মুস্তাফিজদের শাসন করলেন আমলা

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ বলেই একটু নড়েচড়ে বসা। এই পাঞ্জাবের বিপক্ষেই তো দেখা মিলেছিল সেই বোলিং ফিগারের, ৪-১-৯-২! আজ অবশ্য তার উল্টো দিকটাই দেখতে হলো মুস্তাফিজুর রহমানকে। হাশিম আমলার দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে আজ মুস্তাফিজকে আর মুস্তাফিজ মনে হলো না। পাঞ্জাবও পেল ১৭৯ রানের বড় সংগ্রহ।
শুরুতে কিন্তু সেদিনের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় বলেই মুরালি বিজয়কে বোকা বানিয়ে ডেভিড ওয়ার্নারের ক্যাচ বানালেন। ওই ওভারে এল মাত্র ৪ রান। দ্বিতীয় স্পেলে ফিরলেন ১৫তম ওভারে। প্রথম বলেই চার খেলেন গুরকিরাত সিংয়ের কাছে। কিন্তু পরের বলগুলোতেই প্রতিশোধ নিলেন মুস্তাফিজ। চারটি বলেই রীতিমতো খাবি খেলেন ব্যাটসম্যান গুরকিরাত।
কিন্তু তৃতীয় ওভারেই দৃশ্যপটে আমলা। প্রথম বলে স্কুপ প্যাডেল করে চার, দ্বিতীয় চার মিড উইকেট দিয়ে। ওভারের সমাপ্তি টানলেন আরেকটি স্কুপ পেডেলে। ১ ওভারেই ১৪ রান দিলেন মুস্তাফিজ। শেষ ওভারটিও ভালো হলো না। ১টি চার সহ ৮ রান দিলেন। বোলিং ফিগার দাঁড়াল ৪-০-৩২-১!]
মুস্তাফিজদের হতাশা উপহার দেওয়া আমলা নিজেও অবশ্য হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। শেষ ওভারে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দুরে থাকতে আউট হয়ে গেলেন। ৫৬ বলে ৯৬ রানের ইনিংসটিতে ১৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন আমলা।