মুস্তাফিজকে নিয়ে প্রতিপক্ষের কাটাছেঁড়ায় চিন্তিত নন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজের ওপর আস্থা আর নির্ভরতার হাত বাড়িয়ে রাখছেন মাশরাফি। ফা​ইল ছবি
মুস্তাফিজের ওপর আস্থা আর নির্ভরতার হাত বাড়িয়ে রাখছেন মাশরাফি। ফা​ইল ছবি

বিরাট কোহলি যেখানে শেষ করলেন, মাশরাফি বিন মুর্তজা সেখান থেকেই শুরু করলেন! দুজন এক বিন্দুতে মিলে গেলেন। ‘বিন্দু’টির নাম মুস্তাফিজুর রহমান! যেহেতু আরও একটি বাংলাদেশ-ভারত ম্যাচ, দুই দলের সংবাদ সম্মেলনেই অবধারিতভাবে এল এই বাঁহাতি পেসারের নাম।

কোহলি মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে গেছেন। এটা কি তরুণ এই পেসারের জন্য চাপও নয়? অধিনায়ক মাশরাফি আশ্বস্ত করলেন, বাইরে কীসব কথা হচ্ছে না হচ্ছে, এসব নাকি মোটেও স্পর্শ করে না মুস্তাফিজকে, ‘একটা সুবিধা হচ্ছে, মুস্তাফিজ এসব কিছুই জানে না। আর জানলেও নিশ্চিত, এগুলো নিয়ে সে চিন্তাও করে না। ওকে নিয়ে যত কথা হচ্ছে, কিছুতেই কান দেয় না। সে চাপ নেওয়ার ছেলে না। ও ছেলেটাই এমন।’
যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে এসেই দুর্দান্ত বোলিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে, স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে বিস্তর গবেষণা করছে প্রতিপক্ষ। দিন দিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে মুস্তাফিজকে। কাল থেকে শুরু এশিয়া কাপের মূল পর্বও তাই তাঁর জন্য বড় পরীক্ষা। মাশরাফি এখানেও পূর্ণ আস্থাই রাখছেন, ‘মুস্তাফিজের সব সময়ই আত্মবিশ্বাস আছে। ওর যে স্লোয়ার আছে, যেটাকে আমরা বলি কাটার, সেটা সে নানা ভাবে করতে পারে। কোনো দল বা কোনো ব্যাটসম্যানকে নিয়ে ও ভাবে না। সে ভাবে নিজের পারফরম্যান্স নিয়ে, সেটাতেই আস্থা রাখে। ওর যেটা আছে, তা নিয়ে অনেক হোমওয়ার্ক করতে পারেন। তবুও ওকে খেলা কঠিন।’
এরপরই অধিনায়ক চমকপ্রদ এক তথ্য জানালেন। মুস্তাফিজ একজন ব্যাটসম্যান নাকি ভীষণ ভয় পান! কে সেই ব্যাটসম্যান? মাশরাফির উত্তর, ‘ও শুধু আমাকেই বোলিং করতে ভয় পায়!’