ে l ছবি: শামসুল হক
কথা কমই বলেন তিনি। তবে মুখের স্মিত হাসিটা যেন বলছে, কথা নয়, কাজে বিশ্বাসী মুস্তাফিজ। কাল হোটেল সোনারগাঁওয়ে l ছবি: শামসুল হক

মুঠোফোন বাজল অনেকবার। মুস্তাফিজুর রহমান যে সেটা ধরবেন না, এটা কিছুটা অনুমিতই ছিল। মাঠে যিনি এমন সপ্রতিভ, সেই তিনিই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হবে শুনলে যেন পালিয়ে বাঁচেন! তবু কথা বলার চেষ্টা আর কী!
পরশু স্বপ্নের মতো আরও একটা ম্যাচের পর কাল সতীর্থদের নিয়ে হোটেলে বিশ্রামেই কেটেছে দিনটা। ছুটিটা পুরোপুরি উপভোগ করতে চেয়েছেন বলেই বোধ হয় সংবাদ মাধ্যমের ফোন আরও বেশি করে এড়িয়ে গেলেন মুস্তাফিজ। সারা দিনে শুধু দুবার ফটোগ্রাফারের অনুরোধে ছবির জন্য পোজ দিতে হোটেলের লবিতে নেমেছিলেন। ছবি তোলা শেষেই আবার ফিরে গেছেন রুমে।
মাঠে তাঁর মধ্যে কোনো আড়ষ্টতা নেই। উইকেট পাওয়ার পর উদ্যাপনও খুবই প্রাণবন্ত। ড্রেসিংরুমেও নাকি হাসি-গল্পে মাতিয়ে রাখেন সতীর্থদের। শুধু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গেলেই সেই মুস্তাফিজ হয়ে যান একেবারে মুখচোরা। পরপর দুই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন। কোনো প্রশ্নের জবাবেই তিন-চারটি শব্দের বেশি ব্যবহার করেননি। অনেক প্রশ্ন তো শুধু হেসেই পার করে দিয়েছেন! ভারতীয় সাংবাদিকেরা যাতে যারপরনাই অবাক। এই লাজুক ছেলেটাই কিনা মাঠে এমন বিধ্বংসী! ভয়ংকর কাটার, দুর্বোধ্য স্লোয়ার দিয়ে দুটি ম্যাচে একাই গুঁড়িয়ে দিয়েছেন তর্কযোগ্যভাবে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ!
প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যে অল্প কয়েকটি কথা বলেছেন, সেখানেই জানিয়েছিলেন বোলিংয়ের ক্ষেত্রে তাঁর আদর্শ পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ভারতীয় এক সাংবাদিক পাল্টা প্রশ্ন ছুড়ছিলেন, ‘আমিরের ফিক্সিং কেলেঙ্কারির কথা জানার পরও?’ হেসে মুস্তাফিজ জবাব দিয়েছিলেন, ‘আমি শুধু ওর বোলিংটাই অনুসরণ করি।’
কথাটা পৌঁছেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞার শেষ প্রান্তে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা আমিরের কানেও। তিনি নিজেই এখনো তরুণ। তারপরও তরুণ এক বাংলাদেশি বোলারের আদর্শ হতে পেরে আনন্দিত ২৩ বছর বয়সী আমির। মাত্র দুই ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার দিয়েই যে মুস্তাফিজ তাঁকে মুগ্ধ করেছেন করাচিতে পাকিস্তানি সাংবাদিকদের বললেন সে কথাও, ‘আমি বলব, ওর সামনে দুর্দান্ত এক ক্যারিয়ার, কারণ ওকে খেলা খুব একটা সহজ নয়। ওর হাতে সব অস্ত্রই আছে, আর ক্রিকেটের মাথাটাও দারুণ।’
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে এরই মধ্যে ইতিহাসে ঢুকে গেছেন মুস্তাফিজ। কাল ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাঁর সামনে আরও অর্জনের হাতছানি। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার একমাত্র রেকর্ডটি সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের দখলে। ১৯৯০-এর নভেম্বরে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন ওয়াকার। মুস্তাফিজের সামনে সুযোগ ওয়াকারকে ছোঁয়ার। ছাড়িয়ে যাওয়ারও কি নয়? ওয়াকার রেকর্ডটা গড়েছিলেন ২৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে, সেখানে মুস্তাফিজের ক্যারিয়ার মাত্র শুরু।
পরপর তিন ম্যাচে ৫ উইকেট যদি কঠিন হয়, আরেকটি রেকর্ড একেবারেই মুস্তাফিজের হাতের নাগালে। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেওয়ার রেকর্ড রায়ান হ্যারিসের। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ান পেসারের রেকর্ড ভেঙে দিতে কাল মাত্র ৩টি উইকেট চাই মুস্তাফিজের।
প্রথম দুই ম্যাচেই যাঁর ৫ ও ৬ উইকেট, ৩ উইকেট তো তাঁর জন্য ‘মাত্র’ই!