মুস্তাফিজকে ভয় পাচ্ছিলেন জহুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহুরুলের ব্যাটে ভরসা পাচ্ছে রংপুর। ছবি: শামসুল হক।
জহুরুলের ব্যাটে ভরসা পাচ্ছে রংপুর। ছবি: শামসুল হক।

রংপুর রাইডার্সের জয়ের নায়ক তিনি। সাকিব আল হাসান ফিরে যাওয়ার পর দল যখন খানিকটা চাপে, জহুরুল ইসলাম তখন আবির্ভূত ত্রাণকর্তা হিসেবে। কাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে ম্যাচ শেষে জহুরুলের কণ্ঠে ছিল কেবল প্রতিপক্ষ বোলার মুস্তাফিজুর রহমানের প্রশংসাই।
ঢাকা হারলেও দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। ৩ ওভারে ১ মেডেনে মাত্র ৫ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। প্রতিপক্ষের অধিনায়ক সাকিব আল হাসানকে যেভাবে ফেরালেন, এক কথায় অসাধারণ! জহুরুল এক প্রান্ত আঁকড়ে থাকলেও বেশ ভয়েই ছিলেন মুস্তাফিজকে নিয়ে! সংবাদ সম্মেলনে হাসিমুখে অকপটেই স্বীকার করলেন রংপুর ব্যাটসম্যান, ‘মুস্তাফিজ আসলে ব্যতিক্রমী বোলার। আল্লাহর কাছে শুকরিয়া, ওর বল আমাকে মোকাবিলা করতে হয়নি। খুব ভয় পাচ্ছিলাম। গুনছিলাম কখন শেষ হবে ওর ওভারটা। অপর প্রান্তে ড্যারেন স্যামি তো এক রানও নিতে পারল না! বারবার চেষ্টা করেছিলাম ওর হাতটা দেখার। তার বল প্রিমিয়ার লিগে খেলেছি, এত কঠিন মনে হয়নি। তবে এখন সে দুর্দান্ত। নন-স্ট্রাইকিং প্রান্তে থেকেও ওর হাত বুঝতে পারিনি। ব্যাটিং করলে কী হতো জানি না! ছয়টা বলেই ওর হাতের দিকে তাকিয়েছি, একটাও বুঝতে পারেনি। ব্যাটসম্যানকে জিজ্ঞেস করেছি, স্লোয়ার নাকি নরমাল ছিল!’
জহুরুলে স্তুতিতে আফসোস বাড়তে পারে মুস্তাফিজের। দারুণ বল করেও দল জিতল না। অবশ্য দলের অন্যদের পারফরম্যান্স বলার মতো ছিল না। বাজে ফিল্ডিং, উদার হাতে অতিরিক্ত রান দেওয়ার মূল্য দিতে হয়েছে ঢাকাকে।
জহুরুল যেটা বললেন, ‘প্রিমিয়ার লিগে মুস্তাফিজের বল এত কঠিন মনে হয়নি’; বাঁহাতি পেসার বদলে গেছেন আসলে বাংলাদেশ দলে এসেই। জাতীয় দলের কথা ভাবলে অবশ্য দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে জহুরুলের। ২০১৩-এর মে মাসে জিম্বাবুয়ে সফরের পর আর খেলা হয়নি বাংলাদেশ দলে। ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টিতে আপাতত সীমাবদ্ধ জহুরুলের আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশ্য দীর্ঘদিন তাঁকে লড়তে হয়েছে চোটের সঙ্গে। অবশেষে চোট কাটিয়ে ফিরেছেন মাঠে, ‘পর পর দুই বছরে দুটো অপারেশন হয়েছে। জাতীয় লিগে দুই বছর খেলতে পারেনি। সর্বশেষ যে অপারেশনটা হয়েছিল চেন্নাইয়ে, চিকিৎসা নিয়ে খুশি ছিলাম। চোট কাটিয়ে ভালোভাবেই ফিরেছিলাম। জাতীয় লিগের শুরুতেই গোড়ালিতে চিড় ধরল। এবারও জাতীয় লিগ খেলতে পারিনি। বিপিএল শুরুর ১৫ দিন আগে গত মাসের ৬ তারিখে মাঠে নেমেছি। যেহেতু চোটাক্রান্ত ছিলাম, ভেবেছিলাম কেউ নেবে না। রংপুর নিয়েছে। তাদের ধন্যবাদ।’
দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন জহুরুল। ৪৭, ২৪, ৩৫*—তাঁর সর্বশেষ ৩ ইনিংস তা-ই বলে।